মুঠোফোন সংযোগ ২৪ লাখ কমেছে
দেশে চালু থাকা মুঠোফোন সিম বা সংযোগের সংখ্যা চলতি বছরের জুলাইয়ে ২৪ লাখ কমে গেছে। জুলাই পর্যন্ত সক্রিয় মুঠোফোন সংযোগের সংখ্যা দাঁড়িয়েছে ১২ কোটি ৮৯ লাখ, গত জুনে যা ছিল ১৩ কোটি ১৩ লাখ। বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যানে সক্রিয় মুঠোফোন সংযোগের এ চিত্র পাওয়া গেছে।
আঙুলের ছাপ (বায়োমেট্রিক) পদ্ধতিতে গত ৩১ মে সিম পুনর্নিবন্ধন প্রক্রিয়া শেষ হওয়ার পর ডাক ও টেলিযোগাযোগ বিভাগ থেকে জানানো হয়, এ প্রক্রিয়ায় ছয় অপারেটরের মোট ১১ কোটি ৬০ লাখ সিম নিবন্ধিত হয়েছে। এরপর গত কয়েক মাসে সে সংখ্যা বাড়লেও বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধিত সিম সংখ্যা ১২ কোটি ছাড়ায়নি। বায়োমেট্রিক পদ্ধতিতে নিবন্ধন না হওয়া সিমগুলো বন্ধ করে দেওয়ার কথাও জানানো হয়। সে অনুযায়ী, দেশে এখন সক্রিয় মুঠোফোন সংযোগের সংখ্যা ১২ কোটির বেশি নয়।
বিটিআরসির সর্বশেষ প্রকাশিত পরিসংখ্যান অনুযায়ী, জুলাইয়ে গ্রামীণফোনের সক্রিয় সংযোগ সংখ্যা ৫ কোটি ৬৯ লাখ থেকে ৬ লাখ কমে ৫ কোটি ৬৩ লাখ হয়েছে। একই সময়ে বাংলালিংকের সংযোগ সংখ্যা ৩ কোটি ১৯ লাখ থেকে কমে ৩ কোটি ১৩ লাখ, রবি আজিয়াটার সংযাগ ২ কোটি ৭৪ লাখ থেকে কমে ২ কোটি ৬৮ লাখ হয়েছে। এ ছাড়া এয়ারটেলের সংযোগ সংখ্যা ৫ লাখ কমে ৯৩ লাখ ও সিটিসেলের সংযোগ সংখ্যা ৭ লাখ ২ হাজার থেকে কমে ৬ লাখ ৬৮ হাজার হয়েছে। সরকারি অপারেটর টেলিটকের সংযোগ সংখ্যা ৪৪ লাখ ৯০ হাজার থেকে ৪৪ লাখ ৩৭ হাজার হয়েছে।
৪৭৭ কোটি টাকার বকেয়া পরিশোধ করতে না পারায় সিটিসেলের গ্রাহকদের বিকল্প সেবা নেওয়ার জন্য গত ৩১ জলাই ২৩ দিনের সময় বেঁধে দেয় বিটিআরসি। আদালত গত সোমবার সিটিসেলকে দুই কিস্তিতে আগামী দুই মাসের মধ্যে এ বকেয়া পরিশোধ করার সময় দিয়েছেন। এ সময়ের মধ্যে বকেয়া শোধ করতে না পারলে সিটিসেলের কার্যক্রম বন্ধ করে দিতে পারবে বিটিআরসি।
এদিকে, জুলাইয়ে সক্রিয় ইন্টারনেট সংযোগের সংখ্যা ৬ কোটি ৩২ লাখ থেকে বৃদ্ধি পেয়ে ৬ কোটি ৩৯ লাখ হয়েছে। সক্রিয় ইন্টারনেট ব্যবহারকারী নির্ধারণে বিটিআরসির নিয়ম হলো—৯০ দিন বা তিন মাস সময়ের মধ্যে একজন ব্যক্তি একবার ব্যবহার করলেই তিনি ইন্টারনেট ব্যবহারকারী হিসেবে চিহ্নিত হবেন।