বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান উন্নয়ন অন্বেষণ বলেছে, চলতি ২০১৪-১৫ অর্থবছরে রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ হবে না। কারণ, অর্থবছরের প্রথম ছয় মাসে আদায় হয়েছে ৬৬ হাজার ৬৯৭ কোটি টাকা; যা লক্ষ্যমাত্রার মাত্র সাড়ে ৩৬ শতাংশ।
এই অর্থবছরে মোট রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১ লাখ ৮২ হাজার ৯৫৪ কোটি টাকার।
গবেষণা সংস্থাটি আগামী ২০১৫-১৬ অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে উৎপাদন সমতা বৃদ্ধি, সব নাগরিকের জন্য সামাজিক পরিষেবা নিশ্চিতকরণ ও টেকসই উন্নয়নকে সর্বাধিক গুরুত্ব দেওয়ার পরামর্শ দিয়েছে।
অর্থ মন্ত্রণালয়ের বর্তমান কাঠামো পুনর্গঠনের লক্ষ্যে গণবিতর্ক আহ্বানেরও প্রস্তাব করেছে উন্নয়ন অন্বেষণ। সংস্থাটি বলেছে, এ মন্ত্রণালয়ের কার্যক্রমকে ছয়টি বিভাগে বিন্যস্ত করা যেতে পারে। এগুলো হলো গণ-অর্থায়ন ব্যবস্থাপনা বিভাগ, রাজস্ব বিভাগ, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, সামাজিক নিরাপত্তা ও উন্নয়ন ব্যয় ব্যবস্থাপনা বিভাগ, ব্যাংকিং বিভাগ ও উৎপাদন সমতা বৃদ্ধি বিভাগ।
দেশের অর্থনীতির গতি-প্রকৃতি পর্যালোচনা করে সংস্থাটি গত এপ্রিল মাসে যে প্রতিবেদন তৈরি করেছে, তাতে বর্তমান অর্থবছরের প্রক্ষেপণ তুলে ধরা হয়েছে। তাদের মতে, অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদন বা জিডিপির প্রবৃদ্ধি হবে ৬ দশমিক ২৬ শতাংশ। যদিও সরকার প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা ঠিক করেছে ৭ দশমিক ৩ শতাংশ। প্রবৃদ্ধির এ লক্ষ্যমাত্রা অর্জিত হবে না।
উন্নয়ন অন্বেষণ মনে করে, দেশের অর্থনৈতিক অগ্রযাত্রার পথে বেশ কয়েকটি চ্যালেঞ্জ রয়েছে। এগুলো হচ্ছে কাঙ্ক্ষিত জিডিপি প্রবৃদ্ধি ও রাজস্ব আদায় না হওয়া, সরকারি ব্যয়, বাজেট ঘাটতি, বৈদেশিক সহায়তা, ব্যক্তি খাতে ঋণ, রপ্তানি, মূল্যস্ফীতি, খেলাপি ঋণ, সঞ্চয় ও বিনিয়োগের মধ্যকার ব্যবধান। এসব প্রতিবন্ধকতার কারণে প্রবৃদ্ধি, রাজস্ব আদায় ও ব্যক্তি খাতের বিনিয়োগে প্রবৃদ্ধির লক্ষ্যমাত্রা অর্জন ব্যাহত হচ্ছে।