মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ বেড়েছে
আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে সিম নিবন্ধনের প্রক্রিয়ার কারণে বছরজুড়ে কমলেও সেপ্টেম্বর মাসে মুঠোফোনের সংযোগের সংখ্যা ১৩ লাখ বেড়েছে। একই সময়ে ইন্টারনেটের সংযোগ-সংখ্যা বেড়েছে ৪৬ লাখ। মুঠোফোন ও ইন্টারনেট সংযোগ নিয়ে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান থেকে এ তথ্য পাওয়া গেছে।
বিটিআরসির পরিসংখ্যান অনুযায়ী, গত সেপ্টেম্বরে গ্রামীণফোনের সংযোগ-সংখ্যা আগস্টের চেয়ে ৫ লাখ বেড়ে হয়েছে সাড়ে ৫ কোটি। একই সময়ে বাংলালিংকের সংযোগ-সংখ্যাও ৫ লাখ বেড়ে ২ কোটি ৯৪ লাখ হয়েছে। এয়ারটেলের সঙ্গে একীভূত হওয়া রবির সংযোগ-সংখ্যা সেপ্টেম্বরে ৬ লাখ বেড়ে দাঁড়িয়েছে ২ কোটি ৩৮ লাখে। তবে এয়ারটেলের সংযোগ-সংখ্যা এ সময়ে ২ লাখ কমে ৭৭ লাখ হয়েছে। সেপ্টেম্বরে এয়ারটেল ও রবির সংযোগ-সংখ্যা আলাদাভাবে গণনায় ধরা হয়েছে।
এদিকে গত আগস্টে ১৫ লাখ সংযোগ হারানো সরকারি অপারেটর টেলিটকের সংযোগ-সংখ্যা সেপ্টেম্বরে ৬৪ হাজার বেড়ে ২৯ লাখ ৮৯ হাজার হয়েছে। আগস্টে অপারেটরটির সংযোগ-সংখ্যা ৪৪ লাখ থেকে কমে ২৯ লাখ ২৫ হাজারে নেমে আসে। সেপ্টেম্বরে ১৮ দিনের জন্য বন্ধ থাকা দেশের প্রথম মুঠোফোন অপারেটর সিটিসেলের সংযোগ-সংখ্যার কোনো তথ্য বিটিআরসি প্রকাশ করেনি। আগস্ট পর্যন্ত সিটিসেলের সংযোগ-সংখ্যা ছিল ৬ লাখ ৬৮ হাজার। বিটিআরসি সূত্রে জানা গেছে, বন্ধ থাকার সময় চলে যাওয়া গ্রাহকেরা সিটিসেলে আর ফিরে আসেননি।
ইন্টারনেট সংযোগ: সেপ্টেম্বরে দেশে ইন্টারনেটের সংযোগের সংখ্যা ৬ কোটি ২২ লাখ থেকে বেড়ে ৬ কোটি ৬৮ লাখ হয়েছে। এ প্রবৃদ্ধির প্রায় পুরোটাই এসেছে মুঠোফোনভিত্তিক ইন্টারনেট সংযোগের মাধ্যমে। এ সময়ে মুঠোফোনে ইন্টারনেট সংযোগ ৫ কোটি ৮৩ লাখ থেকে বেড়ে ৬ কোটি ২৯ লাখ হয়েছে। সেপ্টেম্বরে আইএসপি ও পিএসটিএন ইন্টারনেটের সংযোগ বেড়েছে মাত্র ২৫ হাজার।