রাজনীতি প্রভাবিত ঋণই বেশি খেলাপি হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

রাজনীতির সঙ্গে জড়িত থাকা ঋণই বেশি খেলাপি হয়ে পড়ছে। আর ঋণ খেলাপি হয়ে পড়ায় মূলধন ঘাটতিও বাড়ছে। ফলে সরকারকে ব্যাংকগুলোতে মূলধন জোগান দিতে হচ্ছে। এটা সরকারের রাজনৈতিক ইচ্ছা। সরকার এটা করতে পারে না। ব্যাংকগুলোতে সুশাসন নিশ্চিত করা গেলে এমনটি করতে হতো না।
টেকসই উন্নয়ন লক্ষ্য অর্জনে ব্যাংক ব্যবস্থার ভূমিকা শীর্ষক কর্মশালায় সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা মির্জ্জা এ বি আজিজুল ইসলাম এসব কথা বলেন। বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) ও অস্ট্রেলিয়ান একাডেমি অব বিজনেস অ্যান্ড সোশ্যাল সায়েন্সের যৌথ উদ্যোগে ব্যাংকার ও গবেষকদের জন্য আন্তর্জাতিক সম্মেলনের শেষ দিনে গতকাল সোমবার এ কর্মশালা হয়। কর্মশালা সঞ্চালনা করেন সোনালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক এস এ চৌধুরী।
মির্জ্জা আজিজুল ইসলাম বলেন, গ্রাহকেরা এক ব্যবসার কথা বলে ঋণ নিয়ে অন্য খাতে স্থানান্তর করছেন। এ জন্য ঋণ খেলাপি হয়ে পড়ছে। আর ঋণ খেলাপি হয়ে পড়ার জন্য ব্যাংকগুলোই মূলত দায়ী। বড় বড় ঋণ বেশি খেলাপি হয়ে পড়ছে, ছোট ঋণগুলো নিয়মিতই থাকছে। তাই ব্যাংকগুলোকে এদিকে বেশি নজর দিতে হবে।
খেলাপি ঋণ আদায় ও ঋণ পুনর্গঠন বিষয়ে তিনি বলেন, খেলাপি ঋণ আদায়ে ব্যাংকগুলো অর্থঋণ আদালতে গেলেও সেভাবে নিষ্পত্তি হচ্ছে না। মামলার তুলনায় বিচারক কম। সরকার অতিরিক্ত বিচারক নিয়োগ দিয়ে এসব মামলা নিষ্পত্তি করতে পারে। যেসব গ্রাহকের প্রতি ব্যাংকগুলো দুর্বল, তাদের ঋণ পুনর্গঠন করা হয়েছে। আইনি প্রক্রিয়ায় এসব ঋণ আদায়ের ব্যবস্থা করা যেতে পারে।
সুদের হার ও ব্যাংক একীভূত বিষয়ে মির্জ্জা আজিজ বলেন, ঋণ ও আমানতের সুদের হারের ব্যবধান (স্প্রেড) ৫ শতাংশ নির্ধারণ করা হয়েছে, এটা কীভাবে এল, কারা করল। স্প্রেড সর্বোচ্চ ৩ থেকে সাড়ে ৩ শতাংশ হতে পারে। পৃথিবীর সব দেশেই স্প্রেড এমন। স্প্রেড কমিয়ে আনলে সুদের হার কমে আসবে। বাংলাদেশের অর্থনীতির তুলনায় ব্যাংকের সংখ্যা অনেক। এটা অপ্রত্যাশিত। কয়েকটি ব্যাংক একীভূত করা যেতে পারে।
‘আর্থিক অন্তর্ভুক্তি: বৈশ্বিক প্রেক্ষাপট’ শীর্ষক কর্মশালায় বিশ্বব্যাংক ঢাকা কার্যালয়ের মুখ্য অর্থনীতিবিদ জাহিদ হোসেন বলেন, আর্থিক খাত বড় হচ্ছে, এ জন্য কিছু পীড়া সহ্য করতেই হবে। তবে বাংলাদেশে ঋণখেলাপি সংস্কৃতি ক্যানসারের মতো হয়ে গেছে। ব্যাংকগুলো এটা চরমভাবে বুঝতে পারছে। এসব থেকে বাঁচতে নিয়ন্ত্রক সংস্থার জবাবদিহি নিশ্চিত করতে হবে। কর্মশালাটি সঞ্চালনা করেন পূবালী ব্যাংকের সাবেক ব্যবস্থাপনা পরিচালক হেলাল আহমেদ চৌধুরী।
জাহিদ হোসেন বলেন, ঋণের অর্থ আদায়ে বাংলাদেশে আইনি ব্যবস্থা এত কঠোর না। ঋণখেলাপি ধরতে কার্যত কোনো আইনও নেই। এসব থাকলে খেলাপি হওয়া কমত।
আর্থিক অন্তর্ভুক্তি: বৈশ্বিক প্রেক্ষাপট শীর্ষক প্রবন্ধে বলা হয়, যখন মানুষ আর্থিক ব্যবস্থার মধ্যে প্রবেশ করে, তখন আগের চেয়ে ব্যবসা শুরু ও বাড়াতে আগের চেয়ে বেশি স্বস্তিতে থাকে। তখন শিক্ষায় বিনিয়োগ করতে পারে, ঝুঁকি ব্যবস্থাপনা করতে পারে এবং আর্থিক অভিঘাত মোকাবিলা করতে সক্ষম হয়।