মিথ্যা ঘোষণায় শুল্ক ফাঁকি সাড়ে ১৪ কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মিথ্যা ঘোষণা দিয়ে ক্যালসিয়াম কার্বনেট আমদানি করে সাড়ে ১৪ কোটি টাকা শুল্ক-কর ফাঁকি দেওয়া হয়েছে। অপেক্ষাকৃত কম দাম দেখিয়ে পাঁচ বছরে আমদানি শুল্ক, মূল্য সংযোজন করসহ (মূসক) এ রাজস্ব ফাঁকি দিয়েছে ১৫টি আমদানিকারক প্রতিষ্ঠান।
জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের এ তদন্তে এ রাজস্ব ফাঁকি ধরা পড়েছে। যেসব প্রতিষ্ঠান শুল্ক কর ফাঁকি দিয়েছে এগুলো হলো পারটেক্স প্লাস্টিকস লিমিটেড, আকিজ পলি ফাইবার ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেড, তানভীর পলিমার, বাংলাদেশ মাস্টার প্যাক লিমিটেড, পলিকন লিমিটেড, অ্যাশটেক লিমিটেড, আলট্রা প্যাক লিমিটেড, টেকনো ইকোনমি লিমিটেড, বাবু ইলেকট্রনিক, ই-টেক লিমিটেড, হোসেন এন্টারপ্রাইজ, সাদাত ট্রেডিং, আবদুল গাফফার অ্যান্ড কোম্পানি এবং গ্লোবাল ট্রেডিং করপোরেশন।
এসব প্রতিষ্ঠান ক্যালসিয়াম কার্বনেট ফিলার, সিসি ফিলার, ফিলার, পিইফিলার কম্পাউন্ড, কম্পাউন্ড ওভেন ফিলার, ফিলার কম্পাউন্ড, ফিলার মাস্টারব্যাচ, ফিলার নন স্লিপ এজেন্ট, পিপি ফিলার কম্পাউন্ড, মাস্টারব্যাচ ও ওভেন ফিলার—এই ১১ ধরনের পণ্য আমদানিতে শুল্ক-কর ফাঁকি দিয়েছে। এসব পণ্য প্লাস্টিক শিল্পের কাঁচামাল হিসেবে ব্যবহৃত হয়। বৈশিষ্ট্য কিছুটা ভিন্ন হলেও ব্যবহারের দিক থেকে প্রতিটি পণ্যই সাধারণত ভারী ও মোটা ব্যাগ, পাইপ, বৈদ্যুতিক তার, গৃহসামগ্রীর ব্যবহার্য বিভিন্ন প্লাস্টিক পণ্য প্রস্তুত করতে ব্যবহার করা হয়। এতে উৎপাদন খরচ কমে, গুণগত মানও বজায় থাকে বলে জানা গেছে।
মূলত এসব পণ্য এইচএস কোডে শুল্কায়ন হওয়ার কথা, সেই এইচএস কোডে না করে অপেক্ষাকৃত কম শুল্ক-করের এইচএস কোডে খালাস করা হয়েছে। সব মিলিয়ে এসব প্রতিষ্ঠান ১৪ কোটি ৬১ লাখ ১৫ হাজার ১৯ টাকার শুল্ক-কর ফাঁকি দিয়েছে।
শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, বন্ডের আওতায় থাকা বেশ কিছু প্রতিষ্ঠান ওই ভুল এইচএস কোডে এসব পণ্য আমদানি করেছে। শতভাগ রপ্তানিমুখী প্রতিষ্ঠান হিসেবে বন্ডের আওতায় থাকা এসব প্রতিষ্ঠানকে শুল্ক-কর দিতে হয় না। তাই বিষয়টি ওই সময়ে নজরে আসেনি। তখন অন্য নিয়মিত আমদানিকারক প্রতিষ্ঠানও একই এইচএস কোডে এসব পণ্য আমদানি করে শুল্ক কর ফাঁকি দিয়েছে।
