মুঠোফোনে থ্রিজি চমক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সদ্য সমাপ্ত ২০১৪ সালে দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি একটি অনুকূল পরিবেশের মধ্য দিয়ে গেলেও যথেষ্ট বেগবান হতে পারেনি। শেয়ারবাজার চলেছে শ্লথ গতিতে ও নানা অনিয়মের মধ্য দিয়ে। অন্যদিকে মূল্যস্ফীতি সহনীয় থাকায় নিত্যপণ্যের বাজার নিয়ে তেমন ভোগান্তি পোহাতে হয়নি সাধারণ মানুষকে। বরং বছরজুড়েই মোটামুটি একটা স্বস্তিদায়ক সময় পার করেছেন তাঁরা। টেলিযোগাযোগ খাতে তৃতীয় প্রজন্মের প্রযুক্তির সুফল মিলেছে, বেড়েছে স্মার্টফোনের ব্যবহার। এ বিষয়গুলো নিয়ে আজকের এই আয়োজন

মুঠোফোনে থ্রিজি চমক
মুঠোফোনে থ্রিজি চমক

তৃতীয় প্রজন্মের (থ্রিজি) নেটওয়ার্ক সম্প্রসারণের বছর ছিল ২০১৪। মুঠোফোন ইন্টারনেট গ্রাহক বিদায়ী বছরে উল্লেখযোগ্য পরিমাণে বেড়েছে। তবে ভয়েস কল বা কথা বলা থেকে আয় অন্যান্য বছরের তুলনায় কম ছিল। সব মিলিয়ে ইতিবাচক প্রবৃদ্ধির ধারা ধরে রেখেছে দেশের টেলিযোগাযোগ খাত।
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) হালনাগাদ তথ্য অনুযায়ী, ২০১৪ সালে দেশে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছে ৭২ লাখ। ২০১৩ সালে ও ২০১২ সালে ইন্টারনেট ব্যবহারকারী বেড়েছিল যথাক্রমে ৫৩ লাখ ও ২৬ লাখ। ২০১৩ সালের তুলনায় বিদায়ী বছরে ইন্টারনেট গ্রাহক প্রবৃদ্ধি হয়েছে ৩৫ দশমিক ৮৫ শতাংশ।
মুঠোফোন ইন্টারনেট ব্যবহারকারী বাড়লেও ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা কমেছে ২০১৪ সালে। আলোচ্য বছরের জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত ওয়াইম্যাক্স ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা ৩ লাখ ১৫ হাজার থেকে কমে ২ লাখ ৪৯ হাজারে এসে ঠেকেছে। তবে মুঠোফোনে ব্যাংক হিসাব সংখ্যা আলোচ্য বছরে এক কোটি ছাড়িয়ে গেছে।
অনলাইনভিত্তিক ই-কমার্স ওয়েবসাইটের সংখ্যাও দেশে উল্লেখযোগ্য হারে বেড়েছে। খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, অনলাইনের মাধ্যমে কেনাকাটার বাজার বর্তমানে ১৫০ থেকে ২০০ কোটি টাকার। বাসের টিকিট, সবজির মতো নিত্যপণ্য থেকে মোটরগাড়ি, ফ্ল্যাট-জমিও এখন অনলাইনে কিনতে পাওয়া যাচ্ছে।
পাওনা রাজস্ব আদায়ে অনেক পদক্ষেপ নিলেও খুব একটা সফল হয়নি বিটিআরসি ২০১৪ সালে। বছর শেষে বিভিন্ন খাতের মোট পাওনা পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়ে গেছে টেলিযোগাযোগ খাতের অভিভাবক এ সংস্থাটির। হাইটেক পার্ক নির্মাণ, দেশীয় স্যাটেলাইট বঙ্গবন্ধু-১ স্থাপনে বলার মতো সাফল্য না এলেও আন্তর্জাতিক টেলিযোগাযোগ ইউনিয়নের (আইটিইউ) সদস্যপদ ধরে রাখতে পেরেছে বাংলাদেশ।
