মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

বছর শেষের ঘোরাঘুরি এবং উৎসবের কারণে মূল্যস্ফীতি একটু বেড়েছে। গত ডিসেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৬ দশমিক ১ শতাংশ হয়েছে। গত নভেম্বর মাসে এ হার ছিল ৬ দশমিক ০৫ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে এ তথ্য পাওয়া গেছে। গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল মূল্যস্ফীতির হালনাগাদ পরিস্থিতি তুলে ধরেন।
বিবিএসের তথ্যানুযায়ী, গত ডিসেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমলেও বেড়েছে খাদ্যবহির্ভূত পণ্যে। খাদ্য খাতে ডিসেম্বরে মূল্যস্ফীতি হয়েছে ৫ দশমিক ৪৮ শতাংশ। নভেম্বর মাসে এ হার ছিল ৫ দশমিক ৭২ শতাংশ। অন্যদিকে খাদ্যবহির্ভূত খাতে ডিসেম্বর মাসে মূল্যস্ফীতি হয়েছে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ। আর নভেম্বর মাসে এ হার ৬ দশমিক ৫৬ শতাংশ।
এ বিষয়ে পরিকল্পনামন্ত্রী সাংবাদিকদের বলেন, ডিসেম্বর মাসে এখন লোকজন ঘুরতে যান। এবার কক্সবাজারে বিপুলসংখ্যক পর্যটক গেছেন। কোনো হোটেলে রিসোর্ট খালি নেই। এ ছাড়া বিজয় দিবস ও বড়দিন উপলক্ষেও ভোক্তাচাহিদা বেড়েছে। এসব কারণে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে বাজারে শীতকালীন শাকসবজি রয়েছে, দামও কম। তাই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি কমছে।
চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৩৬ শতাংশ। পরের কয়েক মাসে মূল্যস্ফীতি ওঠানামা করলেও তা ৬ শতাংশের আশপাশেই ছিল। গত আগস্ট মাসে মূল্যস্ফীতি আরও কিছুটা কমে ৬ দশমিক ১৭ শতাংশ হয়। তবে ঈদের কারণে গত সেপ্টেম্বর মাসে কিছুটা বেড়ে ৬ দশমিক ২৪ শতাংশ মূল্যস্ফীতি হয়েছিল। এরপর গত অক্টোবর মাসে ৬ দশমিক ১৯ শতাংশ হয়। সব মিলিয়ে চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে গড় মূল্যস্ফীতি ৬ দশমিক ১৮ শতাংশে রয়েছে। উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় ৬ শতাংশে ধরে রাখার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে।
মূল্যস্ফীতি পরিস্থিতি বিশ্লেষণ করে বিবিএস আরও বলছে, চাল, ডাল, শাকসবজি, মসলা জাতীয় পণ্যের দাম নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বর মাসে কমেছে দশমিক ২ শতাংশ। একই সময়ে পরিধেয় বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম বেড়েছে ১ দশমিক ২৬ শতাংশ।
বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, ডিসেম্বর মাসে গ্রামের চেয়ে শহরের মানুষেরা মূল্যস্ফীতির চাপ বেশি অনুভব করেছেন। ডিসেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৭ দশমিক শূন্য ৭ শতাংশ, আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৫৮ শতাংশ। তবে নভেম্বর মাসের তুলনায় ডিসেম্বরে মূল্যস্ফীতি আরও বেড়েছে শহরে, গ্রামে কমেছে।
আবার মানুষের আয় কতটা বাড়ল কিংবা কমল, তা জাতীয় মজুরি হার সূচক দিয়ে বোঝানো হয়। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, ২০১০-১১ ভিত্তি বছর ধরে গত ডিসেম্বর মাসে জাতীয় মজুরি হার সূচক ছিল ১৩২ দশমিক ৫৮, যা ২০১৪ সালের ডিসেম্বর মাসের তুলনায় ৭ দশমিক ৯১ শতাংশ বেড়েছে। অর্থাৎ, যে হারে মূল্যস্ফীতি হয়েছে, তার চেয়ে বেশি হারে মজুরি বেড়েছে।