যে ব্যবস্থা গেটস, জাকারবার্গদের শীর্ষ ধনী হওয়ার পথ প্রশস্ত করেছে

পুঁজিবাদের পশ্চিমা ধারাটিকে উদারবাদী মেধাকেন্দ্রিক হিসেবে বর্ণনা করা চলে। গত ৪০ বছরে এই ধারাটিই ফেরি করছে যুক্তরাষ্ট্রসহ পশ্চিমা দেশগুলো। বিষয়টি বুঝতে হলে পুঁজিবাদের আগের দুটি ধারা ধ্রুপদি পুঁজিবাদ ও সোশ্যাল ডেমোক্রেটিক পুঁজিবাদের মধ্যকার তুলনার দিকে তাকানো যেতে পারে। দ্বিতীয় ধারাটির ওপর ভিত্তি করেই দ্বিতীয় বিশ্বযুদ্ধোত্তর ইউরোপ ও উত্তর আমেরিকার কিছু দেশ কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার দিকে হেঁটেছিল, যার বেশ কয়েকটি এখনো বেশ ভালোভাবে টিকে আছে। বলার অপেক্ষা রাখে না যে সমাজতন্ত্রের কথা বলে ব্রিটিশ ও মার্কিন রাজনীতিকদের একাংশ এখন যে প্রস্তাবটি হাজির করছে, তা–ও এই ধারারই সম্প্রসারণমাত্র।
উনবিংশ শতকের ধ্রুপদি পুঁজিবাদে পুঁজিপতি বলতে তাকেই বোঝাত, যে বিনিয়োগ করবে, বা যার অধীনে থাকবে মালিকানা এবং সে অবধারিতভাবেই কাজ করবে না। শ্রমিকের কাজের ফলভোগই তার সমৃদ্ধির কারণ হবে। কিন্তু বর্তমানের কাঠামোটি পুঁজিপতির এই আলস্যকে প্রশ্রয় দেয় না। এই ব্যবস্থা বলে, পুঁজিপতিকে শ্রম ও অর্থ—দুভাবেই ধনী হতে হবে। ফলে এখনকার পুঁজিপতিরা বিনিয়োগ ও কাজ দুভাবেই আয় করেন। পূর্বতন ধারার মতোই অর্থনৈতিক আভিজাত্য অর্জন ও তার বিস্তৃতির কৌশল হিসেবে বিয়ে বা পরিবার গঠন একটি অস্ত্র হিসেবে এখনো কার্যকর রয়েছে। এটি অবশ্য যেকোনো সমাজেই অনেক আগে থেকেই প্রচলিত একটি প্রথা। যে কারণে, রাজকন্যার বিয়ে রাজপুত্রের সঙ্গে হওয়াটাই দস্তুর। সে যাই হোক, সমাজের অভিজাত শ্রেণির আভিজাত্য টিকিয়ে রাখা বা এর বিস্তৃতির পন্থাটি একই থাকলেও এটি অর্জনের পথটি বদলে গেছে। আগে যেখানে অর্থায়নকারী বলতেই অর্থনৈতিক অভিজাত বোঝাত, বর্তমানে সে স্থানটি আর এটুকুতে সীমাবদ্ধ নেই। এ জায়গাটি দখল করেছে করপোরেট ব্যবস্থাপক, ওয়েব ডিজাইনার, চিকিৎসক, বিনিয়োগ ব্যাংকারসহ নানা পেশাজীবী। বাজারকে উন্মুক্ত ও সবকিছুকে পণ্য বানানোর মধ্য দিয়েই এই পরিবর্তনটি সাধিত হয়েছে।
