রাজস্ব আদায়ে ঘাটতি বড় হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজস্ব আদায়ে ক্রমশ পিছিয়ে পড়ছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। চলতি অর্থবছর শুরুর পর কোনো মাসেই লক্ষ্য অনুযায়ী রাজস্ব আদায় করা সম্ভব হয়নি; বরং প্রতি মাসেই ধারাবাহিকভাবে ঘাটতি বেড়েছে।
এনবিআর সূত্রে জানা গেছে, চলতি ২০১৫-১৬ অর্থবছরের প্রথম আট মাসে (জুলাই-ফেব্রুয়ারি) রাজস্ব আদায়ে ঘাটতি হয়েছে ১৩ হাজার ৫১১ কোটি টাকা। এই সময়ে ১ লাখ ৪ হাজার ১৬৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর বা মূসক, আয়করসহ মোট শুল্ক-কর আদায় হয়েছে ৯০ হাজার ৬৫৪ কোটি টাকা।
তবে আগের অর্থবছরের একই সময়ের চেয়ে এবার টাকার অঙ্কে রাজস্ব আদায় বেড়েছে। গত অর্থবছরে জুলাই-ফেব্রুয়ারি সময়ে রাজস্ব আদায় হয়েছিল ৭৯ হাজার ৯৭৮ কোটি টাকা। তখন আগের বছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছিল ১৬ দশমিক ৪২ শতাংশ। আর গত বছরের চেয়ে এবার একই সময়ে প্রবৃদ্ধি কিছুটা কম হয়েছে—১৩ দশমিক ৫৫ শতাংশ।
চলতি অর্থবছরে এনবিআরের কাঁধে মোট ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা রাজস্ব আদায়ের বিশাল লক্ষ্য রয়েছে। এই পরিমাণ রাজস্ব আদায় করে আগেরবারের চেয়ে চলতি অর্থবছরে ২৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জন করতে হবে। এনবিআরের আপত্তি সত্ত্বেও এমন লক্ষ্য চাপিয়ে দেয় অর্থ মন্ত্রণালয়। কিন্তু সেই লক্ষ্য অর্জনে প্রথম থেকেই হোঁচট খেয়ে আসছে এনবিআর।
তবে আট মাসের রাজস্ব আদায় পরিস্থিতি বিশ্লেষণ করে এনবিআর এখনো লক্ষ্য অর্জনে আশাবাদী। এনবিআরের বিশ্লেষণে বলা হয়েছে, এ বছরই প্রথমবারের মতো রাজস্ব কর্মকর্তাদের পারফরম্যান্স মূল্যায়নের জন্য বার্ষিক পারদর্শিতা চুক্তি (এপিএ) করা হয়েছে। এ ছাড়া মাঠপর্যায়ে পর্যাপ্ত জনবলও পদায়ন করা হয়েছে। অন্যদিকে রাজস্ব আদায়-সংক্রান্ত মামলাগুলো দ্রুত নিষ্পত্তির উদ্যোগ নেওয়া হয়েছে। এসব নানামুখী উদ্যোগের ফলে রাজস্ব আদায়ে ইতিবাচক প্রভাব পড়বে।
আদায় পরিস্থিতি: আয়কর খাতে সবচেয়ে বেশি ঘাটতি হয়েছে। জুলাই-ফেব্রুয়ারি সময়ে আয়কর, ভ্রমণ করসহ প্রত্যক্ষ কর আদায় হয়েছে ২৭ হাজার ৮৭৯ কোটি টাকা। লক্ষ্য ছিল ৩৪ হাজার ১২২ কোটি টাকা। এ ক্ষেত্রে ঘাটতি হয়েছে ৬ হাজার ২৪৩ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ২৫ হাজার ৪৬৬ কোটি টাকা আদায় হয়েছিল।
চলতি অর্থবছরের প্রথম আট মাসে আমদানি পর্যায়ে আমদানি শুল্ক, মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, রপ্তানি শুল্ক আদায়ের লক্ষ্য ছিল ২৯ হাজার ৬১৩ কোটি টাকা। এর বিপরীতে আদায় হয়েছে ২৮ হাজার ২৪১ কোটি টাকা। এ খাতে ঘাটতি ১ হাজার ৩৭২ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে এ খাতে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৪৪ কোটি টাকা।
স্থানীয় পর্যায়ে সাধারণত মূল্য সংযোজন কর (মূসক), আবগারি শুল্ক, সম্পূরক শুল্ক ও টার্নওভার ট্যাক্স আদায় করা হয়। আলোচ্য জুলাই-ফেব্রুয়ারি সময়ে এ খাতে রাজস্ব আদায় হয়েছে ৩৪ হাজার ৫৩৪ কোটি টাকা। এ ক্ষেত্রে ঘাটতি ৫ হাজার ৮৯৬ কোটি টাকা। গতবার একই সময়ে আদায় হয়েছিল ২৩ হাজার ৮৪৪ কোটি টাকা।
এনবিআরের কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, রাজস্ব আয়ের একটি বিশাল অংশ আদায় হয় উৎসে কর হিসেবে। বছরের শেষ দিকে বার্ষিক উন্নয়ন কর্মসূচিভুক্ত (এডিপি) প্রকল্পগুলোর অর্থ ঠিকাদারদের জন্য ছাড় করা হবে। তখন উৎসে কর হিসেবে বিপুল অর্থ আসবে। এ ছাড়া সামনে পয়লা বৈশাখ ও ঈদ উৎসব রয়েছে। এসব উৎসবকে কেন্দ্র করে ব্যবসা-বাণিজ্য জমজমাট হবে। এর ফলে বাড়তি রাজস্ব আদায় হবে।