রাতারাতি পোশাকের দাম বাড়ানো সম্ভব নয়

ঢাকা অ্যাপারেল সামিটে যোগ দিতে এসেছেন লি অ্যান্ড ফাংয়ের নির্বাহী পরিচালক রিক ডার্লিং ও আমেরিকান অ্যাপারেল অ্যান্ড ফুটওয়্যার অ্যাসোসিয়েশনের (এএএফএ) ভাইস প্রেসিডেন্ট নেট হারম্যান। সম্মেলনের দ্বিতীয় িদনে গতকাল তাঁদের সঙ্গে পোশাকশিল্পের বিভিন্ন দিক নিয়ে কথা বলেন আশরাফুল ইসলাম
বাংলাদেশের পোশাকশিল্প বর্তমানে ক্রান্তিকাল অতিক্রম করছে। তাজরীন ফ্যাশনসে অগ্নিকাণ্ড ও রানা প্লাজার ধসই এই অবস্থা তৈরি করেছে। তবে ঘটনা দুটির পর পোশাকশিল্পের মানোন্নয়নে যেসব পদক্ষেপ নেওয়া হয়েছে, সেগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারলে বাংলাদেশ এগিয়ে যাবে। আর তা না করতে পারলে আগামী দিনে বর্তমান অবস্থানই ধরে রাখা কঠিন হবে, এমনটাই মনে করেন ক্রেতা
প্রতিষ্ঠান লি অ্যান্ড ফাংয়ের নির্বাহী পরিচালক রিক ডার্লিং।
হংকংভিত্তিক ক্রেতা প্রতিষ্ঠানটির এই শীর্ষ কর্মকর্তা বাংলাদেশ থেকে আরও বেশি করে পোশাক কেনার ব্যাপারে আশাবাদের কথা জানান। আলাপচারিতার শুরুতেই তাঁর কাছে প্রশ্ন ছিল, বাংলাদেশ ২০২১ সালের মধ্যেই পাঁচ হাজার কোটি ডলারের রপ্তানি লক্ষ্যমাত্রা অর্জন করতে পারবে কি? জবাবে রিক বলেন, ‘হ্যাঁ, এটি অবাস্তব কোনো লক্ষ্য নয়। তবে এর জন্য কারখানার কাজের পরিবেশ উন্নত করার সঙ্গে তৈরি পোশাকের মান বাড়াতে সুতা, নকশার মতো আনুষঙ্গিক বিষয়ের মান আন্তর্জাতিক পর্যায়ে উন্নীত করতে হবে। এ ক্ষেত্রে বাংলাদেশ এখন এমন একটি পর্যায়ে আছে, যেখান থেকে এগিয়ে যেতে পারে, আবার পিছিয়েও যেতে পারে।’
তৈরি পোশাকের দাম বাড়ানোর বিষয়ে রিক ডার্লিং বলেন, রাতারাতি পোশাকের দাম বাড়ানো সম্ভব নয়। এটা একটি প্রক্রিয়া, যার সঙ্গে অনেক বিষয় জড়িত আছে। পণ্য উৎপাদন থেকে শুরু করে জাহাজীকরণ পর্যন্ত যে পুরো প্রক্রিয়া, সেখানে দক্ষতা আরও বাড়াতে হবে। সব দিক উন্নতি করতে পারলে অবশ্যই পোশাকের দাম বাড়ানোর বিষয়টি ক্রেতারা বিবেচনা করবেন।
বাংলাদেশের পোশাকশিল্পের উন্নয়নে ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্স যেসব পদক্ষেপ নিয়েছে, সেগুলো আরও ১০ বছর আগেই বাংলাদেশে সরকার ও কারখানা মালিকদের নেওয়া উচিত ছিল বলে মনে করেন রিক ডার্লিং। তিনি বলেন, বাংলাদেশই পৃথিবীতে একমাত্র দেশ, যার পোশাক খাতের মানোন্নয়নে বিদেশি ক্রেতারা প্রচুর পরিমাণে বিনিয়োগ করছেন। বাংলাদেশের উচিত এই সুযোগ কাজে লাগানো।
বাংলাদেশে লি অ্যান্ড ফাংয়ের ব্যবসা বিষয়ে রিক জানান, বিশ্বের বিভিন্ন দেশ থেকে দুই হাজার কোটি ডলারের তৈরি পোশাক কিনে থাকে তাঁর প্রতিষ্ঠান। এর মধ্যে পরিমাণের দিক দিয়ে বাংলাদেশের অবস্থান তৃতীয়। নির্দিষ্ট করে না বললেও বাংলাদেশ থেকে বছরে ১০০ থেকে ২০০ কোটি ডলারের পোশাক কিনে থাকে প্রতিষ্ঠানটি। বললেন তিনি।