নগরায়ণের প্রভাবে শহরাঞ্চলের জনসংখ্যা ক্রমশ বাড়ছে। সেই সঙ্গে বাড়ছে শহুরে বস্তিবাসী জনগোষ্ঠীর সংখ্যা, যাদের বেশির ভাগই বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক কাজের মাধ্যমে জীবিকা নির্বাহ করে। শহরে বসবাস করেও তারা বিভিন্ন মৌলিক নাগরিক সেবা থেকে বঞ্চিত হচ্ছে। এমন পর্যবেক্ষণ উঠে এসেছে ‘নগর জনপদে অপ্রাতিষ্ঠানিক কাজ ও জীবনমান’ শীর্ষক এক গবেষণায়।
যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন অধ্যয়ন প্রতিষ্ঠান (আইডিএস) গবেষণাটি করেছে। এতে সহায়তা করেছে বেসরকারি এনজিও অ্যাকশনএইড বাংলাদেশ ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়। রাজধানীর গুলশানে একটি হোটেলে গবেষণার ফলাফল তুলে ধরতে গতকাল রোববার এক আলোচনা সভার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে গবেষণাটির বিভিন্ন দিক তুলে ধরেন আইডিএসের ফেলো ডলফ টি লিনটেলো ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের লোকপ্রশাসন বিভাগের অধ্যাপক ফেরদৌস জাহান। এতে বলা হয়, বাংলাদেশের বগুড়া, চট্টগ্রাম ও ঢাকার সাতটি বস্তিতে গবেষণার জন্য জরিপ চালানো হয়েছিল। জরিপের পাশাপাশি দলীয় আলোচনার মাধ্যমে ৭০৯ জন পুরুষ ও ৭৫৫ জন নারীর কাছ থেকে গবেষণার তথ্য সংগ্রহ করা হয়েছে।
গবেষণার পর্যবেক্ষণে বলা হয়েছে, শহরের বস্তিতে বসবাসকারী মানুষ প্রয়োজনীয় সুপেয় পানি না পাওয়া, টয়লেটের অসুবিধা, বাসস্থলে থাকার অনিশ্চয়তা, শিশুদের বিদ্যালয়ে যাওয়ার সুযোগ না থাকা, সুরক্ষা ও নিরাপত্তার অভাবের মতো ১০টি বিষয়ের কারণে মানসম্পন্ন জীবনযাপন করতে পারছে না। গবেষণায় অংশ নেওয়া প্রায় সবাই নিরাপদ পানির অপ্রাপ্যতাকে তাঁদের সবচেয়ে বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেছেন। উদাহরণস্বরূপ, চট্টগ্রামের ডকেরপাড় এলাকার বস্তিবাসীদের প্রতি কলস পানি এক থেকে পাঁচ টাকা দরে কিনে খাওয়ার বিষয়টি উঠে এসেছে গবেষণায়। এ ছাড়া বাসস্থানের মালিকানা না থাকা, যাতায়াতে অসুবিধা, কর্মক্ষেত্রে নিরাপত্তার অভাব, অপর্যাপ্ত চিকিৎসা ও বিনোদনের অভাবের মতো বিষয়গুলো উঠে এসেছে। বসতঘরের কাছাকাছি টয়লেটের অভাবকে বস্তিবাসীর, বিশেষ করে নারীদের জন্য অন্যতম সমস্যা হিসেবে উঠে এসেছে গবেষণায়।
বস্তিতে বসবাসরত মানুষ জীবিকার জন্য যেমন অপ্রাতিষ্ঠানিক কাজের ওপর নির্ভরশীল, তেমনি বিদ্যুৎ, পানির মতো সেবা পাওয়ার ক্ষেত্রেও তারা অপ্রাতিষ্ঠানিক উৎসের ওপর নির্ভরশীল—গবেষণায় এমন তথ্যই উঠে এসেছে। প্রায় সব ক্ষেত্রেই বস্তিবাসীরা সরকারি খাসজমিতে বসবাস করায় রাজনৈতিকভাবে প্রভাবশালী ব্যক্তিদের কাছ থেকে তাদের চড়া দামে বিভিন্ন সেবা কিনতে হয়।
এসব সমস্যা সমাধানে কিছু সুপারিশও করা হয়েছে গবেষণায়। সরকারের পক্ষ থেকে শহরের বস্তিবাসীর জীবনমান উন্নয়নে সুনির্দিষ্ট নীতিমালা ও কর্মসূচি গ্রহণে সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে। শহরে গ্রহকর্মী, রিকশাচালক, গাড়িচালক, চা-দোকানিদের মতো বিভিন্ন অপ্রাতিষ্ঠানিক কাজের সঙ্গে জড়িত ব্যক্তিদের প্রয়োজনীয়তার গুরুত্বটি উল্লেখ করে তাঁদের অধিকার ও মর্যাদা নিশ্চিত করার ব্যাপারেও সুপারিশ করা হয়েছে প্রতিবেদনে।
অ্যাকশনএইডের কান্ট্রি ডিরেক্টর ফারাহ কবিরের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা ও অ্যাকশনএইড বাংলাদেশের কোষাধ্যক্ষ এম হাফিজ উদ্দিন খান, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) প্রধান নগর পরিকল্পনাবিদ শাহিনুল ইসলাম খান প্রমুখ।