
আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অংশগ্রহণ প্রতিনিয়ত বাড়ছে। ফলে দেশের তফসিলি ব্যাংকগুলোর বৈদেশিক মুদ্রা ব্যবসাও বাড়ছে। এ ব্যবসায় ব্যাংকগুলোর আয়ও ভালো হয়েছে। ২০১৬ সালে ব্যাংকগুলো বৈদেশিক মুদ্রা ব্যবসা থেকে ৩ হাজার ১৭৬ কোটি টাকা মুনাফা করেছে। ২০১৫ সালে এ ব্যবসা থেকে মুনাফা করেছিল ৩ হাজার ৪৭৬ কোটি টাকা। আমানত গ্রহণ ও ঋণ প্রদানের পাশাপাশি আয়ের জন্য এ ব্যবসায় মনোযোগ রয়েছে বিশ্বের বড় ব্যাংকগুলোরও।
ব্যাংক কর্মকর্তারা বলছেন, ২০১৬ সালে মার্কিন ডলারের দাম স্থিতিশীল ছিল। তবে ইউরোর দামে কিছুটা উত্থান-পতন দেখা গেছে। বাংলাদেশে সব ধরনের আমদানি-রপ্তানি হিসাব ডলারে হওয়ায় ব্যাংকগুলো বড় কোনো সমস্যায় পড়েনি। তবে যেসব ব্যাংক ইউরো ধরে রেখেছিল, তাদের অনেকেই কিছুটা লোকসান গুনেছে। এরপরও বছর শেষে ভালো ব্যবসা হয়েছে ব্যাংকগুলোর।
জানা গেছে, ঋণপত্র খোলার সময় ডলারের একটা নির্দিষ্ট দাম ধরা হয়। বিল পরিশোধের সময় ডলারের দামে উত্থান-পতন হলে ব্যাংকের মুনাফা বা ক্ষতিতে যুক্ত হয়। এ ছাড়া রপ্তানি আয়ের সময়ও ব্যাংকের কিছু মুনাফা হয়। পাশাপাশি প্রতিটি ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ বৈদেশিক মুদ্রাও জমা থাকে। বছর শেষে এর মুনাফা বা লোকসান হিসাবে যুক্ত হয়।
ব্যাংকগুলো থেকে পাওয়া তথ্যে দেখা গেছে, ২০১৬ সালে বৈদেশিক মুদ্রা ব্যবসা থেকে তফসিলি ব্যাংকগুলোর মুনাফা হয়েছে ৩ হাজার ১৭৬ কোটি টাকা। এ সময়ে জনতা ব্যাংকের মুনাফা ছিল ৩৩৬ কোটি টাকা। বিগত বছরে এ ব্যবসা থেকে ইসলামী ব্যাংক মুনাফা করেছে ২৪৮ কোটি টাকা। দেশের রপ্তানি ও প্রবাসী আয়ে সবচেয়ে বেশি অবদান এই ব্যাংক দুটির। এ কারণেই ব্যাংক দুটো বৈদেশিক মুদ্রা ব্যবসায় বেশি মুনাফা করেছে।
এ ছাড়া বিদায়ী বছরে স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংক ২৪০ কোটি টাকা, অগ্রণী ব্যাংক ১৪৯ কোটি টাকা ও রূপালী ব্যাংক ১৪৮ কোটি টাকা মুনাফা করেছে। অন্যান্য ব্যাংকের মধ্যে আল-আরাফাহ্ ইসলামী ব্যাংক ৯৫ কোটি টাকা, মার্কেন্টাইল ব্যাংক ৯৫ কোটি টাকা, সাউথইস্ট ব্যাংক ১১৩ কোটি টাকা, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ১১৩ কোটি টাকা, হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশন (এইচএসবিসি) মুনাফা করেছে ১৪১ কোটি টাকা।
আল-আরাফাহ্ ইসলামী ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) কাজী তৌহিদুল আলম প্রথম আলোকে বলেন, ‘আমদানি ও বিদেশি বিল পরিশোধে গ্রাহকদের থেকে ডলারের দাম রাখার সময় কিছু কমিশন আসে। আবার রেমিট্যান্স ও রপ্তানি আয়ের সময়ও গ্রাহকদের দেশি টাকা দেওয়ার ক্ষেত্রে কমিশন আসে। যেসব ব্যাংকের এসব ব্যবসার পরিধি বেশি, তাদের আয়ও বেশি। আমাদের রপ্তানি আয় ভালো হওয়ায় এ ব্যবসায় আয় ভালো হয়েছে।’
শহীদ হোসেন সম্প্রতি সাউথইস্ট ব্যাংক ছেড়ে সোস্যাল ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে যোগ দিয়েছেন। তিনি প্রথম আলোকে বলেন, যেসব ব্যাংকের আমদানি-রপ্তানি ব্যবসা ভালো, তারাই বৈদেশিক মুদ্রা ব্যবসা থেকে বেশি মুনাফা করেছে। এ ব্যবসায় ঝুঁকি কম। ঋণের মতো বিভিন্ন নীতিমালাও নেই, সঞ্চিতি সংরক্ষণের প্রয়োজন নেই। এ কারণে ব্যাংকগুলো এমন কমিশনভিত্তিক আয়ের দিকে মনোযোগ বাড়াচ্ছে।