উন্নত মানের থ্রিজি সেবা দিতে মুঠোফোন অপারেটররা বিটিআরসির স্পেকট্রাম ব্যবহারে স্বাধীনতা চায়। বর্তমানে শুধু ২ হাজার ১০০ মেগাহার্টজের মাধ্যমে থ্রিজি সেবা দিতে পারে অপারেটররা। তারা বলছে, থ্রিজি সেবা ৯০০ ও ১ হাজার ৮০০ মেগাহার্টজে পাওয়া গেলে শহরের পাশাপাশি গ্রামাঞ্চলে সাশ্রয়ী মূল্যে ইন্টারনেট ও ভয়েস কল সেবা দেওয়া সম্ভব।
ফোনকলের পাশাপাশি ২০১৪ সালে ইন্টারনেট সেবায় গুরুত্ব দিয়ে কাজ করেছে দেশের শীর্ষস্থানীয় অপারেটর গ্রামীণফোন। তারই ধারাবাহিকতায় সবার আগে দেশের ৬৪ জেলায় থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে গ্রামীণফোন।
বছরের সামগ্রিক কর্মকাণ্ড সম্পর্কে গ্রামীণফোনের বহিঃযোগাযোগ বিভাগের প্রধান সৈয়দ তালাত কামাল প্রথম আলোকে বলেন, ‘সবার জন্য ইন্টারনেট লক্ষ্যকে সামনে রেখেই আমাদের সব কর্মকাণ্ড পরিচালনা করেছি। জেলা শহর ও গুরুত্বপূর্ণ উপজেলাগুলোতে থ্রিজি পৌঁছে দেওয়া ছাড়াও ইন্টারনেট-উপযোগী হ্যান্ডসেটের দাম কমিয়ে আনা এবং সবার ব্যবহারের উপযোগী স্থানীয় কনটেন্টসমৃদ্ধ করতে সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে কাজ করেছি। বছরজুড়ে গড়ে ৬ শতাংশ ব্যবসা প্রবৃদ্ধি বজায় রাখা ছিল একটি বড় ব্যবসায়িক সাফল্য।’
টেলিযোগাযোগ খাত নিয়ে সরকারের দীর্ঘমেয়াদি পথনকশা না হওয়াকে বিদায়ী বছরের অপ্রাপ্তি বলে মনে করে গ্রামীণফোন। এ প্রসঙ্গে তালাত কামাল বলেন, ‘২০১৪-এর অপ্রাপ্তির মধ্যে ছিল টেলিযোগাযোগ খাতের একটি দীর্ঘমেয়াদি পথনকশা না হওয়া। তা ছাড়া টেলিকম খাতে চলমান কিছু বিতর্কিত বিষয়ের সমাধান হয়নি, যা এই খাতের স্থিতিশীলতার জন্য জরুরি।’
২০১৪ সালে গ্রাহকসংখ্যা তিন কোটি ছাড়ানো বাংলালিংকও দেশের প্রতিটি জেলায় থ্রিজি নেটওয়ার্ক সম্প্রসারণ করেছে। বছরের মূল্যায়ন করতে গিয়ে প্রতিষ্ঠানটির প্রধান বাণিজ্যিক কর্মকর্তা (সিসিও) শিহাব আহমেদ বলেন, ‘বাংলালিংক সব সময় তার গ্রাহকদের জন্য সাশ্রয়ী মূল্যে সেরা গ্রাহকসেবা নিয়ে এসেছে। ২০১৫ সালে গ্রাহকদের জন্য আরও আকর্ষণীয় ইন্টারনেট ডেটাভিত্তিক অফার ও নতুন সেবা নিয়ে আসার পরিকল্পনা করছি আমরা।’
