মুদ্রানীতির বিশ্বাসযোগ্যতা ধীরে ধীরে কমে যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের মুদ্রাবাজারে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে সর্বোচ্চ কী পরিমাণ অর্থ সরবরাহ থাকা উচিত হবে, আর এই সময়কালে মূল্যস্ফীতির হার কোন পর্যায়ের ওপরে যেতে দেওয়া হবে না— এই দুটি প্রধান লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বাংলাদেশ ব্যাংক এই সময়কালের জন্য ঘোষিত মুদ্রানীতিতে।
তবে এই মুদ্রানীতি কতটা কার্যকর হবে, তা এখন বিভিন্নভাবে যাচাই করা হচ্ছে। বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণও এ রকম একটি পর্যালোচনা প্রকাশ করেছে। বিগত সময়ের কয়েকটি মুদ্রানীতির ফলাফল বিশ্লেষণ করে তার আলোকে প্রতিষ্ঠানটি বলছে, সম্প্রতি মুদ্রানীতির লক্ষ্যমাত্রা অনুযায়ী মূল্যস্ফীতির হার নিয়ন্ত্রণ করতে না পারা এবং ব্যক্তি খাতে ঋণের প্রবাহ না হওয়ায় মুদ্রানীতির কার্যকারিতা ও বিশ্বাসযোগ্যতার সংকট তৈরি হয়েছে।
বাংলাদেশ ব্যাংক গত মাসের শেষ সপ্তাহে মুদ্রানীতি ঘোষণা করে, যাতে বার্ষিক গড় মূল্যস্ফীতির হার চলতি অর্থবছর শেষে ৬ দশমিক ৫০ শতাংশে নামিয়ে আনার কথা বলা হয়েছে। গত অর্থবছর (জুন ২০১৪) শেষে এই হার দাঁড়িয়েছে ৬ দশমিক ৭৮ শতাংশ। অন্যদিকে মুদ্রা সরবরাহ বৃদ্ধির হার এ বছরের ডিসেম্বর পর্যন্ত ১৬ শতাংশ এবং আগামী জুন পর্যন্ত ১৬ দশমিক ৫০ শতাংশ করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
উন্নয়ন অন্বেষণ বলছে, মুদ্রানীতি আনুষ্ঠানিকভাবে ঘোষণার আগেই নগদ সংরক্ষণ হার (সিআরআর) বাড়িয়ে দেওয়া হয়েছে। এটি বর্তমানে ৬ শতাংশ। ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে তাদের মোট আমানতের ৬ শতাংশ নগদ অর্থ কেন্দ্রীয় ব্যাংকে বাধ্যতামূলকভাবে জমা রাখতে হবে। ফলে বর্তমান মুদ্রানীতি পরিচালিত হচ্ছে উচ্চ সিআরআর নিয়ে।
পাশাপাশি জাতীয় সঞ্চয়পত্র ও বন্ডের ওপর চড়া হারে সুদ রয়েছে, যা বর্তমানে ১২ দশমিক ৬ থেকে ১৩ দশমিক ৫ শতাংশের মধ্যে ঘোরাফেরা করছে। আর সরকার ব্যাংক থেকে অধিক হারে ঋণ নেওয়ার পরিকল্পনা করেছে। এসবের প্রভাবে বাজারে কার্যত মুদ্রা সরবরাহসহ মূল্যস্ফীতি বেড়ে যাবে।
গবেষণাপ্রতিষ্ঠানটির মতে, সরকারের বাজেট ঘাটতি পূরণে ব্যবহৃত তহবিল ও সরকারি সঞ্চয়পত্রের ওপর উচ্চ সুদ প্রদান অর্থনীতিতে বিনিয়োগের চাহিদা কমিয়ে দিয়ে মোট দেশজ উৎপাদনের প্রবৃদ্ধির হারকেও মন্থর করে দিতে পারে।
উন্নয়ন অন্বেষণের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরের প্রথমার্ধ ও দ্বিতীয়ার্ধের জন্য মুদ্রানীতিতে মূল্যস্ফীতির সর্বোচ্চ হার নির্ধারণ করা হয়েছিল যথাক্রমে ৭ শতাংশ ও ৭ শতাংশের নিচে। আর ২০১২-১৩ অর্থবছরের দ্বিতীয়ার্ধে ৭ দশমিক ৫ শতাংশ। বাস্তবে এই সময়কালে মূল্যস্ফীতির হার ছিল যথাক্রমে ৭ দশমিক ৩৫, ৭ দশমিক ৩৫ এবং ৮ দশমিক শূন্য ৫ শতাংশ।
আবার একই সময়ে ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল যথাক্রমে ১৫ দশমিক ৫ শতাংশ, ১৬ দশমিক ৫ শতাংশ ও ১৮ দশমিক ৩ শতাংশ। বাস্তবে ঋণ প্রবৃদ্ধি দাঁড়িয়েছিল ১১ দশমিক ১, ১৫ দশমিক ৭ ও ১১ দশমিক ৪ শতাংশ।
উন্নয়ন অন্বেষণ বলছে, দাতা ও সৃজনশীলতার অভাবে বর্তমান মুদ্রানীতিতে ঘোষিত মূল্যস্ফীতির লক্ষ্যমাত্রা (৬ দশমিক ৫ শতাংশ) ও ব্যক্তি খাতে ঋণ প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা (১৬ দশমিক ৫ শতাংশ) অর্জন সম্ভব নাও হতে পারে।