
রপ্তানিতে প্রবৃদ্ধি হয়েছে—এটা খুবই আশাবাদী হওয়ার মতো খবর। কেননা এ দেশের অর্থনীতির জন্য রপ্তানি খাতটি বেশ গুরুত্বপূর্ণ। কয়েক মাস ধরেই রপ্তানিতে নেতিবাচক প্রবৃদ্ধি হয়েছে। এই অবস্থা থেকে যদি ঘুরে না দাঁড়ায়, তবে সামনে বিপদ আছে। কিন্তু বছরের শুরুতে রপ্তানি খাতটি ঘুরে দাঁড়াল। এই প্রবৃদ্ধি টেকসই হতে হবে। এখন এই রপ্তানি প্রবৃদ্ধি কতটা টেকসই হয়, তা-ই দেখার বিষয়। আগামী তিন-চার মাস গভীরভাবে পর্যবেক্ষণে রাখতে হবে। যদি আগামী কয়েক মাস রপ্তানি প্রবৃদ্ধি ১০-১৫ শতাংশের মধ্যে থাকে, তাহলে এই প্রবৃদ্ধি টেকসই হবে। কোন কোন বাজারে পণ্যের চাহিদা কেমন, রপ্তানি কত হচ্ছে—এসব দেখতে হবে। গত কয়েক মাস ধরে রপ্তানি খাতের নেতিবাচক প্রবাহ ছিল, তাতে বৈদেশিক লেনদেনের ভারসাম্য ও মুদ্রামানের ওপর চাপ সৃষ্টি করেছিল। আশার কথা হলো, এখন রপ্তানি খাতটি ঘুরে দাঁড়ানোয় এই চাপ কিছুটা কমে আসবে।
তবে মূল্যস্ফীতি নিয়ে আশাবাদী হতে পারছি না। চালের দাম এখনো ঊর্ধ্বমুখী। গরিব মানুষকে উচ্চমূল্যে চাল কিনতে হচ্ছে। জুলাই মাসে মূল্যস্ফীতি কমে যাওয়ার অন্যতম কারণ হলো ঈদের পর সবকিছুর চাহিদা একটু কম থাকে। তাই দামও একটু কমে।