বাংলাদেশকে মুক্তবাজার অর্থনীতির স্বর্গ হিসেবে অভিহিত করেছে প্রভাবশালী মার্কিন সাময়িকী ফোর্বস। গত মঙ্গলবার ফোর্বস প্রকাশিত এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
আরেক মার্কিন গবেষণাপ্রতিষ্ঠান পিউ রিসার্চ সেন্টারের গবেষণার উদ্ধৃতি দিয়ে প্রকাশিত এ প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের অধিকাংশ মানুষ মুক্তবাজার অর্থনীতির সমর্থক। মুক্তবাজারভিত্তিক পুঁজিবাদীব্যবস্থার প্রতিও অকুণ্ঠ সমর্থন ব্যক্ত করেছেন বাংলাদেশের মানুষ। সব মিলিয়ে মুক্তবাজারকেন্দ্রিক ব্যবসাসহায়ক শ্রেষ্ঠ দেশের তালিকায় বাংলাদেশ দ্বিতীয় অবস্থানে আছে। বাংলাদেশের আগে এ তালিকায় রয়েছে শুধু ভিয়েতনাম।
মুক্তবাজার অর্থনীতির সুবিধা-অসুবিধা নিয়ে পিউ রিসার্চের করা জরিপে ৮০ শতাংশ বাংলাদেশি এ ধরনের অর্থনৈতিক ব্যবস্থাকে ভালো বলে উল্লেখ করেছেন। পুঁজিবাদ ও মুক্তবাজার অর্থনীতির প্রতি সমর্থনের দিক থেকে দক্ষিণ এশিয়ার প্রতিবেশী দেশ ভারত ও পাকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। শীর্ষস্থানে থাকা ভিয়েতনামের ৯৫ শতাংশ মানুষ মুক্তবাজারব্যবস্থার প্রতি সমর্থন ব্যক্ত করেছেন। এ তালিকার বাংলাদেশের পরবর্তী তিনটি অবস্থানে আছে যথাক্রমে দক্ষিণ কোরিয়া, চীন ও ঘানা।
দক্ষিণ এশিয়ার আর কোনো দেশই এ ক্ষেত্রে বাংলাদেশের ধারেকাছে নেই। বাংলাদেশিরা মনে করেন, মুক্তবাজার অর্থনীতির ফলে বিদেশি বিনিয়োগ বাড়ে। এতে করে ব্যবসা-বাণিজ্য ভালো হয়, নতুন কর্মসংস্থান তৈরি হয় এবং সর্বোপরি তা উচ্চ পারিশ্রমিকের সুযোগ সৃষ্টি করে। মুক্তবাজার অর্থনীতির প্রতি ভারতীয়দের আস্থা বেশি থাকার কথা মনে হলেও বাস্তবে তারা বাংলাদেশের অনেক পেছনে আছে। ৭২ শতাংশ ভারতীয় মুক্তবাজার সমর্থক আর পাকিস্তানের ক্ষেত্রে তা আরও কম, ৬২ শতাংশ।
মুক্তবাজার বাণিজ্য একটি দেশের জন্য কল্যাণ বয়ে আনে কি না, সে ব্যাপারেও বাংলাদেশি নাগরিকেরা ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন। বাংলাদেশের ৯১ শতাংশ মানুষই মনে করেন, মুক্তবাণিজ্য বাড়লে তা দেশের জন্য কল্যাণকর। ভারত ও পাকিস্তানের যথাক্রমে ৭৬ ও ৭০ শতাংশ নাগরিক মুক্তবাণিজ্য বৃদ্ধিকে কল্যাণকর মনে করেন।
নতুন কর্মসংস্থান তৈরিতে মুক্তবাণিজ্য কতটা কার্যকর ভূমিকা রাখে?—এমন প্রশ্নের জবাবে ৭৮ ভাগ বাংলাদেশি ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন। অন্যদিকে ভারতের ৫১ শতাংশ নাগরিকই মুক্তবাণিজ্য বৃদ্ধি নতুন কর্মসংস্থান বাড়ায় বলে মতামত ব্যক্ত করেছেন। পাকিস্তানের ৫২ শতাংশ নাগরিক এ ক্ষেত্রে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেছেন।
মুক্তবাণিজ্য পারিশ্রমিক বাড়াতে কতটুকু সহায়ক ভূমিকা পালন করে—এমন প্রশ্নের জবাবে ৭৮ শতাংশ বাংলাদেশি ইতিবাচক মতামত ব্যক্ত করেছেন। উন্নত জীবনের জন্য নিজের দেশে অবস্থান করাই বেশি ভালো কি না?–এমন প্রশ্নের জবাবের বাংলাদেশের ৭১ শতাংশ মানুষ দেশে থাকাকে ইতিবাচক সায় দিয়েছেন।
প্রসঙ্গত, ১২ অক্টোবর পিউ রিসার্চের ‘বিশ্ব মনোভাব জরিপ’বিষয়ক গবেষণার ওপর প্রথম আলোতে ‘ভালো থাকার সুযোগ বেশি দেশে, বিদেশে নয়’ শীর্ষক একটি প্রতিবেদন প্রকাশিত হয়। তাতে জীবনমানের দিকগুলোর বিস্তারিত উল্লেখ রয়েছে।
ফোর্বস-এর প্রতিবেদনের শেষে বলা হয়েছে, মুক্তবাজারব্যবস্থার প্রতি বাংলাদেশের নাগরিকদের এ অবস্থান যুক্তিযুক্ত। কারণ, মুক্তবাণিজ্যের সুযোগ নিয়ে গত দুই দশকে বাংলাদেশ তৈরি পোশাক খাতে ব্যাপক উন্নতি করেছে। তৈরি পোশাক রপ্তানিতে চীনের পরই বাংলাদেশের অবস্থান। শ্রমিক অসন্তোষ, উন্নত কর্মপরিবেশের অভাব সত্ত্বেও এ খাতে ৪০ লাখ লোকের কর্মসংস্থান হয়েছে। বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান সৃষ্টিতে মুক্তবাণিজ্যের ভূমিকার কারণেই বাংলাদেশের মানুষ পুঁজিবাদী অর্থব্যবস্থার প্রতি তাঁদের সমর্থন ব্যক্ত করেছেন। এটিকে বিশ্বায়ন প্রক্রিয়ার একটি ইতিবাচক দিক হিসেবে চিহ্নিত করা হয়েছে ফোর্বস-এর প্রতিবেদনে।