বর্তমান পশ্চিমা পুঁজিবাদী কাঠামোয় শ্রমিক বা উৎপাদন ঘনিষ্ঠ লোকমাত্রই দুর্দশাগ্রস্ত। কারণ, ব্যক্তিস্বাধীনতার কথা জোর গলায় বলা হলেও এ ব্যবস্থায় কোনো উৎপাদনই আর ব্যক্তির নিয়ন্ত্রণে থাকছে না। অন্যদিকে ব্যবসায়িক প্রতিষ্ঠানকে অস্বাভাবিক রকমের স্বাধীনতা দেওয়ায় তা স্বেচ্ছাচারিতায় রূপান্তরিত হয়েছে। ফলে ধ্রুপদি পুঁজিবাদী সমাজে যে শক্তিশালী শ্রমিক ইউনিয়নের দেখা মিলত, তা এখন হাওয়ায় মিলিয়ে গেছে বলা যায়। শ্রমিক ইউনিয়ন হয় নিশ্চিহ্ন করে দেওয়া হয়েছে, নয়তো একে দুর্নীতিগ্রস্ত করা হয়েছে। আর শতধাবিভক্ত ইউনিয়নের কথা না হয় অনুক্তই থাকল। ফলে অর্থনৈতিক অসাম্য কমানোর শেষ অস্ত্রটিও হারিয়ে বসেছে অনভিজাতরা।
শ্রমিক ইউনিয়নগুলো নিঃশেষ করে দেওয়ার পথে পশ্চিমা পুঁজিতন্ত্র যে ভাঁওতাটি দিয়েছে, তা হলো এই ব্যবস্থা উত্তরাধিকার সূত্রে যে বিত্তের মালিক নয়, তাকেও বিত্তবান হওয়ার সুযোগ দিচ্ছে। মেধার বিকাশ ও সুযোগের সাম্যের মতো বিষয়কে সামনে এনে এটি এর অন্তর্নিহিত বৈষম্যের বীজটিকে আড়াল করতে পারছে। এখনকার বিল গেটস, ওয়ারেন বাফেট, মার্ক জাকারবার্গ বা জ্যাক মার মতো ধনীরা তাই অনায়াসে বলতে পারছেন যে তাঁরা তাঁদের নিজ মেধাবলেই শীর্ষ ধনী। কিন্তু সত্য হচ্ছে, পুঁজির বিদ্যমান ব্যবস্থাটি আয় ও সম্পদের চুয়ে পড়ার পথটিও বন্ধ করে দিয়েছে। ফলে ব্যবস্থাটিই আদতে তাঁদের আদি পুঁজি হিসেবে ক্রিয়া করেছে, যা শিক্ষা থেকে শুরু করে সব ধরনের বিষয়কে অধিকার থেকে সুযোগে রূপান্তরিত করেছে। আর এটিই গেটস, মা, জাকারবার্গদের শীর্ষ ধনী হওয়ার পথটি প্রশস্ত করেছে।

এই করপোরেট পুঁজি ও তার ধারকেরা অবধারিতভাবেই রাষ্ট্র এবং আরও বড় পরিসরে বিশ্বের নীতি প্রণয়নে বড় প্রভাবক হওয়ার চেষ্টা করে। এটি ছাড়া তার অন্য কোনো গত্যন্তরও নেই। কারণ, পুঁজির কাঠামোটিই এমন যে, রাজনৈতিক ক্ষমতা ছাড়া এখানে দীর্ঘ মেয়াদে নিজের অর্থনৈতিক অবস্থানটি টিকিয়ে রাখা একেবারে অসম্ভব। তাই এ ধনাঢ্য ব্যক্তিদের সবাই কোনো না কোনো গবেষণা প্রতিষ্ঠান, রাষ্ট্রীয় সংস্থা, আন্তর্জাতিক দাতব্য সংস্থা থেকে শুরু করে নানা ক্ষেত্রে বিপুল অঙ্কের অর্থ বিনিয়োগের মাধ্যমে নিজেদের ক্ষমতার বলয়টি তৈরি ও সম্প্রসারণ করেন। যুক্তরাষ্ট্রের রাজনীতিতে ন্যাশনাল রাইফেলস অ্যাসোসিয়েশনের প্রভাবের বিষয়টি তো সুবিদিত। এমন বহু সংস্থা প্রতিটি দেশেই নিয়ন্ত্রকের ভূমিকায় থাকে। ফলে এদের দ্বারা প্রভাবিত নীতি ৯০ শতাংশের পাল্লায় পড়া সাধারণের জন্য অনুকূল কোনো নীতি ততক্ষণ গ্রহণ করে না, যতক্ষণ না তাদের ব্যবস্থাটি ভেঙে পড়ার শঙ্কা তৈরি হয়। উচ্চ আয়ের ওপর নিম্ন করহার, করপোরেট খাতে কর রেয়াতের মতো নীতি এরই প্রমাণ বহন করে।
