রপ্তানি আয়ে স্বস্তি, আট মাসে ৯ শতাংশ প্রবৃদ্ধি

দেশের পণ্য রপ্তানি আয় স্বস্তির মধ্যেই আছে। পাঁচ মাস ধরে পণ্য রপ্তানি আয়ে ১০ শতাংশের ওপরে প্রবৃদ্ধি হচ্ছে। অক্টোবরে সর্বোচ্চ ২১ শতাংশ প্রবৃদ্ধি হয়। সর্বশেষ ফেব্রুয়ারি মাসে ২৮৫ কোটি ডলারের বিপরীতে প্রবৃদ্ধি হয়েছে ১৩ দশমিক ৬০ শতাংশ।
সব মিলিয়ে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাস অর্থাৎ জুলাই-ফেব্রুয়ারি সময়ে ২ হাজার ২১২ কোটি ৩৭ লাখ ডলারের রপ্তানি আয় হয়েছে। এই আয় গত ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ের ২ হাজার ৩১ কোটি ১৭ লাখ ডলারের চেয়ে ৮ দশমিক ৯২ শতাংশ বেশি। একই সঙ্গে তা আট মাসের ২ হাজার ১৬১ কোটি ৫০ লাখ ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৩৫ শতাংশ বেশি।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) গতকাল রোববার সকালে রপ্তানি আয়ের এই হালনাগাদ পরিসংখ্যান প্রকাশ করেছে। এতে দেখা যায়, বরাবরের মতো মোট রপ্তানি আয়ের সর্বোচ্চ ৮১ দশমিক ৯৩ শতাংশ তৈরি পোশাক খাত থেকে এসেছে। দ্বিতীয় সর্বোচ্চ রপ্তানি আয় চামড়া ও চামড়াজাত পণ্য থেকে হয়েছে ৭৫ কোটি ২৭ লাখ ডলার।
এদিকে অর্থবছরের আট মাস শেষে পণ্য রপ্তানিতে সামগ্রিক কিংবা মাসিক দুই ক্ষেত্রেই ভালো প্রবৃদ্ধি থাকলেও কৃষিজাত পণ্য, প্লাস্টিক ও হিমায়িত খাদ্যে নেতিবাচক বৃত্ত থেকে বেরোতে পারেনি বাংলাদেশ। টানা আট মাস ধরেই ঋণাত্মক প্রবৃদ্ধি হচ্ছে এই তিন পণ্যে। তবে চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি প্রবৃদ্ধি ইতিবাচক ধারায় ফিরেছে। অর্থবছরের প্রথম সাত মাস টানা ঋণাত্মক প্রবৃদ্ধি হলেও আট মাস শেষে পৌনে ২ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে এই খাতে।
ইপিবির তথ্যানুযায়ী, চলতি অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারি সময়ে তৈরি পোশাক খাত থেকে ১ হাজার ৮১২ কোটি ৭৬ লাখ ডলার আয় হয়েছে। এই আয় গত অর্থবছরের একই সময়ে অর্জিত ১ হাজার ৬৫৫ কোটি ডলারের চেয়ে ৯ দশমিক ৪৭ শতাংশ বেশি। একই সঙ্গে তা ১ হাজার ৭৬৬ কোটি ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে ২ দশমিক ৫৯ শতাংশ বেশি। আলোচ্য সময়ে নিট পোশাক থেকে ৮৬৪ কোটি ৩৪ লাখ এবং ওভেন পোশাক থেকে ৯৪৮ কোটি ৪২ লাখ ডলার রপ্তানি হয়েছে। নিটে প্রবৃদ্ধি ৬ দশমিক ২১ শতাংশ এবং ওভেনে প্রবৃদ্ধি হয়েছে ১২ দশমিক ৭৩ শতাংশ।
জানতে চাইলে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সহসভাপতি মাহমুদ হাসান খান গতকাল প্রথম আলোকে বলেন, ‘পোশাক রপ্তানিতে আমাদের লক্ষ্য হচ্ছে ১২ শতাংশ করে প্রবৃদ্ধি। আশা করছি, শেষ পর্যন্ত সেটি হবে। কারণ, গত আট মাসে দুটি ঈদ গেছে। এ জন্য সব কারখানায় ১৫-২০ দিনের মতো উৎপাদন হয়নি। সামনের চার মাসে বড় উৎসব নেই।’
অপর এক প্রশ্নের জবাবে বিজিএমইএর এই সহসভাপতি বলেন, ‘ইউরোপ-আমেরিকার পাশাপাশি আমরা এখন নতুন নতুন বাজারে রপ্তানি করছি। তাই আগের মতো পোশাকের আলাদা মৌসুম খুব একটা গুরুত্বপূর্ণ না। সারা বছরই মোটামুটি ক্রয়াদেশের চাপ থাকে।’ তিনি জানান, বর্তমানে কারখানাগুলোতে ভালো ক্রয়াদেশ আছে।
এদিকে পোশাকের পাশাপাশি টেরিটাওয়েল, প্রকৌশল পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ রপ্তানিতে ইতিবাচক প্রবৃদ্ধি থাকলেও কৃষিজাত পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য, পাট ও পাটজাত পণ্য, বাইসাইকেল পণ্যে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে। আলোচ্য সময়ে পাট ও পাটজাত পণ্যে ৫৬ কোটি, প্রকৌশল পণ্য রপ্তানিতে ৩৬ কোটি, হোম টেক্সটাইলে ৪৮ কোটি, হিমায়িত খাদ্যে ৩৭ কোটি, কৃষিজাত পণ্যে ৩৫ কোটি, বাইসাইকেলে ৬ কোটি, প্লাস্টিক পণ্যে ৫ কোটি ৮৮ লাখ, ওষুধে ৫ কোটি ৪৭ লাখ, টেরিটাওয়েলে ৩ কোটি ৪০ ডলার আয় হয়েছে।
চলতি অর্থবছর সরকার ৩ হাজার ৩৫০ কোটি ডলারের রপ্তানি আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে। এটি অর্জন করতে হলে আগামী চার মাসে ১ হাজার ১৩৮ কোটি ডলারের পণ্য রপ্তানি করতে হবে। তার মানে প্রতি মাসে গড়ে আয় করতে হবে ২৮৪ কোটি ডলার। গত আট মাসের মধ্যে তিন মাসে এর চেয়ে বেশি পণ্য রপ্তানি আয় হয়েছে। ফলে গেল অর্থবছরের মতো লক্ষ্য অর্জনে ব্যর্থতার ঘটনা এবার হয়তো ঘটবে না। গত অর্থবছর আয় হয়েছিল ৩ হাজার ১২০ কোটি ডলার।