রপ্তানি আয়ের শীর্ষ ২০ বাজারের ১০টিতে ধস
বাংলাদেশের পণ্য রপ্তানির শীর্ষ গন্তব্য যুক্তরাষ্ট্র। এই বাজারে সদ্য বিদায়ী অর্থবছরে ৫৮৪ কোটি ডলার বা ৪৬ হাজার ৭২২ কোটি টাকার পণ্য রপ্তানি হয়েছে। তবে এর আগের অর্থবছরের চেয়ে এই বাজারে রপ্তানি ৬ শতাংশ কমে গেছে। ২০১৫-১৬ অর্থবছরে দেশটিতে রপ্তানি হয়েছিল ৬২২ কোটি ডলারের পণ্য।
কেবল যুক্তরাষ্ট্র নয়, রপ্তানির তৃতীয় শীর্ষ গন্তব্য যুক্তরাজ্যে গত অর্থবছরে ৩৫৬ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর আগের বছরের চেয়ে বাজারটিতে রপ্তানি কমেছে ৬ দশমিক ৩১ শতাংশ। সব মিলিয়ে বাংলাদেশের রপ্তানি পণ্যের শীর্ষ ২০ বাজারের মধ্যে অর্ধেক বা ১০টিতেই গেল অর্থবছরে ধস নেমেছে। বাজারগুলোতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে ২ থেকে পৌনে ১১ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) জানায়, গত ২০১৬-১৭ অর্থবছরে ১ দশমিক ৬৯ প্রবৃদ্ধিতে ৩ হাজার ৪৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ৩ হাজার ৭৫ কোটি ডলার বা ৮৮ শতাংশ রপ্তানি আয় শীর্ষ ২০ বাজার থেকে এসেছে। গত ২০১৫-১৬ অর্থবছরে বাজারগুলোতে ৩ হাজার ৩৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছিল।
কয়েকজন ব্যবসায়ী ও অর্থনীতিবিদ জানান, পণ্যের বৈশ্বিক চাহিদার পাশাপাশি মূল্যও কমে গেছে। সে জন্য অন্য দেশের পাশাপাশি বাংলাদেশের রপ্তানি আয়েও নেতিবাচক প্রভাব পড়েছে। ডলারের বিপরীতে টাকা শক্তিশালী হওয়ায় সেটি আরেকটু বড় হয়েছে। গত বছরে চীনের পণ্য রপ্তানির প্রবৃদ্ধি ৮ শতাংশ এবং ভারতের ১ দশমিক ১ শতাংশ কমেছে। তবে ভিয়েতনাম ও কম্বোডিয়া অবিশ্বাস্যভাবে ডাবল ডিজিট (১০ শতাংশ বা এর বেশি) প্রবৃদ্ধি করেছে।
>গত ২০১৬-১৭ অর্থবছরে ৩ হাজার ৪৮৩ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এর মধ্যে ৮৮ শতাংশ এসেছে শীর্ষ ২০ বাজার থেকে
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সেন্টার ফল পলিসি ডায়ালগের গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম গত রাতে প্রথম আলোকে বলেন, ‘বর্তমান পরিস্থিতিতে প্রণোদনা দিয়ে কাজ হবে না। সরকার পণ্য ও বাজারভিত্তিক একটি বিশ্লেষণ করে দেখতে পারে, এই মন্দার মধ্যে রপ্তানি বাজারে কোন ধরনের পণ্য ভালো চলছে। তাহলে সেই ধরনের পণ্যের ওপর জোর দেওয়া দরকার। এ ছাড়া ভিয়েতনাম ও কম্বোডিয়া কী জন্য ভালো করছে, সেটিও খুঁজে দেখা দরকার। যদিও তাদের রপ্তানি পণ্যের বৈচিত্র্য বেশি। সেগুলো আমরা পারি কি না?’
এসব উদ্যোগের পাশাপাশি কিছু দীর্ঘমেয়াদি কাজ করা প্রয়োজন বলে মনে করেন খন্দকার গোলাম মোয়াজ্জেম। তিনি বলেন, ‘রাশিয়া, ব্রাজিলের মতো উদীয়মান যেসব বাজারে উচ্চ শুল্কের কারণে পণ্য রপ্তানি বাধাগ্রস্ত হচ্ছে, সেই সব বাজারে শুল্ক হ্রাসের জন্য সরকারি পর্যায়ে উদ্যোগ নেওয়া দরকার। এ ছাড়া বিভিন্ন দেশের সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) করতে হবে।’
বাংলাদেশের শীর্ষ রপ্তানি বাজারগুলো হচ্ছে যুক্তরাষ্ট্র, জার্মানি, যুক্তরাজ্য, স্পেন, ফ্রান্স, ইতালি, কানাডা, নেদারল্যান্ডস, জাপান, চীন, বেলজিয়াম, পোল্যান্ড, ডেনমার্ক, ভারত, অস্ট্রেলিয়া, সেন্ট বারথেলমি (ফ্রান্সের একটি উপনিবেশ), তুরস্ক, সুইডেন, রাশিয়া, সংযুক্ত আরব আমিরাত।
গত অর্থবছরে জার্মানিতে ৫৪৭ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। এটি তার আগের বছরের চেয়ে ৯ দশমিক ৭৮ শতাংশ বেশি। এ ছাড়া শীর্ষ ১০ বাজারের মধ্যে কানাডা ও জাপানে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে। কানাডায় গেল অর্থবছরে ১০৭ কোটি ডলারের পণ্য রপ্তানি হয়। এটি তার আগের বছরের ১১১ কোটি ডলারের চেয়ে ৩ শতাংশ কম। জাপানে গত অর্থবছরে ১০২ কোটি ডলার। এই বাজারে রপ্তানি কমেছে ৬ শতাংশ। এ ছাড়া বেলজিয়াম, ভারত, অস্ট্রেলিয়া, সেন্ট বারথেলমি, তুরস্ক ও সংযুক্ত আরব আমিরাতে রপ্তানি প্রবৃদ্ধি কমেছে।
জানতে চাইলে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘রপ্তানি আয়ের দুর্দশা কাটাতে হলে রপ্তানি খাতের জন্য সরকারকে পাঁচ-সাত বছর মেয়াদি একটি নীতি করতে হবে। আমাদের মনে হয়, সব সময় রাজস্ব আহরণের দৃষ্টিকোণ থেকে রপ্তানি খাতকে দেখা হচ্ছে। এতে স্বল্প মেয়াদে সরকার রাজস্ব পেলেও দীর্ঘ মেয়াদে রপ্তানি খাতের প্রতিযোগিতা সক্ষমতা হারাবে।’ তিনি মনে করেন, তৈরি পোশাকের পাশাপাশি অন্য খাতে নজর দেওয়া প্রয়োজন।