রপ্তানি আয়ে প্রবৃদ্ধি আবার তলানিতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র এক মাসের ব্যবধানেই দেশের পণ্য রপ্তানি আয় আবার তলানিতে চলে গেছে। গত আগস্টে রপ্তানি প্রবৃদ্ধি ২৭ শতাংশ হলেও সেপ্টেম্বরে তা আড়াই শতাংশে নেমে গেছে। তবে অর্থবছরের প্রথম তিন মাসে (জুলাই-সেপ্টেম্বর) সামগ্রিক পণ্য রপ্তানির প্রবৃদ্ধি হয়েছে মাত্র শূন্য দশমিক ৮৩ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম তিন মাসে ৭৭৫ কোটি ৮৯ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় ৮১০ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৪ দশমিক ২৫ শতাংশ কম।

এ ছাড়া শুধু সেপ্টেম্বরে ২৬১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এই আয় গত বছরের সেপ্টেম্বরের ২৫৫ কোটি ডলারের চেয়ে আড়াই শতাংশ এবং আলোচ্য সময়ের ২৪৪ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ৭ শতাংশ বেশি। গত আগস্টে ২৭৫ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।

ইপিবির তথ্য অনুযায়ী, সেপ্টেম্বরে তৈরি পোশাক, পাট ও পাটজাত পণ্য, প্রকৌশল পণ্য, টেরি টাওয়েল, হিমায়িত মাছ ও চামড়াবিহীন পাদুকায় কিছুটা প্রবৃদ্ধি হলেও অন্য প্রধান পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। আর এ জন্যই সামগ্রিকভাবে রপ্তানি আয়ে নেতিবাচক প্রভাব পড়েছে।

মোট পণ্য রপ্তানির মধ্যে ৮৩ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে, ৬৪৩ কোটি ৫২ লাখ ডলার। এই আয় লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ২৬ শতাংশ কম। তবে গত অর্থবছরের একই সময়ের তুলনায় ৩ দশমিক ৫১ শতাংশ বেশি। গত আগস্ট শেষে পোশাক রপ্তানিতে ৬ শতাংশ প্রবৃদ্ধি হয়েছিল। সেই হিসাবে এক মাসের ব্যবধানে পোশাক রপ্তানির প্রবৃদ্ধি প্রায় অর্ধেক কমে গেছে।

চলতি অর্থবছরের প্রথম তিন মাসে ২৭ কোটি ডলারের চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি হয়। এর মধ্যে চামড়ার তৈরি পাদুকা রপ্তানি থেকে এসেছে ১২ কোটি ডলার। এই আয় গত বছরের একই সময়ের ৩০ কোটি ডলারের চেয়ে ১১ শতাংশ কম।

চলতি অর্থবছর ৩ হাজার ৩৫০ কোটি ডলারের পণ্য রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। গত অর্থবছর আয় হয়েছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।