রপ্তানি আয়ের লক্ষ্য এবার ৪,১০০ কোটি ডলার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগেরবারের লক্ষ্য থেকে সামান্য বাড়িয়ে চলতি ২০১৭-১৮ অর্থবছরের জন্য পণ্য ও সেবা খাত মিলিয়ে ৪ হাজার ১০০ কোটি ডলার নতুন রপ্তানি লক্ষ্য নির্ধারণ করেছে সরকার। প্রতি ডলার ৮০ টাকা করে হিসাব করলে বাংলাদেশি মুদ্রায় রপ্তানি লক্ষ্যের পরিমাণ দাঁড়ায় ৩ লাখ ২৮ হাজার কোটি টাকা। গত ২০১৬-১৭ অর্থবছরের রপ্তানি লক্ষ্য ছিল ৪ হাজার ১২ কোটি ৫০ লাখ ডলার।

সচিবালয়ে গতকাল রোববার গত অর্থবছরের রপ্তানি আয় ও চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্য নির্ধারণ-বিষয়ক এক অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ এ তথ্য তুলে ধরেন। অনুষ্ঠানে বিদেশে বাংলাদেশের মিশন ও বাণিজ্যিক উইংগুলোর সাফল্য-ব্যর্থতার চিত্রও তুলে ধরা হয়।

বাণিজ্যমন্ত্রী এ সময় জানান, ২০১৬-১৭ অর্থবছরে পণ্যে ১ দশমিক ৬৯ শতাংশ এবং সেবায় ৫ দশমিক ৫৭ অর্থাৎ গড়ে ১ দশমিক ৯৯ শতাংশ রপ্তানি প্রবৃদ্ধি হয়েছে। আর গতবারের প্রকৃত রপ্তানির তুলনায় চলতি অর্থবছরে পণ্যে ৮ দশমিক ২১ শতাংশ এবং সেবায় ৪ দশমিক ৪২ শতাংশ অর্থাৎ গড়ে ৭ দশমিক ৮৭ শতাংশ প্রবৃদ্ধি ধরা হয়েছে।

বাণিজ্যমন্ত্রী জানান, চলতি অর্থবছরে পণ্য রপ্তানি (কম্পিউটার সেবাসহ) থেকে আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩ হাজার ৭৫০ কোটি ডলার, যা গত অর্থবছরে ছিল ৩ হাজার ৭০০ কোটি ডলার। আর সেবা রপ্তানি (কম্পিউটার সেবা বাদে) থেকে এবার রপ্তানি আয়ের লক্ষ্য ধরা হয়েছে ৩৫০ কোটি ডলার, যা আগেরবার ছিল ৩১২ কোটি ৫০ লাখ ডলার।

গত অর্থবছরে পণ্য রপ্তানি করে ৩ হাজার ৪৮৩ কোটি ৫০ লাখ ডলার এবং সেবা রপ্তানি করে ৩১৭ কোটি ২৮ লাখ ডলার (অনুমিত) আয় হয়েছে বলে তথ্য দেন তোফায়েল আহমেদ। তিনি বলেন, ‘আমি মনে করি ইংল্যান্ডে পাউন্ড ও ইউরোপীয় ইইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলোতে ইউরোর অবমূল্যায়ন না হলে রপ্তানি আয় আরও বেশি হতো।’

৮ দশমিক ১২ শতাংশ প্রবৃদ্ধি ধরে নিট, ওভেনসহ তৈরি পোশাক খাতের রপ্তানি লক্ষ্য করা হয়েছে ৩ হাজার ১৬ কোটি ডলার। গত অর্থবছর তৈরি পোশাক রপ্তানি থেকে আয় হয়েছে ২ হাজার ৮১৪ কোটি ডলার। এর মধ্যে নিট পণ্য থেকে ১ হাজার ৩৭৫ কোটি ডলার ও ওভেন ১ হাজার ৪৩৯ কোটি ডলার আয় হয়েছে।

রপ্তানি আয়ের লক্ষ্যে সর্বোচ্চ ১০ খাতের মধ্যে পোশাকের পরের খাতগুলো হচ্ছে হোম টেক্সটাইল, পাট ও পাটজাত পণ্য, চামড়া ও চামড়াজাত পণ্য, ওষুধ, কৃষিপণ্য, প্রকৌশল পণ্য, হিমায়িত খাদ্য, প্লাস্টিক পণ্য এবং সিরামিক পণ্য। এর মধ্যে সবচেয়ে বেশি ২৭ দশমিক ১৭ শতাংশ প্রবৃদ্ধি প্রকৌশল, ২৬ দশমিক ৫৫ শতাংশ প্রবৃদ্ধি প্লাস্টিক পণ্য এবং ১২ দশমিক ১৫ শতাংশ প্রবৃদ্ধি ওষুধ খাতে ধরা হয়েছে।

অনুষ্ঠানে বিদেশে বাংলাদেশি ১৫ মিশন ও ১৮ বাণিজ্যিক উইংয়ের কার্যক্রমও তুলে ধরা হয়। বলা হয়, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন, যুক্তরাজ্যের লন্ডন, কানাডার অটোয়া, বেলজিয়ামের ব্রাসেলস এবং অস্ট্রেলিয়ার ক্যানবেরা—এই পাঁচ মিশন ২০১৬-১৭ অর্থবছরে রপ্তানি লক্ষ্য অর্জন করতে পারেনি। আর বাণিজ্যিক উইংগুলোর মধ্যে উল্লেখিত পাঁচটিসহ ব্যর্থতার তালিকায় আরও রয়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাই, মালয়েশিয়ার কুয়ালালামপুর, ইরানের তেহরান এবং মিয়ানমারের ইয়াংগুনের নাম।

বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি সফিউল ইসলাম মহিউদ্দিন পণ্য রপ্তানি বৃদ্ধির জন্য স্থিতিশীল নীতি-কৌশলের দরকার বলে মনে করেন। তিনি বলেন, ‘কষ্ট লাগে যে এখনো পণ্যের স্যাম্পল (নমুনা পণ্য) ছাড়াতেই ১০ দিন সময় লাগে।’ চামড়া খাত ভালো করলেও জাহাজ নির্মাণশিল্প নিয়ে হতাশার কথা জানান তিনি।

রাজধানীর হাজারীবাগ থেকে সাভারে ট্যানারিগুলো পুরোপুরি যেতে না পারার জন্য সরকারও কিছুটা দায়ী বলে চামড়া খাতের ব্যবসায়ীরা অনুষ্ঠানে বক্তব্য দেন। এ ব্যাপারে শিল্পসচিব মোহাম্মদ আবদুল্লাহ জানান, আগস্টের প্রথম সপ্তাহে তিনি সাভারে যাবেন এবং আগামী কোরবানি ঈদের আগেই প্রয়োজনীয় পদক্ষেপ নেবেন।

বাণিজ্যসচিব শুভাশীষ বসু, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নমিতা হালদার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান বিজয় ভট্টাচার্য প্রমুখ এ সময় উপস্থিত ছিলেন।