মূল্যস্ফীতির চাপ কমেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের শুরু থেকেই মূল্যস্ফীতির চাপ ধীরে ধীরে কমছে। পাঁচ মাস ধরেই মূল্যস্ফীতির হার নিম্নমুখী রয়েছে। সর্বশেষ হিসাবে গত নভেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে সাধারণ মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২১ শতাংশ।
বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) গতকাল মঙ্গলবার নভেম্বর পর্যন্ত হালনাগাদ মূল্যস্ফীতি পরিস্থিতি প্রকাশ করে। বিবিএসের হিসাবে দেখা গেছে, গত পাঁচ মাসে ধারাবাহিকভাবেই মূল্যস্ফীতি কমেছে। জুলাই মাসে মূল্যস্ফীতির হার ছিল ৭ দশমিক ০৪ শতাংশ। এ ছাড়া আগস্ট, সেপ্টেম্বর ও অক্টোবর মাসে এই হার ছিল যথাক্রমে ৬ দশমিক ৯১ শতাংশ, ৬ দশমিক ৮৪ শতাংশ এবং ৬ দশমিক ৬০ শতাংশ।
পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল গতকাল এক সংবাদ ব্রিফিংয়ে এ প্রসঙ্গে বলেন, ‘ধারাবাহিকভাবে মূল্যস্ফীতি কমছে। আশা করি বছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যমাত্রার মধ্যেই থাকবে।’
উল্লেখ্য, চলতি অর্থবছরে মূল্যস্ফীতির গড় লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৬ শতাংশ।
মোটাদাগে বললে, মূল্যস্ফীতি হলে ভোক্তাকে আগের চেয়ে বেশি দামে পণ্য কিনতে হয়। মূল্যস্ফীতির সঙ্গে সংগতিপূর্ণ আয় না বাড়লে ভোক্তারা চাপে থাকেন। বিশেষ করে সীমিত আয়ের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ সবচেয়ে বেশি পড়ে। আগের বছরের একই মাসের তুলনায় চলতি বছরের একই মাসে কত হারে পণ্যের দাম বাড়ে বা কমে, সেই হিসাব বিবেচনায় এনে মূল্যস্ফীতি গণনা করা হয়। নভেম্বর মাসে মূল্যস্ফীতির হার ৬ দশমিক ২১ শতাংশকে সহজভাবে বললে বলা যায়, ২০১৩ সালের নভেম্বর মাসে একটি পণ্য ১০০ টাকায় কিনলেও এ বছরের নভেম্বরে ভোক্তাকে ১০৬ টাকা ২১ পয়সায় কিনতে হয়েছে।
মূল্যস্ফীতি পরিস্থিতি খাদ্য ও খাদ্যবহির্ভূত—এ দুটি খাত দিয়ে গণনা করা হয়। খাদ্যপণ্য হলো চাল, ডাল, দুধ, আলু, শাকসবজি, ফলমূল ইত্যাদি ভোগ্যপণ্য। আর খাদ্যবহির্ভূত পণ্যের তালিকায় রয়েছে পরিধেয় বস্ত্রাধি, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহনসেবা, শিক্ষা উপকরণসহ বিভিন্ন ধরনের সেবা।
অন্যদিকে মানুষের আয় কতটা বাড়ল, সেটা বোঝায় জাতীয় মজুরি হার সূচক দিয়ে। বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে জাতীয় মজুরি হার সূচক ৮৭৫৭। ১৯৬৯-৭০ সালকে ভিত্তি বছর ধরে এ মজুরি হার নির্ণয় করা হয়েছে। আর মজুরি ভিত্তি ধরা হয়েছে ১০০। তাই বলা যায়, ১৯৬৯-৭০ অর্থবছরে একজন শ্রমিক ১০০ টাকা মজুরি পেয়ে থাকলে ২০১৪ সালের নভেম্বর মাসে এসে একই কাজের জন্য পাচ্ছেন আট হাজার ৭৫৭ টাকা। প্রতিবছরই মজুরি বেড়েছে।