এ বিষয়ে শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটের কমিশনার এস এম হুমায়ুন কবীর প্রথম আলোকে বলেন, আমদানিকারকদের ধারণা রয়েছে, কোনো রকমে বন্দরের চৌহদ্দি পার হলেই তাঁরা ধরাছোঁয়ার বাইরে। কিন্তু পণ্য খালাস হওয়ার পর নিরীক্ষার মাধ্যমে যেকোনো শুল্ক ফাঁকি উদ্ঘাটন সম্ভব। এসব প্রতিষ্ঠানের কাছে শুল্ক-কর আদায় করতে পারলে তা দৃষ্টান্তমূলক হবে, অন্যরা কর ফাঁকি দিতে নিরুৎসাহিত হবে।
২০১৪ সালের মে মাসে এসব প্রতিষ্ঠানের বিরুদ্ধে শুল্ক-কর ফাঁকির প্রথম অভিযোগ পায় এনবিআর। এরপর এ বিষয়টি তদন্ত করার জন্য শুল্ক মূল্যায়ন ও অভ্যন্তরীণ নিরীক্ষা কমিশনারেটকে দায়িত্ব দেয় এনবিআর। গত বছর প্রাথমিক তদন্ত প্রতিবেদনও দাখিল করে এ কমিশনারেট। এতে ৭৮ লাখ ৮০ হাজার টাকার শুল্ক-কর ফাঁকির প্রমাণ পাওয়া যায়। এরপর এনবিআর আবারও পূর্ণাঙ্গ তদন্ত করার নির্দেশ দেয়। এর পরিপ্রেক্ষিতে এসব প্রতিষ্ঠানের ২০১০ থেকে ২০১৪ সাল পর্যন্ত পাঁচ বছরের পূর্ণাঙ্গ নিরীক্ষা করতে চার সদস্যবিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। কয়েক দফা ওই প্রতিষ্ঠানের কাছে আমদানির যাবতীয় তথ্য চাওয়া হলেও অনেক প্রতিষ্ঠান দেয়নি। এরপর কাস্টমস হাউসের তথ্য-উপাত্ত ব্যবহার করে এ শুল্ক ফাঁকির পরিমাণ নির্ধারণ করা হয়। সম্প্রতি চূড়ান্ত তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে।
তদন্ত প্রতিবেদন অনুযায়ী, ওই পাঁচ বছরের দুই শতাধিক বিল অব এন্ট্রি (বিই) নিরীক্ষা হয়। সেখানে দেখা গেছে, ওই সব আমদানিকারক প্রতিষ্ঠান যে এইচএস কোড ব্যবহার করে পণ্য খালাস করেছে, সেখানে আমদানি শুল্কের পরিমাণ ৫ শতাংশ। এ ছাড়া ১২ শতাংশ মূল্য সংযোজন কর (মূসক) ও ৫ শতাংশ অগ্রিম করও রয়েছে। কিন্তু এসব পণ্য মধ্যবর্তী পণ্য হিসেবে আমদানি শুল্ক ১২ শতাংশ আরোপ হওয়ার কথা। আমদানিকারকেরা প্রকৃত এইচএস কোডে পণ্য খালাস না করে অপেক্ষাকৃত কম শুল্কের এইচএস কোড ব্যবহার করে শুল্কায়ন করেছে। এতে আনুপাতিক হারে মূসক ও অগ্রিম কর ফাঁকি দেওয়া হয়েছে।
ইতিমধ্যে তদন্ত প্রতিবেদনটি জাতীয় রাজস্ব বোর্ডে (এনবিআর) পাঠানো হয়েছে। এরপর এনবিআর থেকে ফাঁকি দেওয়া রাজস্ব আদায়ে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে শিগগিরই ঢাকা ও চট্টগ্রাম কাস্টমস হাউসকে নির্দেশ দেওয়া হবে বলে সূত্র জানায়।