গ্রামীণফোন ও বাংলালিংকের পাশাপাশি ২০১৪ সালে দেশের ৬৪টি জেলায় থ্রিজি নেটওয়ার্ক বিস্তৃত করেছে আরেক অপারেটর রবি। ২৮ লাখ থ্রিজি গ্রাহকসহ মোট গ্রাহকসংখ্যা আড়াই কোটি ছাড়িয়েছে বিদায়ী বছরে। স্মার্টফোনের ব্যবহার বাড়াতে বছরজুড়ে অ্যাপল, স্যামসাং, এলজি, ওকাপিয়া, ওয়ালটনের সঙ্গে যৌথভাবে বিপণন কার্যক্রম চালিয়েছে রবি। মুঠোফোনে ইন্টারনেট ব্যবহার বাড়াতে টুজি ও থ্রিজি ইন্টারনেটের দাম এক করেছে অপারেটরটি।
মুঠোফোনে বিদ্যুৎ বিল, এটিএম মেশিনের মাধ্যমে মুঠোফোন রিচার্জ, গ্রাহকের পছন্দমতো ইন্টারনেট প্যাকেজ বেছে নেওয়ার মতো ব্যতিক্রমী সুযোগ গ্রাহকদের দিয়েছে রবি।
বছরের কার্যক্রম নিয়ে রবির মুখপাত্র মহিউদ্দিন বাবর বলেন, গ্রাহককেন্দ্রিক প্রতিষ্ঠান হিসেবে আরও উন্নততর ফোনকল ও ইন্টারনেট সেবা কার্যক্রম নতুন বছরেও অব্যাহত রাখবে রবি।
একটি নম্বরের মাধ্যমে গ্রাহকদের সব ধরনের সেবা প্রদানে গুরুত্ব দিচ্ছে এয়ারটেল। গ্রাহকদের সঙ্গে সরাসরি যোগাযোগের জন্য ফেসবুকে চালু করা এয়ারটেল বাজ ফ্যানপেজে যুক্ত হয়েছে প্রায় ৩০ লাখ মানুষ। চালু করা বিভিন্ন সেবার মান নিয়ে গ্রাহকের প্রতিক্রিয়া এর মাধ্যমে উঠে আসছে। মুঠোফোন থেকেই রিচার্জ, বিল পরিশোধের জন্য চালু হওয়া এয়ারটেল মোবাইল অ্যাপও গ্রাহকদের মধ্যে ভালো সাড়া জাগিয়েছে। ২০১৫ সালে স্মার্টফোনের ব্যবহার বাড়ানোর মাধ্যমে শিক্ষা, বাণিজ্য, স্বাস্থ্য, কৃষি খাতে গ্রাহককে আরও বেশি করে সেবা দিতে চায় এয়ারটেল বাংলাদেশ।
বিদায়ী বছরেও গ্রাহক কমেছে পিএসটিএন অর্থাৎ ল্যান্ডফোন সেবাদাতা প্রতিষ্ঠানগুলোর। রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বাংলাদেশ টেলিকমিউনিকেশনস কোম্পানি লিমিটেডের (বিটিসিএল) গ্রাহক গত এক বছরে ১ লাখ ৪২ হাজার গ্রাহক কমেছে। ২০১৩ সালের ডিসেম্বরে বিটিসিএলের মোট গ্রাহক ছিল ৯ লাখ ৬১ হাজার, আর ২০১৪ সালের ডিসেম্বরে তা কমে দাঁড়িয়েছে ৮ লাখ ১৯ হাজার। বেসরকারি প্রতিষ্ঠানগুলোর গ্রাহক আগের বছরের চেয়ে বাড়ায় বছর শেষে পিএসটিএন ব্যবহারকারীর সংখ্যা ১০ লাখ ৯৫ হাজার, ২০১৩ সালে তা ছিল ১১ লাখ ৫৮ হাজার।

 মুঠোফোন ইন্টারনেট গ্রাহক বেড়েছে ৭২ লাখ
 ল্যান্ডফোন ও ওয়াইম্যাক্সের ইন্টারনেট গ্রাহক ৩ লাখ ১৫ হাজার থেকে কমে ২ লাখ ৪৯ হাজার হয়েছে
 স্পেকট্রাম ব্যবহারে স্বাধীনতা চায় অপারেটররা
 বিটিআরসির রাজস্ব পাওনা পাঁচ হাজার কোটি টাকা ছাড়িয়েছে
‘‘২০১৪-এর অপ্রাপ্তির মধ্যে ছিল টেলিযোগাযোগ খাতের একটি দীর্ঘমেয়াদি পথনকশা না হওয়া। তা ছাড়া টেলিকম খাতে চলমান কিছু বিতর্কিত বিষয়ের সমাধান হয়নি, যা এই খাতের স্থিতিশীলতার জন্য জরুরি
সৈয়দ তালাত কামাল
বহিঃযোগাযোগ বিভাগ প্রধান, গ্রামীণফোন