আবার গত নভেম্বরে মজুরি বৃদ্ধির হার ১০ দশমিক ৩২ শতাংশ। এই হার মূল্যস্ফীতির হারের চেয়ে বেশি। তার মানে হলো, প্রকৃত মজুরি বেশি থাকছে।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, ‘আন্তর্জাতিক বাজারে পণ্যের দাম কমে যাওয়ায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে রয়েছে। এ ছাড়া চলতি অর্থবছরের প্রথম ছয় মাসে কোনো বড় প্রাকৃতিক দুর্যোগ বা রাজনৈতিক অস্থিরতা ছিল না। আবার উৎপাদন ও সরবরাহব্যবস্থায় বিঘ্ন ঘটেনি।’ তিনি মনে করেন, এভাবে চলতে থাকলে এই অর্থবছরের মূল্যস্ফীতির গড় লক্ষ্য ধরে রাখা সম্ভব হবে।
বিবিএসের দেওয়া তথ্য অনুযায়ী, গত নভেম্বর মাসে খাদ্য খাতে কমলেও খাদ্যবহির্ভূত খাতে মূল্যস্ফীতি বেড়েছে। নভেম্বরে খাদ্য সূচকে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৪৪ শতাংশ। আর অক্টোবর মাসে এই হার ছিল ৭ দশমিক ১৬ শতাংশ।
আবার নভেম্বরে খাদ্যবহির্ভূত মূল্যস্ফীতি কিছুটা বেড়ে ৫ দশমিক ৮৪ শতাংশ হয়েছে। অক্টোবর মাসে এই হার ছিল ৫ দশমিক ৭৪ শতাংশ।
আর গ্রামের চেয়ে শহরে মূল্যস্ফীতির প্রভাব বেশি। গত অক্টোবরে শহর এলাকায় মূল্যস্ফীতির হার ৬ দশমিক ৫১ শতাংশ। গ্রামে এই হার ৬ দশমিক ০৫ শতাংশ।
মাসওয়ারি (পয়েন্ট টু পয়েন্ট) হিসাবের বাইরেও পণ্যের মূল্য বৃদ্ধি বা হ্রাসের আরেকটি বিশ্লেষণ দিয়ে থাকে বিবিএস। এ হিসাবে, পাশাপাশি দুটি মাসের পণ্যের মূল্য বৃদ্ধি বা হ্রাসের তুলনা দেওয়া হয়।
এ বছরের অক্টোবর ও নভেম্বর—এ দুই মাসের ব্যবধানে পণ্যের মূল্য কতটা হ্রাস-বৃদ্ধি হয়েছে, তা দেখিয়েছে বিবিএস। সেখানে দেখা যায় যে ডাল, শাকসবজি, ফল, মসলা, ভোজ্যতেল ইত্যাদি ভোগ্য বা খাদ্যপণ্যের দাম অক্টোবর মাসের চেয়ে নভেম্বরে দশমিক ১৯ শতাংশ কমেছে। তবে আলোচ্য সময়ে চালের দাম কমেছে কি না, তা বলেনি বিবিএস। বিবিএসের এক কর্মকর্তা জানিয়েছেন, চালের দাম স্থিতিশীল রয়েছে। উল্লেখ্য, চাল কিনতেই গরিব মানুষের আয়ের অর্ধেকের বেশি অংশ খরচ হয়ে যায়।
অন্যদিকে খাদ্যবহির্ভূত পণ্যের অক্টোবর মাসের তুলনায় নভেম্বরে পরিধেয় বস্ত্রাধি, বাড়িভাড়া, আসবাবপত্র ও গৃহস্থালি পণ্য, চিকিৎসাসেবা, পরিবহনসেবা, শিক্ষা উপকরণ ও বিভিন্ন ধরনের সেবা পেতে মানুষকে দশমিক ৩৬ শতাংশ বেশি খরচ করতে হয়েছে।