রপ্তানি আয় বেড়েছে, কমেছে গতি

চলতি ২০১৪-১৫ অর্থবছরের প্রথম নয় মাস অর্থাৎ জুলাই-মার্চ সময়ে ২ হাজার ২৯০ কোটি ৪৭ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৫ শতাংশ কম হলেও গত অর্থবছরের একই সময়ের চেয়ে ২ দশমিক ৯৮ শতাংশ বেশি।
মোট রপ্তানির ৮৩ শতাংশই তৈরি পোশাক খাত থেকে এসেছে। তবে চলতি বছরের জানুয়ারি থেকে টানা তিন মাস হরতাল-অবরোধ থাকায় আগামী মাসগুলোতে এর প্রভাব পড়তে পারে বলে রপ্তানিকারকেরা আশঙ্কা করছেন।
পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর নেতারা বলছেন, এ সময় ক্রয়াদেশ কমেছে। পোশাকের আন্তর্জাতিক ক্রেতারা দেশে আসেননি। এসবের নেতিবাচক প্রতিফলন মে-জুন মাসের পরিসংখ্যানে দেখা যেতে পারে। সে জন্য রপ্তানি আয় আপাতত সন্তোষজনক হলেও ভবিষ্যতে সেটি অব্যাহত না-ও থাকতে পারে।
গত ২০১৩-১৪ অর্থবছরের প্রথম নয় মাসে পণ্য রপ্তানি আয়ে প্রবৃদ্ধি ছিল ১২ দশমিক ৮৮ শতাংশ। বর্তমানে সেটি কমে ২ দশমিক ৯৮ শতাংশে নেমেছে। সেই হিসাবে এবারে রপ্তানি আয় বৃদ্ধির গতি প্রায় তিন-চতুর্থাংশ কমেছে।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার রপ্তানির হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করে। এতে দেখা যায়, আলোচ্য নয় মাসে তৈরি পোশাক, চামড়ার পাদুকা, পাট ও পাটজাত পণ্য, কৃষিজাত পণ্য, হোম টেক্সটাইল, বাইসাইকেল, রাসায়নিকসহ প্রধান রপ্তানি পণ্যগুলোতে আড়াই থেকে ২৮ শতাংশ পর্যন্ত প্রবৃদ্ধি হয়েছে। এ জন্যই মোট পণ্য রপ্তানিতে ইতিবাচক ধারা লক্ষ্য করা গেছে।
আলোচ্য সময়ে পোশাক খাতে মোট রপ্তানি আয় হয়েছে ১ হাজার ৮৬২ কোটি ৬২ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ৭৩ শতাংশ কম, তবে গত অর্থবছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ১৬ শতাংশ বেশি। পোশাক খাতের মধ্যে নিট ও ওভেন পোশাক থেকে যথাক্রমে ৯০৬ কোটি ও ৯৫৫ কোটি ডলার এসেছে। নিটে ২ দশমিক ৬৯ ও ওভেনে ৩ দশমিক ৬৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।
বাংলাদেশ রপ্তানিকারক সমিতির (ইএবি) সভাপতি ও বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী গতকাল প্রথম আলোকে বলেন, রাজনৈতিক অস্থিরতায় ক্রয়াদেশ কমেছে। এপ্রিল মাস থেকে সেটির প্রভাব পড়বে। এই ৩ শতাংশ প্রবৃদ্ধি না-ও থাকতে পারে।
আব্দুস সালাম মুর্শেদী আরও বলেন, ‘রাজনৈতিক অস্থিরতা ও রানা প্লাজা ধসের ঘটনায় আমরা ধাক্কা খেয়েছি। আমাদের প্রতিযোগী দেশগুলো রপ্তানিতে ১৫-২০ শতাংশ প্রবৃদ্ধি করছে। ফলে আমরা কতটা পিছিয়ে আছি, সেটি সহজেই বোঝা যায়।’
এদিকে শুধু মার্চ মাসে সার্বিক রপ্তানি আয় হয়েছে ২৫৯ কোটি ডলার, যা গত বছরের একই সময়ের চেয়ে সাড়ে ৭ শতাংশ বেশি।
চলতি অর্থবছরের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৩ হাজার ৩২০ কোটি ডলার। গত অর্থবছর আয় হয়েছিল ৩ হাজার ১৮ কোটি ডলার, তখন প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ।