
মুঠোফোনভিত্তিক আর্থিক সেবার (এমএফএস) বাজারে বিকাশের অবস্থান গত তিন বছরে আরও শক্তিশালী হয়েছে। বাংলাদেশের যত মানুষ মুঠোফোনে টাকা আদান-প্রদান করেন, তাঁদের সিংহভাগ বিকাশের গ্রাহক। বাংলাদেশের এমএফএস-সেবার বাজার ও আর্থিক অন্তর্ভুক্তি নিয়ে যুক্তরাষ্ট্রভিত্তিক গবেষণাপ্রতিষ্ঠান ইনসাইটের করা এক গবেষণা প্রতিবেদনে এমন তথ্য উঠে এসেছে।
গবেষণায় বলা হয়েছে, দেশে এখন যত সক্রিয় এমএফএস হিসাব আছে, তার ৯১ শতাংশই বিকাশের দখলে রয়েছে। দ্বিতীয় অবস্থানে থাকা ডাচ্-বাংলা ব্যাংকের মালিকানাধীন রকেট মোবাইলের দখলে আছে ১৭ শতাংশ। বিকাশ ও রকেটের অনেক গ্রাহক দুটি প্রতিষ্ঠানের সেবা নেওয়ায় শতাংশের হিসাবে এই চিত্র পাওয়া গেছে বলে গবেষণায় উল্লেখ করা হয়েছে। এ দুটি প্রতিষ্ঠান বাদে বাকি ১৬টি ব্যাংকের কোনোটিরই ১ শতাংশ বাজার দখল নেই।
এই গবেষণায় অর্থায়ন করেছে বিল গেটসের মালিকানাধীন বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশন। এমএফএস-সেবা ব্যবহারকারী ৬ হাজার মানুষের মতামতের ভিত্তিতে গবেষণার ফলাফল তৈরি করা হয়েছে। গবেষণায় মতামত দেওয়া ৭৭ শতাংশ লোকের দৈনিক আয় আড়াই ডলারের কম, অর্থাৎ দারিদ্র্যসীমার নিচে তাঁদের অবস্থান। আর ২৩ শতাংশ মানুষের আয় আড়াই ডলার বা তার বেশি। ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত প্রাপ্ত তথ্য-উপাত্ত গবেষণায় ব্যবহার করা হয়েছে।
বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, ২০১৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত দেশে সক্রিয় মুঠোফোনভিত্তিক আর্থিক হিসাবের সংখ্যা ছিল ১ কোটি ১৭ লাখ। গবেষণার ফলাফল অনুযায়ী এর ৯১ শতাংশ বা ১ কোটি ৬ লাখ সক্রিয় হিসাব বিকাশের। চলতি বছরের অক্টোবর পর্যন্ত দেশে সক্রিয় এমএফএস হিসাবের সংখ্যা দাঁড়িয়েছে ১ কোটি ৩৮ লাখ। অর্থাৎ এক বছরে সক্রিয় হিসাব বেড়েছে ২১ লাখের বেশি।
সক্রিয় হিসাব বৃদ্ধির সঙ্গে আর্থিক অন্তর্ভুক্তি বৃদ্ধির বিষয়টিও গবেষণায় উঠে এসেছে। এ বিষয়ে বলা হয়েছে, ২০১৪ সালে বাংলাদেশে আর্থিক অন্তর্ভুক্তির হার ছিল ৩৭ শতাংশ। ২০১৫ সালে তা ৬ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৩ শতাংশ হয়েছে। আর্থিক অন্তর্ভুক্তিতে থাকা ৪৩ শতাংশ জনগোষ্ঠীর মধ্যে ১৯ শতাংশ প্রথাগত ব্যাংকিং মাধ্যমের সঙ্গে যুক্ত রয়েছে। বাকি ২৪ শতাংশ মানুষ ব্যাংক-বহির্ভূত মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তিতে রয়েছেন। এঁদের মধ্যে ৯ শতাংশ এমএফএসের মাধ্যমে আর্থিক অন্তর্ভুক্তি লাভ করেছেন।
