মূসকের হার ৭ শতাংশ চায় ডিসিসিআই
আবারও মূল্য সংযোজন করের (মূসক) হার ১৫ শতাংশের বদলে ৭ শতাংশ করার দাবি তুলেছে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটির সভাপতি আবুল কাসেম খান বলেছেন, মূসকের হার কমালে পণ্যের অর্থনীতি আরও গতিশীল হবে। এতে রাজস্ব আদায়ও বাড়বে।
ডিসিসিআই আয়োজিত আয়কর ও মূসকবিষয়ক কর্মশালায় আবুল কাসেম খান এ কথা বলেন। ঢাকা চেম্বারের কার্যালয়ে এ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান মো. নজিবুর রহমান। তিনি বলেন, ১ জুলাই থেকে নতুন মূসক কার্যকর হবে। এটি চূড়ান্ত। এ বিষয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা আছে। নতুন আইনে দেশের ব্যবসায়ীদের পাশাপাশি জনগণের প্রত্যাশার প্রতিফলন ঘটবে উল্লেখ করে তিনি বলেন, দেশে বিনিয়োগ ও ব্যবসাবান্ধব কর ব্যবস্থাপনা চালুর লক্ষ্যে এনবিআর কাজ করে যাচ্ছে। যাতে সব খাতে বিনিয়োগের জন্য শিল্পবান্ধব পরিবেশ নিশ্চিত হয়। দেশীয় শিল্প সুরক্ষা ও রপ্তানিমুখী শিল্পে সহায়তা দেওয়ার ব্যবস্থা নতুন বাজেটে থাকবে বলে উল্লেখ করেন তিনি।
ঢাকা চেম্বারের সভাপতি আবুল কাসেম খান ইলেকট্রনিক ক্যাশ রেজিস্ট্রার বা ইসিআর যন্ত্রের বিকল্প হিসেবে মোবাইল অ্যাপস চালুর প্রস্তাব দেন। পাশাপাশি তিনি মূসক আইন সম্পর্কে সবাইকে সচেতন করার উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন।
এনবিআরের সদস্য (মূসক নীতি) জাহাঙ্গীর হোসেন বলেন, বিদ্যমান মূসক আইনে নানা অসংগতি রয়েছে। তবে নতুন আইনে এ ধরনের অসংগতি থাকবে না। নতুন আইনটি সরকারের রাজস্ব আয় বাড়াতে সহায়ক হবে।
অনুষ্ঠানে এনবিআরের সদস্য (আয়কর) পারভেজ ইকবাল, ডিসিসিআইয়ের ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেন এ সিকদারসহ সংগঠনটির পরিচালকেরা উপস্থিত ছিলেন। কর্মশালায় বিভিন্ন প্রতিষ্ঠান থেকে প্রায় ২০০ জন প্রশিক্ষণার্থী অংশ নেন।