মূল্যস্ফীতি বেড়েছে ফেব্রুয়ারিতে
জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে দেশব্যাপী টানা অবরোধ-হরতালসহ রাজনৈতিক অস্থিরতার প্রভাব পড়েছে পণ্যের দামে। যে কারণে জানুয়ারির তুলনায় ফেব্রুয়ারি মাসে খাদ্য ও খাদ্যবহির্ভূত—দুই ধরনের পণ্যসেবাতেই মূল্যস্ফীতি ঘটেছে। এতে সার্বিক মূল্যস্ফীতি বেড়েছে।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ হিসাবে দেখা গেছে, গত ফেব্রুয়ারি মাসে মাসওয়ারি ভিত্তিতে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। গত জানুয়ারি মাসে এ হার ছিল ৬ দশমিক ০৪ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের (এনইসি) সভা শেষে বিবিএসের এ তথ্য সাংবাদিকদের জানান। তিনি বলেন, জানুয়ারি ও ফেব্রুয়ারি মাসে বাড়ির ভাড়া ও সংস্কার, সন্তানদের স্কুলে ভর্তি, বই-খাতা কেনা—এসব খাতে বাড়তি খরচ করতে হয়। তাই খাদ্যবহির্ভূত সেবায় মূল্যস্ফীতি বেড়েছে। যে কারণে সার্বিক মূল্যস্ফীতি কিছুটা বৃদ্ধি পেয়েছে।
গত জানুয়ারি মাসের মূল্যস্ফীতির হার প্রকাশ করার সময় পরিকল্পনামন্ত্রী বলেছিলেন, রাজনৈতিক অস্থিরতায় সরবরাহ-ব্যবস্থা বিঘ্নিত হয়েছে। তাই খাদ্যপণ্যে মূল্যস্ফীতি বেড়েছে। এরপর ফেব্রুয়ারি মাসজুড়েও টানা অবরোধ-হরতাল ছিল। সেই হরতাল-অবরোধের নেতিবাচক প্রভাব পড়েছে মূল্যস্ফীতিতে।
বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর প্রথম আলোকে বলেন, হরতাল-অবরোধে পণ্যের সরবরাহ-ব্যবস্থা বিঘ্নিত হওয়ায় পণ্যের দাম বেড়েছে, মূল্যস্ফীতি ঊর্ধ্বমুখী হয়েছে। তবে এ মূল্যস্ফীতির সুফল পণ্যের উৎপাদকেরা পাচ্ছেন না। পরিবহন ব্যয় বেড়ে যাওয়ায় ব্যবসায়ের খরচ বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।
বিবিএসের হিসাবে দেখা যায়, জানুয়ারি মাসের চেয়ে ফেব্রুয়ারিতে মাছ-মাংস, ফল, মসলা, দুধ ও দুগ্ধজাতীয় পণ্যের দাম দশমিক ২৮ শতাংশ বেড়েছে। আর পরিধেয় বস্ত্র, বাড়িভাড়া, আসবাব ও গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহন, শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে দশমিক ৩২ শতাংশ।
সরকারি সংস্থাটির পরিসংখ্যান অনুযায়ী ফেব্রুয়ারি মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি ঘটেছে ৬ দশমিক ১১ শতাংশ। জানুয়ারি মাসে এই হার ছিল ৬ দশমিক ০৭ শতাংশ। আর ফেব্রুয়ারিতে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেড়ে ৬ দশমিক ২০ শতাংশ হয়েছে। জানুয়ারি মাসে এই হার ছিল ৬ দশমিক ০১ শতাংশ।
গ্রাম-শহর নির্বিশেষে দুই জায়গার মানুষকেই আগের চেয়ে কম-বেশি মূল্যস্ফীতির চাপ সামলাতে হচ্ছে। তবে গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। ফেব্রুয়ারিতে শহরে যেখানে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৬২ শতাংশ, সেখানে গ্রামে তা ছিল ৫ দশমিক ৮৯ শতাংশ।
ব্যয়ের সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে মানুষের ওপর চাপ বাড়ে। আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ে বা কমে—সেই হিসাব বিবেচনায় এনে মূল্যস্ফীতির হিসাব করা হয়। উদাহরণ দিয়ে বলা যায়, ফেব্রুয়ারি মাসে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ১৪ শতাংশ। এর মানে হলো, ২০১৪ সালের ফেব্রুয়ারি মাসে একজন ভোক্তা একটি পণ্য ১০০ টাকায় কিনেছিলেন। আর এ বছরের ফেব্রুয়ারিতে তা কিনেছেন ১০৬ টাকা ১৪ পয়সায়। এক বছরের ব্যবধানে ওই পণ্যের দাম বেড়েছে ৬ টাকা ১৪ পয়সা। অর্থাৎ মূল্যস্ফীতি হলো ৬ দশমিক ১৪ শতাংশ।