মুনাফা কমানোর পক্ষপাতী নই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সালেহউদ্দিন আহমেদ সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক
সালেহউদ্দিন আহমেদ সাবেক গভর্নর, বাংলাদেশ ব্যাংক

নির্দিষ্ট আয়ের মানুষের আপৎকালে সঞ্চয়পত্রের মুনাফাটা খুব কাজে দেয়। সঞ্চয়পত্রের বর্তমান হারে আমি নেতিবাচক কিছু দেখি না। অনেক অর্থনীতিবিদের এমন যুক্তি রয়েছে, সঞ্চয়পত্রে এত বেশি মুনাফা না দিলে টাকাটা পুঁজিবাজারে আসত। পুঁজিবাজার কেন ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর ওপর ভরসা করবে? পুঁজিবাজার প্রধানত প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের জায়গা। নির্দিষ্ট আয়ের মানুষ সঞ্চয়পত্র কিনছেন, সঞ্চয়ের অভ্যাসটা তো গড়ে উঠছে, খারাপ কী? এটা তো ঠিক, এই টাকা দিয়ে তাঁরা বাড়ি তো কিনতে পারবেনই না, ফ্ল্যাটও কিনতে পারবেন না। আমি মনে করি, সরকারের পারতপক্ষে ব্যাংকমুখো না হওয়াই উচিত। সঞ্চয়পত্র বিক্রি থেকে প্রয়োজনীয় অর্থ পেয়ে গেলে তো কথাই নেই। সঞ্চয়পত্রের মুনাফার টাকায় অনেকেই সংসার চালান, ছেলেমেয়েদের লেখাপড়ার খরচ মেটান। তাই কোনো যুক্তিতেই আমি এর মুনাফার হার কমানোর পক্ষপাতী নই। বরং সংগৃহীত অর্থের যেন অপচয় না হয়, সে দিকে সরকারের বেশি খেয়াল রাখা উচিত।