জাতীয় বেতন ও চাকরি কমিশনের হিসাব অনুযায়ী অষ্টম বেতন কমিশন কার্যকর করতে গেলে সরকারের বাড়তি খরচ হবে ১৮ হাজার ২৮৭ কোটি ৬৩ লাখ টাকা।
রোববার অর্থমন্ত্রীর কাছে প্রতিবেদন জমা দেওয়ার সময় কমিশনের চেয়ারম্যান মোহাম্মদ ফরাসউদ্দিন বলেন, সুপারিশ বাস্তবায়নে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা বাবদ বর্তমানের তুলনায় ৬৩ দশমিক ৭ শতাংশ ব্যয় বাড়বে।
চলতি ২০১৪-১৫ অর্থবছরের রাজস্ব (অনুন্নয়ন) ব্যয়ের চিত্র বিশ্লেষণে দেখা যায়, এ বছর সরকারি চাকরিজীবীদের বেতন ও ভাতার জন্য ২৮ হাজার ৭০৯ কোটি টাকা বরাদ্দ রয়েছে। এর মধ্যে কর্মকর্তাদের বেতন ৩ হাজার ১৭ কোটি টাকা, প্রতিষ্ঠান কর্মচারীদের বেতন ১০ হাজার ৩৪৬ কোটি টাকা এবং ভাতা বাবদ বরাদ্দ ১৫ হাজার ৩৪৬ কোটি টাকা।
আগের অর্থবছরের বাজেটে এ খাতে বরাদ্দ রাখা হয়েছিল ২৪ হাজার ৮৬৭ কোটি টাকা। যদিও সংশোধিত বাজেটে ওই বছর দুই হাজার ৬৪০ কোটি বাড়াতে হয়েছিল।
প্রতি অর্থবছরের মার্চে সাধারণত বাজেট সংশোধন করা হয়। অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতে এ বছরের সংশোধিত বাজেটেও কিছু টাকা বাড়াতে হবে। সংশোধিত বাজেটে বৃদ্ধির এই ধারাবাহিকতা বজায় থাকলে ধরে নেওয়া যায় যে আগামী ২০১৫-১৬ অর্থবছরের শুরু থেকে নতুন বেতনকাঠামো কার্যকরে সরকারের বাড়তি দরকার পড়বে প্রায় ২০ হাজার কোটি টাকা। অর্থাৎ আগামী অর্থবছরে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতে প্রায় ৫০ হাজার কোটি টাকা সরকারকে খরচ করতে হবে। তবে পর্যায়ক্রমে বাস্তবায়ন করলে ব্যয়ও বাড়বে পর্যায়ক্রমে।
চলতি অর্থবছরের বাজেটে সরকারের আয়ের লক্ষ্যমাত্রা ১ লাখ ৮৯ হাজার ১৬০ কোটি, ব্যয়ের লক্ষ্যমাত্রা ২ লাখ ৫০ হাজার ৫১৬ কোটি এবং ঘাটতির লক্ষ্যমাত্রা ৬১ হাজার ৩৪৬ কোটি টাকা। অর্থবছরের মোট আয়ের লক্ষ্যমাত্রার মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) অংশ ১ লাখ ৪৯ হাজার ৭২০ কোটি টাকা। সংস্থাটি গত চার মাস অর্থাৎ জুলাই-অক্টোবর সময়ে আদায় করেছে মাত্র ৩৮ হাজার ৪০ কোটি টাকা। বাকি ১ লাখ ১১ হাজার ৬৮০ কোটি টাকা আদায় করতে হবে আগামী জুন মাসের মধ্যে। গত অর্থবছরে ১ লাখ ৩৬ হাজার কোটি টাকা আদায় লক্ষ্যমাত্রা থাকলেও এনবিআর ১০ হাজার কোটি টাকা কম আদায় করেছে।
বেতন-ভাতা দেওয়ার জন্য এত টাকা তাহলে কোথা থেকে আসবে—যখন এনবিআরের রাজস্ব সংগ্রহের গতি শ্লথ—ঢাকা বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের অধ্যাপক এম এ তসলিমের কাছে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন, বেতন কমিশন যথেষ্টই সুপারিশ করেছে। এই সুপারিশ কতটা দক্ষতার সঙ্গে কার্যকর করা যাবে, তা নির্ভর করবে আগামীবারে সরকারের আয়ের ওপর। আর নইলে অন্য খাত থেকে কেটে এনে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতে হবে।
এম এ তসলিম অবশ্য এ-ও বলেন, অন্য খাত থেকে কাটার সুযোগও তেমন নেই। কারণ, অন্য খাতের মধ্যে বড় হলো সুদের ব্যয়। এটি করতেই হয়। তার মানে একটাই পথ, আর সেটি হচ্ছে ব্যাংকব্যবস্থা থেকে ঋণ নেওয়া।
রোববার প্রতিবেদন জমা নেওয়ার সময় অর্থমন্ত্রী ও অর্থসচিব দুজনেই নতুন সুপারিশ কার্যকরে মূল্যস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন। অর্থনীতির সাধারণ সূত্র হচ্ছে, বাজারে অর্থের সরবরাহ বাড়লে মূল্যস্ফীতি বাড়েই।
এ বিষয়ে এম এ তসলিম বলেন, সুপারিশ কার্যকরে বাজারে অর্থের সরবরাহ যেহেতু বাড়বে, তাই মূল্যস্ফীতির প্রবণতাও থাকবে। এই প্রবণতা আরও থাকবে এ কারণে যে অর্থনীতিকে বেগবান করতে সরকার কিছু বড় প্রকল্পে হাত দিয়েছে।
রাজস্ব আদায়ে মনোযোগী হওয়ার পরামর্শ দিয়ে অর্থনীতির এই অধ্যাপক বলেন, মূল্যস্ফীতির প্রভাব কমাতে বেতন কমিশনের সুপারিশ বাস্তবায়নের চমৎকার সময় বরং এখনই। কারণ হিসেবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম অর্ধেকে নেমে আসা এবং খাদ্যপণ্যের দামও কমার কথা উল্লেখ করেন তিনি।
বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষণা পরিচালক জায়েদ বখত প্রথম আলোকে বলেন, কমিশনের সুপারিশ পর্যায়ক্রমে বাস্তবায়ন করলে মূল্যস্ফীতিতে তেমন কোনো চাপ তৈরি হবে না। যত দূর জানি, সরকার সেটাই করবে।
তবে বেতন বৃদ্ধি হলে যে উচ্চ মূল্যস্ফীতির প্রত্যাশা তৈরি হয়, সে কারণেও মূল্যস্ফীতি বাড়ে বলে মনে করেন জায়েদ বখত। তিনি বলেন, ‘এটা কৃত্রিম মূল্যস্ফীতি (স্পেকুলেটিভ ইনফ্লেশন), নিত্যপণ্যের সরবরাহ বাড়ানোর পাশাপাশি বাজারে নজরদারি বাড়িয়েও এই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ করা সম্ভব।’
বাড়তি বেতন-ভাতার জন্য অর্থ সংস্থানে জায়েদ বখতও রাজস্ব আদায়ে এনবিআরকে তৎপর ও মনোযোগী হওয়ার পরামর্শ দেন।
এনবিআরের চেয়ারম্যান গোলাম হোসেন এ ব্যাপারে কতটা মনোযোগী হবেন জানার জন্য গতকাল কয়েকবার ফোন দিয়েও তাঁকে পাওয়া যায়নি। বিষয়বস্তু উল্লেখ করে খুদে বার্তা পাঠানো হলেও কোনো জবাব দেননি তিনি।