মুঠোফোনে লেনদেন বাড়লেও পূর্ব আফ্রিকার চেয়ে পিছিয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

মুঠোফোন ব্যবহার করে অর্থ লেনদেনে বিশ্বের অন্যান্য উন্নয়নশীল দেশের মতো বাংলাদেশেও এর ব্যবহার বেড়েছে। তবে আর্থিক পরিমাণে কেনিয়া, তানজানিয়ার মতো পূর্ব আফ্রিকার অনেক দেশ থেকে এ ক্ষেত্রে এখনো পিছিয়ে আছে বাংলাদেশ। যেসব এজেন্টের মাধ্যমে অর্থ স্থানান্তর করা হয়, সেখানে আরও উন্নতি করার সুযোগ আছে। এমন তথ্যই উঠে এসেছে ‘মুঠোফোনে অর্থ স্থানান্তরে এজেন্টদের ভূমিকা’ শীর্ষক এক জরিপে।
আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান হেলিক্স ইনস্টিটিউট এ জরিপ করেছে। বিল ও মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের অর্থায়নে জরিপটি করা হয়। আফ্রিকা ও এশিয়া মহাদেশের আটটি দেশে পরিচালিত এ জরিপ প্রতিবেদন গতকাল সোমবার একযোগে বিশ্বব্যাপী প্রকাশ করা হয়েছে। জরিপে বাংলাদেশ অংশের প্রতিবেদনের তথ্য তুলে ধরতে রাজধানীর গুলশানের একটি হোটেলে এক অনুষ্ঠানের আয়োজন করে হেলিক্স ইনস্টিটিউট।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন হেলিক্স ইনস্টিটিউটকে জরিপ পরিচালনায় সহযোগিতা করা আরেক আন্তর্জাতিক আর্থিক প্রতিষ্ঠান মাইক্রোসেভের সহযোগী পরিচালক পবন বকশি। জরিপের বিভিন্ন দিক ও তথ্য-উপাত্ত তুলে ধরে একটি উপস্থাপনা দেন মাইক্রোসেভের ব্যবস্থাপক ড্যানি জর্জ।
জরিপের ফল: অনুষ্ঠানে জানানো হয়, বাংলাদেশে মুঠোফোনে অর্থ লেনদেনকারী এজেন্ট (প্রতিনিধি) হিসেবে কাজ করেন—এমন দুই হাজার ৪৯০ জন এ জরিপে অংশ নেন। এর মধ্যে বিভাগীয় শহরগুলোতে ৫৭৬, জেলা শহরগুলোতে ৯৫৮, উপজেলা পর্যায়ে ৮৫৯ এবং গ্রামাঞ্চলে ৯৭ জন প্রতিনিধি অংশ নেন। চলতি বছরের মার্চ ও এপ্রিলে দৈবচয়ন ভিত্তিতে এ জরিপের সাক্ষাৎকারগুলো নেওয়া হয়।
জরিপ প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশে মুঠোফোনের মাধ্যমে অর্থ লেনদেনে শীর্ষ অবস্থানে আছে বিকাশ, মোট লেনদেনের ৫০ শতাংশই তাদের দখলে। মোট লেনদেনের ২৮ শতাংশ নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং। পরবর্তী অবস্থানে রয়েছে ইউক্যাশ, যাদের দখলে আছে মোট লেনদেনের ১৪ শতাংশ। ইউক্যাশের কার্যক্রমের প্রশংসা করে বলা হয়েছে, খুব অল্প সময়েই সারা দেশে, বিশেষ করে শহর অঞ্চলে জনপ্রিয়তা পেয়েছে প্রতিষ্ঠানটি।
বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী গত সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে প্রতিদিন গড়ে ৩৩৩ কোটি ৪৬ লাখ টাকার লেনদেন হয়।
