কেনাকাটা, ব্যাংক থেকে টাকা তোলাসহ দৈনন্দিন বিভিন্ন আর্থিক লেনদেনে বিদেশেও এ দেশের মানুষ এখন কার্ড ব্যবহারের প্রতি ঝুঁকছেন। বেড়ানো কিংবা চিকিৎসা অথবা ব্যবসার প্রয়োজন—যে কারণেই বিদেশ যাওয়া হোক না কেন, পকেটে করে বিদেশি মুদ্রা নিয়ে যাওয়ার চেয়ে কার্ডেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন তাঁরা।
বিদেশ যাওয়ার ক্ষেত্রে বিমান টিকিট থেকে শুরু করে হোটেলের বিল পরিশোধ—সব ধরনের আর্থিক লেনদেনে কার্ডের ব্যবহার ক্রমেই বাড়ছে। অর্থাৎ যে লেনদেন আগে মানুষ নগেদ করতেন, সেসব ক্ষেত্রে এখন কার্ডের ব্যবহার বাড়ছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, দেশের বিভিন্ন ব্যাংকের ইস্যু করা কার্ডে এখন বিদেশে প্রতি মাসে গড়ে ৪১৮ কোটি টাকার লেনদেন হচ্ছে। চলতি বছরের এপ্রিল থেকে জুলাই সময়ের লেনদেন বিশ্লেষণ করে এ তথ্য পাওয়া গেছে।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, চলতি বছরের এপ্রিলে দেশীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ডে বিদেশে ৩৫২ কোটি টাকার লেনদেন হয়েছে। মে মাসে এ লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়িয়েছে ৩৭৪ কোটি টাকায়। জুন ও জুলাইয়ে এর পরিমাণ ছিল যথাক্রমে ৪৬৩ ও ৪৮৪ কোটি টাকা।
যেসব কার্ডে এসব লেনদেন হচ্ছে তার মধ্যে রয়েছে ডেবিট, ক্রেডিট, প্রি-পেইড ও আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য ইস্যু করা কার্ড। এর মধ্যে বিদেশে সবচেয়ে বেশি লেনদেন হচ্ছে শুধু আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য ইস্যু করা কার্ডে।
দেশের বেসরকারি ব্যাংকের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তারা জানিয়েছেন, আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য যেসব কার্ড সেগুলো মূলত ইস্যু করা হয় সংরক্ষিত বৈদেশিক মুদ্রার বিপরীতে। এ ক্ষেত্রেও দুই ধরনের কার্ড রয়েছে। একটিকে বলা হয় আরএফসিডি (রেসিডেন্ট ফরেন কারেন্সি ডিপোজিট) হিসাব, আরেকটিকে বলা হয় এক্সপোর্ট রিটেনশান কোটা বা ইআরকিউ হিসাব। এ দুই হিসাবের বিপরীতে শুধু আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য দুই ধরনের কার্ড ইস্যু করা হয়।
বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী, বিদেশে বর্তমানে মাসে গড়ে যে লেনদেন হয় তার সিংহভাগই হচ্ছে আরএফসিডি ও ইআরকিউ কার্ডে। এ দুই ধরনের আন্তর্জাতিক কার্ডে প্রতি মাসে বিদেশে গড়ে ২৯০ কোটি টাকার লেনদেন হয়। যেখানে সব ধরনের কার্ড মিলিয়ে মাসিক গড় লেনদেনের পরিমাণ ৪১৮ কোটি টাকা। অর্থাৎ দেশীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ডে বিদেশে যে লেনদেন হচ্ছে তার প্রায় ৬৯ শতাংশ লেনদেনই হচ্ছে আরএফসিডি ও ইআরকিউ কার্ডে। যার সর্বোচ্চ ব্যবহার হয় পয়েন্ট অব সেল (পিওএস) মেশিনে। বিদেশে পিওএসের মাধ্যমে বিমান, ট্রেন, বাস থেকে শুরু করে হোটেল বিল পরিশোধ, কেনাকাটা, খাওয়াদাওয়াসহ সব ধরনের বিল পরিশোধ করা যায়।
বাংলাদেশ ব্যাংক বলছে, গত এপ্রিলে ৩৫২ কোটি টাকার মোট লেনদেনের মধ্যে ২৪২ কোটি টাকার বেশি লেনদেন হয়েছে আরএফসিডি ও ইআরকিউ কার্ডে। মে মাসে ৩৭৪ কোটি টাকার মধ্যে ২৬৩ কোটি টাকায় লেনদেন হয়েছে এ দুই ধরনের কার্ডে। আর জুন ও জুলাইয়ে এ ধরনের কার্ডে লেনদেনের পরিমাণ ছিল যথাক্রমে ৩২৭ ও ৩২৮ কোটি টাকা।
এর বাইরে বিদেশে কার্ডে লেনদেনের ক্ষেত্রে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবহার হয় ক্রেডিট কার্ডের। এপ্রিলে বিদেশে ক্রেডিট কার্ডে প্রায় ৯৫ কোটি টাকার লেনদেন হয়েছে। মে মাসে এ লেনদেনের পরিমাণ বেড়ে দাঁড়ায় ৯৭ কোটি টাকায়। আর জুন-জুলাই মাসে এর পরিমাণ ছিল যথাক্রমে প্রায় ১০৮ ও ১১৪ কোটি টাকা।
জানতে চাইলে বেসরকারি ইস্টার্ন ব্যাংকের বাণিজ্য বিভাগের প্রধান নাজিম এ চৌধুরী বলেন, আরএফসিডি হিসাব কার্ড এক ধরনের ডেবিট কার্ড। কার্ডধারী ওই হিসাবে যে পরিমাণ অর্থ জমা রাখবেন, বিদেশ গিয়ে তত পরিমাণ খরচ করতে পারবেন। আবার বিদেশ ঘুরে এসে নির্ধারিত সময়ের মধ্যে নির্দিষ্ট পরিমাণ অর্থ ওই কার্ড হিসাবে জমা করে দিতে পারবেন। এ ছাড়া ইআরকিউ কার্ডধারীরা তাঁদের রপ্তানি মূল্যের ১০ শতাংশ পর্যন্ত বিদেশি মুদ্রা নিজ হিসাবে সংরক্ষিত রাখতে পারেন, যা পরবর্তী সময়ে বিদেশে নিজ প্রয়োজনে খরচ করেন।
বাংলাদেশি মালিকানাধীন বেসরকারি সিটি ব্যাংকের কার্ড বিভাগের প্রধান মাজহারুল ইসলাম বলেন, দেশীয় ব্যাংকের বিভিন্ন ধরনের কার্ডে বিদেশে যে লেনদেন হয়, তার বিপরীতে ব্যাংকগুলো মাশুল পেয়ে থাকে।