রপ্তানি আয়ে প্রবৃদ্ধি আরও কমেছে
দেশের পণ্য রপ্তানি আয়ে নিম্ন প্রবৃদ্ধির ধারা অব্যাহত আছে। বরং আগের চেয়ে কিছুটা কমেছে। ২০১৬-১৭ অর্থবছরের প্রথম ১০ মাস শেষে পণ্য রপ্তানিতে প্রবৃদ্ধি ছিল ৩ দশমিক ৯২ শতাংশ। তবে ১১ মাস শেষে সেটি কমে হয়েছে ৩ দশমিক ৬৭ শতাংশ।
চলতি অর্থবছরের জুলাই-মে পর্যন্ত ১১ মাসে দেশের পণ্য রপ্তানি আয় হয়েছে ৩ হাজার ১৭৯ কোটি মার্কিন ডলার। গত অর্থবছরের একই সময় রপ্তানি আয় ছিল ৩ হাজার ৬৬ কোটি ডলার। তার মানে এবার আয় বেড়েছে ১১৩ কোটি ডলার বা ৩ দশমিক ৬৭ শতাংশ।
এদিকে চলতি অর্থবছর ৩ হাজার ৭০০ কোটি ডলারের পণ্য রপ্তানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে সরকার। সেই হিসাবে চলতি জুন মাসে ৫২১ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। গত ১১ মাসের মধ্যে জানুয়ারিতে সর্বোচ্চ ৩৩১ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল। সর্বশেষ গত মে মাসে রপ্তানি হয়েছে ৩০৬ কোটি ডলারের পণ্য। সেই হিসাবে অলৌকিক কিছু না ঘটলে এবার রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না, এটি প্রায় নিশ্চিত।
বাণিজ্য মন্ত্রণালয়ের আওতাধীন রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল মঙ্গলবার পণ্য রপ্তানি আয়ের হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে পোশাক রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে মাত্র ২ দশমিক ১৬ শতাংশ। শীর্ষ রপ্তানি আয়ের এই খাতের দুর্দশার কারণে সামগ্রিক রপ্তানিতে নেতিবাচক প্রভাব ফেলেছে। অবশ্য কয়েক মাস ধরেই এমন অবস্থাই চলে আসছে।
চলতি অর্থবছরের প্রথম ১১ মাসে ২ হাজার ৫৬২ কোটি ডলারের পোশাক রপ্তানি হয়েছে। গত অর্থবছর এই সময়ে রপ্তানি হয়েছিল ২ হাজার ৫০৮ কোটি ডলারের পোশাক। অর্থাৎ পোশাক রপ্তানি বেড়েছে ২ দশমিক ১৬ শতাংশ। এর মধ্যে নিট পোশাক রপ্তানিতে ৪ দশমিক ৯১ শতাংশ প্রবৃদ্ধি হলেও ওভেন পোশাকে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিক অর্থবছরের ১১ মাসে দ্বিতীয় শীর্ষ রপ্তানি খাত চামড়া ও চামড়াজাত পণ্যে ১১২ কোটি ডলারের রপ্তানি আয় হয়েছে। এ ক্ষেত্রে প্রবৃদ্ধি হয়েছে ৯ দশমিক ১৭ শতাংশ।
গত বৃহস্পতিবার জাতীয় সংসদে আগামী অর্থবছরের প্রস্তাবিত বাজেট বক্তব্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত রপ্তানি খাত নিয়ে বলেন, ‘বিশ্ব বাজারে বহুমুখী প্রতিকূলতার কারণে পোশাক খাতে কিছুটা চাপ সৃষ্টি হয়েছে। তবে প্রধান দুই রপ্তানি বাজারের একটি ইউরোপীয় ইউনিয়নে রপ্তানি অনেকখানি বেড়েছে। অন্যদিকে অর্থনৈতিক পুনরুদ্ধার ত্বরান্বিত হওয়ায় যুক্তরাষ্ট্রের বাজারে রপ্তানি বাড়বে বলে আমি বিশ্বাস করি।’
অবশ্য আগামী এক বছরে রপ্তানি পরিস্থিতি উন্নতি হওয়ার আশা কম বলেই মনে করেন নিট পোশাকশিল্প মালিকদের সংগঠন বিকেএমইএর সাবেক সভাপতি ফজলুল হক। গতকাল তিনি প্রথম আলোকে বলেন, ইউরোপ-আমেরিকার ক্রেতাদের পোশাকের চাহিদা কিছুটা কমতির দিকে আছে। তা ছাড়া পোশাকের দাম অনেক কমে গেছে। তবে পোশাক রপ্তানির পরিমাণ বেড়েছে। কারখানাগুলো এই বাড়তি পোশাক তৈরি করে কোনোরকমে টিকে আছে। আমার ধারণা, আগামী এক বছরে রপ্তানির বড় পরিবর্তন হওয়ার সুযোগ কম। এ সময় রপ্তানি প্রবৃদ্ধি ৫ শতাংশের ওপরে নিয়ে যাওয়া খুব কঠিন হবে।
বর্তমান পরিস্থিতিতে করণীয় কী জানতে চাইলে ফজলুল হক বলেন, পোশাক কারখানা মালিকদের চেষ্টা ও উদ্যোগ অব্যাহত রাখতে হবে। অন্যদিকে সরকারকে সহায়তা দিতে হবে, যাতে করে রপ্তানিকারকদের সক্ষমতা বৃদ্ধি পায়।