মুক্ত বাণিজ্য ও বিশ্বায়নের সমালোচনায় আঙ্কটাড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।
জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)।

বিশ্বায়নের সমালোচকদের কাতারে এবার যোগ দিল জাতিসংঘের বাণিজ্য ও উন্নয়ন সংস্থা (আঙ্কটাড)। প্রতিষ্ঠানটি বলেছে, বৈশ্বিক সরবরাহ প্রক্রিয়ায় যুক্ত হয়ে উন্নয়নশীল দেশগুলো সামান্যই সুফল পেয়েছে। তাই মুক্ত বাণিজ্য ব্যবস্থায় যুক্ত হওয়ার ব্যয় এই ব্যবস্থা থেকে প্রাপ্তিকে ছাড়িয়ে যেতে পারে।
জেনেভাভিত্তিক জাতিসংঘের এই সংস্থাটি গতকাল বৃহস্পতিবার যে বার্ষিক বাণিজ্য ও উন্নয়ন প্রতিবেদন প্রকাশ করেছে, তাতে এসব কথা বলেছে। আঙ্কটাড নিজেদের বৈশ্বিক দক্ষিণ (গ্লোবাল সাউথ) অর্থাৎ উন্নয়নশীল বিশ্বের কণ্ঠস্বর হিসেবে দাবি করে থাকে। এবারের প্রতিবেদনে উন্নয়নশীল বিশ্বের প্রবৃদ্ধির জন্য ব্যাপকভাবে উদ্দীপনামূলক কর্মসূচি গ্রহণেরও আহ্বান জানানো হয়েছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার (ডব্লিউটিও) আওতায় বহুপক্ষীয় বাণিজ্য ব্যবস্থার বিষয়ে বৈশ্বিকভাবে একটি সমঝোতায় পৌঁছতে বারবার ব্যর্থ হয়েছে সদস্যদেশগুলো। তাই এখন আঞ্চলিক বাণিজ্য জোট আবার জোরদার হয়ে উঠছে। বিশেষত মার্কিন যুক্তরাষ্ট্র এবং প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের ১১ দেশের মধ্যে ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ (টিপিপি) গঠনের জোর প্রয়াস চলছে। এর উদ্দেশ্য হলো রপ্তানি প্রবৃদ্ধি বাড়ানো।
কিন্তু আঙ্কটাডের বিশ্বায়ন ও উন্নয়নবিষয়ক প্রধান রিচার্ড কোজুল রাইট বলেছেন, মুক্তবাণিজ্য বিশ্বকে প্রবৃদ্ধির ধারায় ফিরিয়ে আনবে না। এর বদলে তিনি উন্নয়নশীল দেশগুলোকে নিজেদের অর্থনৈতিক নীতিনির্ধারণে অধিক স্বাধীনতা প্রদানের আহ্বান জানান। বর্তমানে দ্বিপক্ষীয়, আঞ্চলিক এমনকি বৈশ্বিক বাণিজ্য চুক্তির আওতায় এসব দেশের ওপর নানা ধরনের বিধিনিষেধ আরোপ করা হচ্ছে।
প্রতিবেদনে আঙ্কটাডের মহাসচিব মাকহিশা কিতুউই বিভিন্ন দেশের সরকারকে তাদের আয় নীতিসমূহ প্রয়োগ করার আহ্বান জানিয়েছেন। যেমন, বৈশ্বিক চাহিদায় সমর্থন জোগাতে ন্যূনতম মজুরি বাড়ানো ও সম্প্রসারণমূলক রাজস্ব নীতি গ্রহণ। রাজস্ব নীতি সম্প্রসারণ বলতে সাধারণভাবে বেতন-ভাতাসহ সরকারি ব্যয় বাড়ানোর বিষয়টি বোঝানো হয়।
আঙ্কটাড মহাসচিব বিনিয়োগ উৎসাহিতকরণ করতে শিল্পনীতির প্রয়োগ, আর্থিক বাজার স্থিতিশীল করতে মূলধন প্রবাহে নিয়ন্ত্রণ আরোপ এবং উন্নয়নমুখী বাণিজ্য চুক্তি সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেছে।
এসব নীতির সুফল যেসব দেশ পাচ্ছে, তার উৎকৃষ্ট উদাহরণ হলো চীন। মাকহিশো এ কথা জানিয়ে আরও বলেন, ব্রাজিলও আরেকটি উদাহরণ। কেননা, দেশটি শিল্পায়নে স্থানীয়ভাবে একক খাতকে উৎসাহিত করছে। যেমন, তথ্যপ্রযুক্তি। একই সঙ্গে ন্যূনতম মজুরির বিধান ও আয় বণ্টন কর্মসূচি অনুসরণ করছে।
আঙ্কটাড মহাসচিবের মন্তব সাম্প্রতিককালে ব্রাজিলের অর্থনৈতিক নীতি নিয়ে বিশ্লেষক ও বিনিয়োগকারীদের অভিমতে বিপরীত মত হিসেবে এসেছে। বিশ্লেষক ও বিনিয়োগকারীরা ন্যূনতম মজুরির বিধান কতটা টেকসই হবে তা নিয়ে প্রশ্ন তুলেছেন এবং রাজস্ব ব্যবস্থার সংস্কারের আহ্বান জানিয়েছেন।
তবে আঙ্কটাড প্রতিবেদন বলছে, শিল্প খাত সম্প্রসারণে রাজস্ব সংস্কার অতটা কার্যকর নয়। বরং ঢালাওভাবে প্রয়োগ করা হলে হিতে বিপরীত হতে পারে।
আঙ্কাটাড বলছে, মুক্তবাণিজ্য চুক্তির মাধ্যমে বৈশ্বিক সরবরাহ প্রক্রিয়ায় (সাপ্লাই চেইন) যুক্ত হওয়ার সুফল সামান্যই মিলছে বিশেষত উন্নয়নশীল দেশগুলোর ক্ষেত্রে। যেমন, চীন এখন বৈশ্বিকভাবে ইলেকট্রনিক পণ্যের সরবরাহের বিরাট অংশজুড়ে রয়েছে। এই বৈশ্বিক বাণিজ্যের এক-তৃতীয়াংশ চীনের দখলে। অথচ আঙ্কটাডের হিসাব অনুসারে, এই বাণিজ্যের বৈশ্বিক মুনাফার মাত্র ৩ শতাংশ চীন পেয়ে থাকে।
কোজুল রাইট বলেন, বহুজাতিক কোম্পানিগুলো কিছু খাতে বৈশ্বিক সরবরাহ প্রক্রিয়ার সুফল নিতে পারছে। এসব খাতের মধ্যে আছে প্রাথমিক ইলেকট্রনিকস, বস্ত্র ও তৈরি পোশাক এবং মোটরগাড়ি। সূত্র: ফাইনান্সিয়াল টাইমস।