প্রস্তাবিত ২০১৫-১৬ অর্থবছরের বাজেটকে আগে শিল্প ও ব্যবসাবান্ধব বললেও এখন বেশ কিছু বিষয়ে শুল্ককর সুবিধা চায় বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই)।
দেশের ব্যবসায়ীদের এই শীর্ষ সংগঠনটি মূল্য সংযোজন করের (মূসক) ক্ষেত্রেই বেশি ছাড় চায়।
প্রতিবছর বাজেট পেশের পর, কিন্তু পাস হওয়ার আগে এফবিসিসিআই নতুন করে কিছু প্রস্তাব অর্থমন্ত্রীকে দেয়। এফবিসিসিআইয়ের সভাপতির সই করা এবারের প্রস্তাবগুলো গতকাল রোববার অর্থমন্ত্রীর কাছে পাঠানো হয়েছে। আর গত বৃহস্পতিবার একই প্রস্তাবগুলো জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানের কাছে পাঠানো হয়েছে।
মূসক প্রস্তাব: ক্ষুদ্র ও খুচরা ব্যবসায়ী কিংবা দোকানদারদের ক্ষেত্রে বছরভিত্তিক প্যাকেজ মূসকের পরিমাণ বাজেটে ১১ হাজার, ৮ হাজার, ৬ হাজার ও ৩ হাজার টাকা থেকে বাড়িয়ে এবার ১৪ হাজার, ১২ হাজার, ৭ হাজার ২০০ এবং ৩ হাজার ৬০০ টাকা নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে আগের মূসকই অব্যাহত রাখার প্রস্তাব করেছে এফবিসিসিআই। সংগঠনটি বলছে, যেহেতু নতুন মূসক আইনে ৩০ লাখ টাকা পর্যন্ত বার্ষিক লেনদেন পর্যন্ত মূসক অব্যাহতি দেওয়া হয়েছে, তাই প্যাকেজ মূসক বৃদ্ধি করা গ্রহণযোগ্য নয়।
তবে এফবিসিসিআই মনে করে, এসএমই খাতে সব পর্যায়ে বার্ষিক লেনদেনের মূসকমুক্ত সীমা ৩৬ লাখ টাকায় উন্নীত হওয়া প্রয়োজন। একই সঙ্গে ৩৬ লাখ থেকে দেড় কোটি টাকা পর্যন্ত লেনদেনে কেবল উৎপাদন পর্যায়ে ৩ শতাংশ হারে টার্নওভার কর আরোপের সুপারিশ করেছে সংগঠনটি।
এফবিসিসিআই বলছে, এনবিআরের সঙ্গে আলোচনার ভিত্তিতে ৩০০ বর্গফুট পর্যন্ত দোকানের মূসক অব্যাহতি ছিল। তাই প্যাকেজ মূসকের আওতাভুক্ত দোকানদারদের ব্যবহৃত স্থান ও স্থাপনা মূসকের আওতামুক্ত রাখা প্রয়োজন।
বেসরকারি মেডিকেল কলেজ, বিশ্ববিদ্যালয় ও প্রকৌশল কলেজের ওপর আরোপিত ১০ শতাংশ মূসক প্রত্যাহারের প্রস্তাব করেছে এফবিসিসিআই। এ ছাড়া আগামী তিন থেকে পাঁচ বছরের জন্য ই-কমার্সের সব লেনদেনের ওপর থেকে খুচরা বিক্রয় পর্যায়ে মূসক প্রত্যাহারের প্রস্তাব করেছে। সুপারশপের মূসক ২ শতাংশ রাখার প্রস্তাব করেছে সংগঠনটি।
আমদানি শুল্ক: বিনিয়োগ ও শিল্পায়নকে উৎসাহিত করতে বাজেটে সব ধরনের মূলধনি যন্ত্রপাতি আমদানি পর্যায়ে আমদানি শুল্ক ২ শতাংশ থেকে কমিয়ে ১ শতাংশ করা হয়েছে। তবে শিল্পের উৎপাদন খরচ কমানো এবং প্রতিযোগিতায় টিকে থাকতে শিল্পের মৌলিক কাঁচামালের আমদানি শুল্ক ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশ নির্ধারণের প্রস্তাব করেছে এফবিসিসিআই। এ ছাড়া আমদানি করা তৈরি ও বিলাসী ভোগ্যপণ্যের ওপর আরোপিত নিয়ন্ত্রণমূলক শুল্ক অব্যাহত রেখে অন্যান্য পণ্যে তা প্রত্যাহারের প্রস্তাব করেছে।
আয়কর: এফবিসিসিআই বলেছে, প্রস্তাবিত বাজেটে সব ধরনের রপ্তানি পণ্যের ওপর উৎসে ১ শতাংশ আয়কর নির্ধারণ করা হয়েছে, যা রপ্তানিতে প্রতিবন্ধক হয়ে দাঁড়াবে। সে কারণে সব পণ্যের রপ্তানিতে উৎসে কর কাটার প্রথা রহিত করার প্রস্তাব করেছে সংগঠনটি। শিল্পের মৌলিক কাঁচামালের ওপর অগ্রিম আয়কর সম্পূর্ণ প্রত্যাহার অথবা ৫ শতাংশের পরিবর্তে ৩ শতাংশে নামিয়ে আনার প্রস্তাব করেছে এফবিসিসিআই। সংগঠনটি মনে করে, অগ্রিম আয়কর হিসেবে দেওয়া অর্থ পরে আয়কর দেওয়ার সময় সমন্বয় করার বিধান চালু করা প্রয়োজন।