সক্রিয় হিসাব ও বাজার হিস্যার ভিত্তিতে শীর্ষস্থানে থাকা বিকাশ ও রকেট মোবাইলের তুলনামূলক কিছু পরিসংখ্যান প্রতিবেদনে তুলে ধরা হয়েছে। এতে দেখা যায়, বিকাশের ২৮ শতাংশ গ্রাহকের নিজস্ব হিসাব আছে। রকেট মোবাইলের ক্ষেত্রে এই হার ৪০ শতাংশ। বিকাশের গ্রাহকদের ৭০ শতাংশ এজেন্টের মাধ্যমে আর্থিক লেনদেন করেন। আর রকেটের ৪৮ শতাংশ গ্রাহক লেনদেনের ক্ষেত্রে এজেন্টের সহায়তা নেন। অর্থাৎ, বিকাশের গ্রাহকদের নিজস্ব হিসাব ছাড়া এজেন্টের মাধ্যমে লেনদেন করার প্রবণতা বেশি।
তবে এজেন্ট বা ওভার দ্য কাউন্টার (ওটিসি) মাধ্যম ব্যবহারের পর নিজস্ব হিসাব খোলার ক্ষেত্রে বিকাশ ও রকেটের অবস্থান প্রায় কাছাকাছি। ২০১৫ সালে ৫০ শতাংশ বিকাশ গ্রাহক ওটিসি মাধ্যমে লেনদেন করার পর নিজের হিসাব খুলেছেন। আর ৪৯ শতাংশ বিকাশ গ্রাহক সেবা নেওয়ার আগেই নিজের নামে হিসাব খুলেছেন। অন্যদিকে রকেটের ৫৮ শতাংশ গ্রাহক ওটিসি ব্যবহার করার পর হিসাব খুলেছেন। আগেই হিসাব খুলে পরে ব্যবহারের সেবা নিয়েছেন ৩৯ শতাংশ রকেট গ্রাহক। রকেটের ৩ শতাংশ গ্রাহক হিসাব খুলে কখনোই এটি ব্যবহার করেননি। বিকাশের ক্ষেত্রে এই হার দশমিক ৫ শতাংশ।
জানতে চাইলে ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আবুল কাশেম মো. শিরিন বলেন, ‘রকেটের বাজার ক্রমান্বয়ে বাড়ছে। আমরা ওটিসিভিত্তিক লেনদেন সম্পূর্ণ বন্ধে সফটওয়্যার ও কৃত্রিম বুদ্ধিমত্তার মতো (আর্টিফিশিয়াল ইনটেলিজেন্ট) প্রযুক্তি ব্যবহার করছি।’
প্রতিবেদন অনুযায়ী, ২০১৫ সালে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেনের ৮২ শতাংশ সম্পন্ন হয়েছে শুধু বিকাশের মাধ্যমে। বিকাশ ছাড়া রকেট বা অন্য প্রতিষ্ঠানের হিসাবের মাধ্যমে অর্থ লেনদেন হয়েছে ১৮ শতাংশ। এই ১৮ শতাংশ ব্যবহারকারীর মধ্যে আবার বিকাশ হিসাব আছে ৯ শতাংশ গ্রাহকের।
এমএফএস-সেবার ৯৬ শতাংশ এখনো টাকা তোলা ও পাঠানোর মধ্যে সীমাবদ্ধ বলে গবেষণায় বলা হয়েছে। এর মধ্যে ৭৮ শতাংশ লেনদেন টাকা পাঠানো (ক্যাশ ইন) ও টাকা উত্তোলনের (ক্যাশ আউট)। বাকি ১৮ শতাংশ লেনদেন হয় এক ব্যক্তি থেকে আরেক ব্যক্তির (পিটুপি) কাছে টাকা পাঠানোর ক্ষেত্রে।
