যুক্তরাজ্য এমনি এমনি শুল্কমুক্ত সুবিধা দেবে না
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়া বা ব্রেক্সিট নিয়ে বাংলাদেশকে আরও সক্রিয় ভূমিকা পালনের তাগিদ দিয়েছেন সাবেক ব্রিটিশ ঔপনিবেশিক দেশগুলোর সংস্থা কমনওয়েলথের বাণিজ্য উপদেষ্টা ও বাণিজ্য নীতি বিভাগের প্রধান মোহাম্মদ আবদুর রাজ্জাক। তিনি বলেছেন, ব্রেক্সিটের পরে যুক্তরাজ্য বাংলাদেশকে এমনি এমনি শুল্কমুক্ত সুবিধা দেবে না। এ সুবিধা আদায় করতে বাংলাদেশ স্বল্পোন্নত দেশগুলোর (এলডিসি) নেতৃত্ব দিতে পারে। অথবা যুক্তরাজ্যের সঙ্গে অনানুষ্ঠানিক আলোচনার মাধ্যমে এখনকার বাণিজ্য সুবিধা বহাল রাখার বিষয়ে একটি আগাম প্রতিশ্রুতি আদায় করতে পারে।
‘বাংলাদেশ ও অন্যান্য উন্নয়নশীল দেশের ক্ষেত্রে ব্রেক্সিট কী অর্থ বহন করে?’ শীর্ষক এক বক্তৃতায় গতকাল মঙ্গলবার আবদুর রাজ্জাক এসব কথা বলেন। সাউথ এশিয়ান নেটওয়ার্ক অন ইকোনমিক মডেলিং (সানেম) আয়োজিত ওই বক্তৃতা অনুষ্ঠানে বাংলাদেশের ওপর ব্রেক্সিটের সম্ভাব্য নেতিবাচক প্রভাবের একটি খতিয়ানও তুলে ধরেন আবদুর রাজ্জাক। তাঁর হিসেবে, ব্রেক্সিটের কারণে ব্রিটিশ মুদ্রার মূল্য আগামী এক বছর গড়ে ১০ শতাংশ কম থাকলে বাংলাদেশ রপ্তানি আয়, প্রবাসী আয় ও সহায়তা বাবদ যে পাউন্ড স্টার্লিং পায়, তার ক্রয়ক্ষমতা ৪৩ কোটি ডলার কমে যাবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা। যুক্তরাজ্য অগ্রাধিকারমূলক বাজার সুবিধার (জিএসপি) আওতায় শুল্কমুক্ত সুবিধা না দিলে বাংলাদেশি পণ্যকে সাড়ে ২৬ কোটি ডলার শুল্ক দিতে হবে, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ২ হাজার ১০০ কোটি টাকা।
রাজধানীর গুলশানে সানেম কার্যালয়ে আয়োজিত ওই বক্তৃতা অনুষ্ঠানে আরেক বক্তা ছিলেন সংস্থাটির নির্বাহী পরিচালক সেলিম রায়হান। দর্শকসারিতে থাকা ইউরোপীয় ইউনিয়নের ঢাকা কার্যালয়ের সাবেক বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজীও অনুষ্ঠানে বিভিন্ন বিষয়ে কথা বলেন। সেলিম রায়হান নিজের একটি বিশ্লেষণ তুলে ধরে বলেন, ব্রেক্সিটের পরে যুক্তরাজ্য যদি বাংলাদেশের ওপর শুল্ক আরোপ করে, তাহলে এ দেশের রপ্তানি আয় ৩২ কোটি ৮০ লাখ ডলার কমতে পারে (প্রায় ২ হাজার ৬০০ কোটি টাকা), যা দেশের মোট রপ্তানি আয়ের প্রায় ১ শতাংশ। উল্লেখ্য, যুক্তরাজ্যের এখন আলাদা কোনো শুল্ক কাঠামো নেই। ব্রেক্সিটের পর তারা ইইউর শুল্ককাঠামো গ্রহণ করতে পারে, যেখানে গড় শুল্কহার ১২ শতাংশ। বাংলাদেশকে এ শুল্ক দিতে হয় না।
ইইউ থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়া ২০১৯ সালের মার্চের মধ্যে শেষ হওয়ার কথা রয়েছে।
আবদুর রাজ্জাক বলেন, ব্রেক্সিটের কারণে অনিশ্চয়তা তৈরি হয়েছে, যা বিনিয়োগ কমিয়ে দেবে। এতে যুক্তরাজ্যের অর্থনীতির প্রবৃদ্ধির হার কমবে। এমনকি এই অনিশ্চয়তা পুরো ইউরোপকে আক্রান্ত করতে পারে। তিনি বলেন, যুক্তরাজ্য ইউরোপের শুল্ককাঠামো গ্রহণ করলেও কিছু যোগ-বিয়োগ করতে পারে। দেশটি বাংলাদেশকে এমনিতেই শুল্কমুক্ত সুবিধা দিয়ে দেবে, এটা ভাবার কোনো কারণ নেই।
ব্রেক্সিটের পর যুক্তরাজ্যের বাজারে ঢুকতে আলাদা মানকাঠামো, নিয়মকানুন মানা এবং ক্রেতা খুঁজতে হতে পারে বলে উল্লেখ করেন আবদুর রাজ্জাক। তিনি বলেন, ‘ইইউ থেকে বেরিয়ে যাওয়ার আগে যুক্তরাজ্য কোনো আনুষ্ঠানিক বাণিজ্য আলোচনা শুরু করতে পারবে না। বাংলাদেশের উচিত শুল্কমুক্ত সুবিধার বিষয়ে যুক্তরাজ্যের কাছ থেকে অনানুষ্ঠানিক প্রতিশ্রুতি আদায়ের চেষ্টা করা। এর জন্য ২০১৯ সাল পর্যন্ত অপেক্ষা করা যাবে না।’ যুক্তরাজ্য থেকে বিনিয়োগ টানার পরামর্শও দেন তিনি।
অনুষ্ঠানে ২০২১ সাল নাগাদ বাংলাদেশের উন্নয়নশীল দেশ হওয়ার প্রসঙ্গটি উঠে আসে। সেলিম রায়হান বলেন, বাংলাদেশ এত দিন শুধু বাণিজ্য সুবিধা পেয়ে আসছে। তবে বাণিজ্য নীতির ক্ষেত্রে এখন বাংলাদেশকে সক্রিয় হতে হবে।