বড় ধরনের কোনো চমক না থাকলেও শঙ্কা কাটিয়ে স্বস্তি ধরে রেখেছে দেশের রপ্তানি খাত। আর প্রবাসে বসবাসকারী বাংলাদেশিরা প্রবাসী-আয় বা রেমিট্যান্সকে নিয়ে গেছেন অন্য উচ্চতায়। ২০১৫ সালের ১১ মাসে দেশে প্রবাসী-আয় এসেছে এক লাখ কোটি টাকারও বেশি। রপ্তানি উন্নয়ন ব্যুরো (ইপিবি) ও বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
সদ্যবিদায়ী ২০১৫ সালের গোড়ার দিকে দেশে যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছিল, তাতে পণ্য রপ্তানি খাতে শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত সরকারি সহায়তা ও নানা কৌশলে পণ্য রপ্তানি স্বাভাবিক রাখেন ব্যবসায়ীরা। ফলে খুব খারাপ কিছুর মুখোমুখি হতে হয়নি এ খাতটিকে। বছর শেষে মোটামুটি স্বস্তিদায়ক এক অবস্থায় ছিল রপ্তানি খাত। যদিও রপ্তানি আয়ে বড় কোনো চমক ছিল না।
>সদ্যবিদায়ী ২০১৫ সালের গোড়ার দিকে দেশে যে রাজনৈতিক সহিংসতা শুরু হয়েছিল, তাতে পণ্য রপ্তানি খাতে শঙ্কা তৈরি হয়। কিন্তু শেষ পর্যন্ত সরকারি সহায়তা ও নানা কৌশলে পণ্য রপ্তানি স্বাভাবিক রাখেন ব্যবসায়ীরা। ফলে খুব খারাপ কিছুর মুখোমুখি হতে হয়নি রপ্তানি খাতকে
এদিকে, রাজনৈতিক সহিংসতার মধ্যেও প্রবাসীদের রেমিট্যান্স প্রবাহ অব্যাহত ছিল, যার কারণে প্রবাসী-আয় নতুন উচ্চতায় উঠেছে।
অর্থবছরের (জুলাই-জুন) হিসাবে পণ্য রপ্তানি আয়ের পরিসংখ্যান বা হিসাব করে ইপিবি। তাঁদের তথ্যানুযায়ী, গত ২০১৩-১৪ অর্থবছরে দেশের রপ্তানি আয় তিন হাজার কোটি মার্কিন ডলারের মাইলফলক স্পর্শ করে। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে রপ্তানি আয় সেটিকে ছাড়িয়ে পৌঁছেছে ৩ হাজার ১২০ কোটি ডলারে। যদিও রপ্তানি আয়ের প্রবৃদ্ধি আগের অর্থবছরের চেয়ে কমে গেছে। ২০১৩-১৪ অর্থবছরের রপ্তানি আয়ের প্রবৃদ্ধি ছিল ১১ দশমিক ৬৫ শতাংশ। ২০১৪-১৫ অর্থবছরে এটি কমে ৩ দশমিক ৩৯ শতাংশে নেমে আসে।
বছরের হিসাবে ২০১৫ সালের ১১ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত) প্রায় ২ হাজার ৯১৭ কোটি ডলার রপ্তানি আয় হয়েছে। গত বছরের একই সময়ে যার পরিমাণ ছিল ২ হাজার ৭৫৭ কোটি ডলার। অর্থাৎ রপ্তানি আয় ৫ দশমিক ৮২ শতাংশ বেড়েছে। ২০১৫ সালে সবচেয়ে বেশি রপ্তানি আয় হয়েছে গত জুন মাসে। ওই এক মাসে রপ্তানি আয় ছিল ৩০৬ কোটি ডলার।
এদিকে পণ্য রপ্তানি আয়ে তৈরি পোশাক খাত বরাবরের মতো শীর্ষস্থান ধরে রাখলেও সর্বশেষ অর্থবছরে তা কিছুটা কমে যায়। তবে চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম পাঁচ মাসে সেটি বেড়েছে। রানা প্লাজা ধসের পর তৈরি পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে বিশ্বজুড়ে যে বিতর্ক তৈরি হয়েছিল, সদ্য বিদায়ী বছরে সেটি অনেকাংশে সামলানো গেছে। বিদেশি ক্রেতাদের সংগঠনের তত্ত্বাবধানে গত বছরটিতে তৈরি পোশাক কারখানার কর্মপরিবেশ যাচাই করা হয়। সে অনুযায়ী সংস্কার কার্যক্রম হাতে নেওয়া হয়েছে, যা এখনো চলমান।
অপরদিকে বাংলাদেশ ব্যাংকের হিসাবে ২০১৫ সালের ১১ মাসে (জানুয়ারি থেকে নভেম্বর পর্যন্ত) দেশে ১ লাখ কোটি বা ১ ট্রিলিয়ন টাকারও বেশি রেমিট্যান্স এসেছে। ডিসেম্বরের হিসাবটি যোগ হলে এটির পরিমাণ আরও বেড়ে যাবে। সর্বশেষ ২০১৪-১৫ অর্থবছরে বিশ্বের ৩০টি দেশের রেমিট্যান্স প্রবাহ পর্যবেক্ষণ করে বিশ্বব্যাংক একটি প্রতিবেদন প্রকাশ করেছে। তাতে বিশ্বের ৩০টি দেশের মধ্যে
বাংলাদেশ দশম। বিশ্বব্যাংকের ওই প্রতিবেদনে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন দেশে ৭৬ লাখ বাংলাদেশি বসবাস করেন। প্রবাসীর সংখ্যার দিক থেকে বাংলাদেশ পৃথিবীর পঞ্চম বৃহত্তম দেশ।