রাজস্ব সংগ্রহের লক্ষ্য অর্জিত হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা অর্জিত হবে না বলে মনে করেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থমন্ত্রী বলেন, ‘গড় পারফরম্যান্সের তুলনায় এনবিআরের জন্য চলতি অর্থবছরের রাজস্ব সংগ্রহের লক্ষ্যমাত্রা গতবার ৩০ শতাংশ বাড়িয়ে ধরেছিলাম। এটা একটু বেশিই ধরা হয়েছিল তখন। আমার মনে হয়, এটা অর্জিত হবে না। উন্নয়ন বাজেট এরই মধ্যে কাটছাঁট হয়েছে। এনবিআরের লক্ষ্যমাত্রাও কমাতে হবে।’
সচিবালয়ে গতকাল রোববার অনুষ্ঠিত চারটি রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের লভ্যাংশ হস্তান্তর অনুষ্ঠানে অর্থমন্ত্রী এসব কথা বলেন।
চলতি অর্থবছরের ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকার বাজেটের মধ্যে এনবিআরকে দায়িত্ব দেওয়া হয় ১ লাখ ৭৬ হাজার ৩৭০ কোটি টাকা সংগ্রহের। (জুলাই-ফেব্রুয়ারি) আট মাসে এনবিআর আদায় করতে পেরেছে ৯০ হাজার ৬৫৪ কোটি টাকা।
আগামী ২০১৬-১৭ অর্থবছরের বাজেটে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ দশমিক ২ শতাংশ করার ইঙ্গিত দেন অর্থমন্ত্রী। অবশ্য তিনি এ-ও বলেন, প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা এখনো চূড়ান্ত করা হয়নি। তবে কয়েক দিনের মধ্যেই হবে। ধরে নেওয়া যায়, এ হার করা হবে ৭ দশমিক ২ শতাংশ।
চলতি অর্থবছরের বাজেটে জিডিপির প্রবৃদ্ধির হারের লক্ষ্যমাত্রা ৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো (বিবিএস) সাময়িক এক প্রাক্কলনে জানিয়েছে, অর্থবছর শেষে প্রবৃদ্ধির হার অর্জিত হবে ৭ দশমিক শূন্য ৫ শতাংশ।
জিডিপির তুলনায় কর আদায়ের পরিমাণ কম উল্লেখ করে আগামী তিন-চার বছরের মধ্যে কর-জিডিপি হার ১৩-১৪ শতাংশে উন্নীত করার স্বপ্নের কথাও জানান অর্থমন্ত্রী।
চার প্রতিষ্ঠানের কাছ থেকে লভ্যাংশের চেক নেওয়ার সময় খোশমেজাজে ছিলেন অর্থমন্ত্রী। তিনি বলেন, টাকা নেওয়ার এ ধরনের সব অনুষ্ঠানই তাঁর ভালো লাগে। অর্থমন্ত্রী বলেন, রাজাদের সরকারই হোক আর নির্বাচিত গণতান্ত্রিক সরকারই হোক, রাজস্বের উৎস হলো প্রজা বা নাগরিকদের থেকে আয়। রাজার সম্পদের বাইরে প্রথম দিকে শুল্ক ছিল একমাত্র আয়। তবে দিন বদলেছে। এখন আয়কর, করপোরেট কর ইত্যাদিতে জোর বেশি দেওয়া হয়।
কেন জোর দেওয়া হয়—তার একটি ব্যাখ্যা দিয়ে অর্থমন্ত্রী বলেন, ‘আয় করতে সমাজ আপনাকে সাহায্য করেছে, সমাজের প্রতিও দায়িত্ব রয়েছে আপনার। সুতরাং কর দিতে হবে।’
বাংলাদেশের বাজেট হচ্ছে বিশ্বের ছোট বাজেট—এ কথা উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, এ বাজেটের আকার জিডিপির ১৭ থেকে ১৮ শতাংশ। অথচ প্রতিবেশী নেপালের বাজেট জিডিপির ২৮, পাকিস্তানের ২৭ এবং ভারতের ৩৪ শতাংশ।
গতকাল আর্থিক, মুদ্রা ও মুদ্রা বিনিময় হার-সংক্রান্ত সমন্বয় কাউন্সিল ও সম্পদ কমিটির বৈঠকও করেন অর্থমন্ত্রী, যাতে অর্থ মন্ত্রণালয়ের চার বিভাগ এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এ বৈঠকের পর অর্থমন্ত্রী সাধারণত কিছু বলেন না, গতকালও বলেননি।
তবে বৈঠকসূত্রে জানা গেছে, চলতি অর্থবছরের সংশোধিত বাজেটের আকার হবে ২ লাখ ৬৪ হাজার কোটি টাকা। আর আগামী অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৩ লাখ ৪০ হাজার ৬০০ কোটি টাকা। আর এনবিআরের জন্য আদায়ের লক্ষ্যমাত্রা হতে পারে ২ লাখ ৪৮ হাজার ২২০ কোটি টাকা।
বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার ইতিমধ্যে ৯৭ হাজার কোটি থেকে ৯১ হাজার কোটি টাকায় নামিয়ে আনা হয়েছে। আগামীবারের জন্য এ আকার করা হচ্ছে ১ লাখ ১২ হাজার কোটি টাকা আর মূল্যস্ফীতির হারের লক্ষ্যমাত্রা করা হতে পারে ৬ শতাংশ।
৪৩৫ কোটি টাকা লভ্যাংশ: চারটি প্রতিষ্ঠান মোট ৪৩৫ কোটি ৬৪ লাখ টাকার লভ্যাংশের আলাদা চেক দেয় অর্থমন্ত্রীকে। প্রতিষ্ঠানগুলোর চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালকেরা (এমডি) অর্থমন্ত্রীর কাছে চেক হস্তান্তর ও দলগত ছবি তোলার মাধ্যমে শেষ হয় এ অনুষ্ঠান।
এর মধ্যে সবচেয়ে বেশি ৩৫০ কোটি টাকা লভ্যাংশ দেয় বাংলাদেশ ইনফ্রাস্ট্রাকচার ফিন্যান্স ফান্ড লিমিটেড (বিআইএফএফএল)। এ ছাড়া ইনভেস্টমেন্ট করপোরেশন অব বাংলাদেশ (আইসিবি) ৫৯ কোটি ৮০ লাখ টাকা, সাধারণ বীমা করপোরেশন ২৫ কোটি টাকা এবং ইউএই-বাংলাদেশ ইনভেস্টমেন্ট কোম্পানি লিমিটেড ৮৪ লাখ টাকা লভ্যাংশ দিয়েছে।