
আগামী অর্থবছরের রাজস্ব আদায়ের লক্ষ্য অর্জন কঠিন হবে বলে মনে করে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই)। সংগঠনটি বলেছে, ২০১৬-১৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে রাজস্ব আদায়ের বড় লক্ষ্য অর্জনের জন্য সম্ভাবনাময় উৎসগুলোকে চিহ্নিত করার সুনির্দিষ্ট কোনো দিকনির্দেশনা দেওয়া হয়নি।
বাজেট নিয়ে গতকাল বুধবার পাঠানো এক বিজ্ঞপ্তিতে এসব কথা বলেছে ডিসিসিআই। এতে নতুন করদাতা খুঁজে বের করা ও করের আওতা বাড়ানোর তাগিদ দেওয়া হয়েছে।
অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত ২ জুন সংসদে আগামী অর্থবছরের বাজেট পেশ করেন। ৩০ জুন তা পাস হবে। এবারের বাজেটে রাজস্ব আদায়ের লক্ষ্য ধরা হয়েছে প্রায় ২ লাখ ৪৩ হাজার কোটি টাকা। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডকে (এনবিআর) আদায় করতে হবে প্রায় ২ লাখ ৩ হাজার কোটি টাকা, যা চলতি বছরের সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩৫ দশমিক ৪ শতাংশ বেশি। অর্থমন্ত্রী বাজেট বক্তৃতায় একে উচ্চাভিলাষী লক্ষ্য বলে অভিহিত করেছেন।
ডিসিসিআই বলেছে, বাজেটে মূল্য সংযোজন কর (মূসক) থেকে ৭৪ হাজার কোটি টাকা আদায়ের যে লক্ষ্য নির্ধারণ করা হয়েছে, তা সাধারণ করদাতাসহ ভোক্তাদের ওপর অতিরিক্ত চাপ সৃষ্টি করবে। আওতা না বাড়ালে আয়কর বাবদ ৭৩ হাজার কোটি টাকা আদায় বেশ কষ্টসাধ্য হবে। চলতি অর্থবছরের বাজেটে উন্নয়ন ব্যয় এবং অনুন্নয়ন ব্যয়ের লক্ষ্য সীমিত রাজস্ব আদায়ের কারণে অর্জিত হয়নি বলেও উল্লেখ করেছে ডিসিসিআই।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দেশে ৩ কোটি মানুষ আয়কর দিতে সক্ষম। কিন্তু কর দেয় ১২ লাখ করদাতা। আয়কর দাতার সংখ্যাকে উল্লেখযোগ্য হারে বাড়ানো, করপোরেট করের হার ২৫ থেকে ৩৫ শতাংশের মধ্যে রাখা, কালোটাকার উৎস বন্ধ করা, উৎসে করের হার যৌক্তিক করা, দ্বৈত করারোপ পরিহার, বর্ধিত প্যাকেজ মূসকের পরিমাণ যৌক্তিক করা, করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) ও ব্যবসা শনাক্তকরণ নম্বর (বিআইএন) নিবন্ধিত কোম্পানির সংখ্যা বৃদ্ধি করার মতো সম্ভাবনাময় খাতগুলো হতে রাজস্ব আদায়ে সরকারের আরও মনোযোগী হওয়া প্রয়োজন বলে মনে করে ডিসিসিআই। রাজস্ব আহরণের প্রক্রিয়ায় গতি আনতে সংগঠনটি এনবিআরকে স্বয়ংক্রিয় পদ্ধতি বা অটোমেশনের আওতায় নিয়ে আসা, জেলা ও উপজেলা পর্যায়ে রাজস্ব আদায় বিস্তৃত করার তাগিদ দিয়েছে।
ঢাকা চেম্বার মনে করে, যথাযথ পরিকল্পনা ও প্রয়োজনীয় অর্থায়ন, অভ্যন্তরীণ সম্পদ ব্যবহার এবং রাজস্ব আহরণের নতুন নতুন ক্ষেত্র তৈরি করা না হলে বাজেট একটি কাগুজে বিষয়ে পরিণত হবে। এ বিষয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বাজেটে সরকারের রাজস্ব বৃদ্ধির পাশাপাশি উন্নয়ন প্রকল্পের খরচ মেটানোর জন্য অভ্যন্তরীণ সম্পদের যথাযথ ব্যবহার, এনবিআর ও এনবিআর-বহির্ভূত রাজস্ব আহরণ ব্যবস্থাপনাকে পুনর্বিন্যাস করার পাশাপাশি যুগোপযোগী করার পরিকল্পনা প্রণয়ন করতে হবে।