প্রতিবেদনে বিকাশ সম্পর্কে বলা হয়েছে, মুঠোফোন হিসাবের সংখ্যার ভিত্তিতে বিশ্বে দ্বিতীয় বৃহৎ মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশ। প্রথম অবস্থানে আছে কেনিয়ার এমপেসা। বাংলাদেশে ৮০ হাজার এজেন্টের মাধ্যমে কার্যক্রম পরিচালনা করছে বিকাশ।
বাংলাদেশে বর্তমানে প্রাপ্তবয়স্ক জনগোষ্ঠীর ২২ শতাংশই মুঠোফোনে অর্থ লেনদেন করছে, যা অন্যান্য উন্নয়নশীল দেশের তুলনায় অনেক বেশি। তবে বাংলাদেশে মুঠোফোনে মোট লেনদেনকারীর মধ্যে মাত্র ৩ শতাংশের মুঠোফোন হিসাব রয়েছে। বাকিরা অন্যদের কিংবা এজেন্টের মাধ্যমে লেনদেন করে থাকেন। মুঠোফোন এজেন্টের সংখ্যাও বাংলাদেশে আগের যেকোনো সময়ের চেয়ে বেড়েছে।
মুঠোফোনে আর্থিক লেনদেন বেড়ে যাওয়ার ফলে বিশ্বে ডিজিটাল পদ্ধতিতে অর্থ স্থানান্তর বাড়ছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এজেন্টদের সার্বিক কার্যক্রমের চিত্র তুলে ধরে এতে আরও বলা হয়েছে, বাংলাদেশে শুধু একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ স্থানান্তর করে, এমন এজেন্টের সংখ্যা আফ্রিকার অন্যান্য দেশের তুলনায় অনেক কম।
বিষয়টি ব্যাখ্যা করে মাইক্রোসেভের ড্যানি জর্জ বলেন, ৯৬ শতাংশ ক্ষেত্রে দেখা গেছে, যে এজেন্ট বিকাশের মাধ্যমে অর্থ স্থানান্তর করে, ওই একই এজেন্ট অন্যান্য প্রতিষ্ঠানের মাধ্যমেও অর্থ পাঠানোর কাজ করছে। কেনিয়ায় এ হার ৫৪ শতাংশ।
এজেন্টের ব্যবসায়িক লাভ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশে এ কাজ করে মাত্র ৪ শতাংশ এজেন্ট লাভের মুখ দেখছে না। অর্থাৎ ৯৬ শতাংশ এজেন্ট কমবেশি লাভ করে। কেনিয়া ও উগান্ডায় যথাক্রমে ১৭ ও ১৪ শতাংশ এজেন্টের লাভ হয় না। দেশ দুটিতে যথাক্রমে ৮৩ ও ৮৬ শতাংশ এজেন্ট লাভ করে।
লাভের মুখ দেখলেও টাকার অঙ্কে বাংলাদেশি এজেন্টদের লেনদেনের পরিমাণ অনেক কম। জরিপে অংশ নেওয়া ৪১ শতাংশ এজেন্ট বলেছে, তাদের মাসিক আয় ডলারের হিসেবে ৫০ ডলারের কম। মানে ১০০ ডলারের কম আয় হয় এমন মতামত দিয়েছে ২৯ শতাংশ এজেন্ট। সব মিলিয়ে শতকরা ৭৫ শতাংশ এজেন্ট মাসে ১০০ ডলারের কম আয় করার কথা বলেছে।
জরিপে দেখা গেছে, বাংলাদেশে শহরাঞ্চলে একজন এজেন্ট প্রতিদিন গড়ে ২০টি লেনদেন সম্পন্ন করে থাকে। গ্রামাঞ্চলে প্রতিদিন লেনদেন হয় গড়ে ১০টি। এসব লেনদেনের বেশির ভাগই মূলত টাকা পাঠানোর কাজে ব্যবহৃত হয়।
জরিপ প্রতিবেদনে মুঠোফোনে লেনদেনের ক্ষেত্রে প্রতারণা, গ্রাহক পরিষেবা, এজেন্টদের প্রশিক্ষণ, ব্যাংক হিসাব ছাড়া মুঠোফোনে আর্থিক লেনদেন অবৈধ কি না—এসব বিষয়ের ওপর মতামত নেওয়া হয়েছে।