চীনের নিয়ন্ত্রিত পুঁজিবাদের মডেলটিও যে এ থেকে খুব একটা আলাদা তা নয়। সেখানেও অর্থনৈতিক ও রাজনৈতিক অভিজাতদের মধ্যে গাঁটছড়া দেখা যায়। দেশটির যাবতীয় নীতি রাজনীতিকদের ওপর নির্ভরশীল হলেও এর সঙ্গে শীর্ষ ধনীদের সংযোগটি এখন আর অপ্রকাশ্য নয়। ফলে উদারবাদী পুঁজি কাঠামোর প্রায় অনুরূপ একটি দশা তৈরি হয়েছে এ ক্ষেত্রেও। তাই ১৯৪৯ সালের সমাজতান্ত্রিক বিপ্লব, ১৯৬০-এর দশকে সাংস্কৃতিক বিপ্লবের পথ ধরে চীনের বিভিন্ন শ্রেণির মানুষ উঠে এসে বর্তমান পুঁজি কাঠামোর উচ্চস্তরে পৌঁছানোর যে সুযোগ পেয়েছিল, তা ভবিষ্যতে আর অক্ষুণ্ন থাকবে না বলেই মনে হয়।
বিবদমান দুটি ব্যবস্থাই সমাজে বিদ্যমান শ্রেণির ক্ষেত্রেও একটি বড় ধরনের পরিবর্তন নিয়ে এসেছে। দুটি ক্ষেত্রেই এই পরিবর্তন সবচেয়ে বেশি দৃষ্টিগ্রাহ্য হয় বহুধাবিভক্ত মধ্যবিত্ত শ্রেণির মধ্যে। সর্বনিম্ন ও সর্বোচ্চ শ্রেণির মধ্যে অর্থনৈতিক ব্যবধান বৃদ্ধির সঙ্গে সঙ্গে এ দুই ব্যবস্থা বহুসংখ্যক শ্রেণির জন্ম দিয়েছে, যাকে আর শুধু উচ্চ, মধ্যম ও নিম্ন মধ্যবিত্ত শ্রেণির বেড়ায় আটকে রাখা যাচ্ছে না। এর সুদূরপ্রসারী প্রভাব পড়েছে জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন সংকটে প্রতিরোধ শক্তির ঐক্যবদ্ধ হওয়ার ওপর। গত কয়েক বছরের উদাহরণগুলো সামনে আনলে এমন কোনো যূথবদ্ধ আন্দোলনের নিশানা পাওয়া যাবে না, যা দীর্ঘ মেয়াদে ঐক্যবদ্ধ থেকে নিজেদের দাবি আদায়ে সমর্থ হয়েছে। দুই ব্যবস্থাতেই পুঁজিবাদের টিকে থাকার এই বিভাজনের নীতিটিই শেষ পর্যন্ত বিজয়ী বলা যায়।
কথা হচ্ছে, বিশ্বব্যাপী ক্রমবর্ধমান বৈষম্যের তবে কী হবে? এর উত্তর সম্ভবত রয়েছে এ দুই কাঠামোর চলমান দ্বৈরথের ফলাফল এবং তাতে উপনীত হওয়ার পথে বিকল্প অর্থনৈতিক কাঠামোর প্রস্তাবক হিসেবে সমাজতান্ত্রিকেরা নিজেদের কীভাবে প্রস্তুত করেন তার ওপর। এ ক্ষেত্রে সমাজতন্ত্রীদের মূল চ্যালেঞ্জটি হচ্ছে পূর্বতন শ্রেণিবিভক্ত সমাজের সংজ্ঞা থেকে বেরিয়ে এসে পরিবর্তিত বিশ্বের শ্রেণি কাঠামোটি পাঠ করা ও এর চরিত্র নির্ধারণ করা।
(শেষ)
আরও পড়ুন:
পর্ব-১
কোন পথে হাঁটছে বৈশ্বিক অর্থনীতি
পর্ব-২
নিয়ন্ত্রিত না উদার পুঁজি, কোনটি এগিয়ে