জানতে চাইলে বিকাশের মুখপাত্র জাহেদুল ইসলাম প্রথম আলোকে বলেন, ‘গ্রাহকেরা যাতে নিজেদের হিসাব ব্যবহার করে লেনদেন করেন, সে জন্য নানাভাবে প্রচারণা চালানো হচ্ছে। টাকা তোলা বা পাঠানোর বাইরে আরও অনেক ধরনের সুবিধাও যোগ করা হচ্ছে। এর ফলে গ্রাহকদের নিজেদের হিসাব ব্যবহার করার প্রবণতা আগের চেয়ে বেড়েছে।’
গবেষণায় বলা হয়েছে, মুঠোফোন ব্যবহারকারীদের আর্থিক অন্তর্ভুক্তির হার তুলনামূলকভাবে বেশি। আর্থিক অন্তর্ভুক্তিতে থাকা ৬৪ শতাংশ মানুষের নিজের মুঠোফোন আছে। অর্থাৎ, একজন লোকের নিজস্ব মুঠোফোন থাকলে তাঁর আর্থিক অন্তর্ভুক্তির সম্ভাবনা বেশি হয়। আর্থিক অন্তর্ভুক্তিতে থাকা ৩২ শতাংশ লোক মুঠোফোন ব্যবহার করেন অন্যের কাছ থেকে ধার করে, আর ৪ শতাংশ লোকের মুঠোফোন নেই।
প্রতিবেদনে বলা হয়েছে, শহুরে ও দারিদ্র্যসীমার ওপরে থাকা পুরুষেরা এমএফএস-সেবা বেশি ব্যবহার করছেন। ২০১৫ সালে আর্থিক অন্তর্ভুক্তির প্রবৃদ্ধিতে দারিদ্র্যসীমার ওপরে থাকা জনগোষ্ঠী ও পুরুষদের প্রবৃদ্ধি হয়েছে সবচেয়ে বেশি। নারী ও দারিদ্র্যসীমার নিচে থাকা জনগোষ্ঠীর আর্থিক অন্তর্ভুক্তির হার সে তুলনায় অনেকটাই কম ছিল। আর সামগ্রিকভাবে আর্থিক অন্তর্ভুক্তির প্রবৃদ্ধিতে নারীদের তুলনায় পুরুষেরা এগিয়ে আছেন। এমএফএস-সেবা ব্যবহার করে ২০১৫ সালে পুরুষদের আর্থিক অন্তর্ভুক্তি বেড়েছে ১০ শতাংশ, নারীদের ক্ষেত্রে এই হার ৪ শতাংশ। তবে এই সময়ে নারীদের সার্বিক আর্থিক অন্তর্ভুক্তির হার ৩৫ শতাংশ থেকে বৃদ্ধি পেয়ে ৩৮ শতাংশ হয়েছে।
২০১৪ সাল পর্যন্ত আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে বেশি জনপ্রিয় ছিল ব্যাংক-বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই)। তবে ২০১৫ সালে মুঠোফোনভিত্তিক আর্থিক লেনদেন বা মোবাইল মানি সে জায়গা দখল করে নিয়েছে বলে গবেষণায় বলা হয়েছে। আর্থিক লেনদেনের মাধ্যম হিসেবে মোবাইল মানি ব্যবহার করেন ৩৩ শতাংশ লোক আর এনবিএফআই ব্যবহার করেন ২৯ শতাংশ। তবে নারী, অশিক্ষিত ও গ্রাম অঞ্চলে বসবাসকারীদের কাছে এখনো এনবিএফআই বেশি জনপ্রিয়। আর ব্যাংকের মাধ্যমে আর্থিক লেনদেন গত কয়েক বছরের মতো ২০ শতাংশে স্থির আছে।
গবেষণার তথ্য সংগ্রহে গ্রাম অঞ্চলের ৬৮ শতাংশ আর নগর অঞ্চলের ৩২ শতাংশ লোকের মতামত নেওয়া হয়েছে। উত্তরদাতাদের মধ্যে ১৫ থেকে ২৪ বছর বয়সী ৩০ শতাংশ, ২৫ থেকে ৩৪ বছর বয়সী ২৬ শতাংশ, ৩৫ থেকে ৪৪ বছর বয়সী ১৯ শতাংশ, ৪৫ থেকে ৫৪ বছর বয়সী ১১ শতাংশ আর ৫৫ বছরের ঊর্ধ্বে ছিলেন ১৩ শতাংশ লোক। উত্তরদাতাদের ৫১ শতাংশ পুরুষ ও ৪৯ শতাংশ নারী ছিলেন।