রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলো নাজুক অবস্থায়
প্রায় এক যুগ ধরে বাংলাদেশ ব্যাংকের নিবিড় পর্যবেক্ষণে থাকার পরও রাষ্ট্র খাতের সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের অবস্থার কোনো উন্নতি নেই। সরকার রাজনৈতিক বিবেচনায় এই ব্যাংকগুলোর পরিচালক ও শীর্ষ ব্যবস্থাপনা পদে লোকবল নিয়োগ দেয়। ঋণ বিতরণ থেকে পদোন্নতি—সব ক্ষেত্রেই থাকে রাজনৈতিক প্রাধান্য।
তার পরও বিশ্বব্যাংকের কর্মসূচির আওতায় কেন্দ্রীয় ব্যাংক প্রতি তিন মাস পর পরিস্থিতি পর্যালোচনায় বসে ব্যাংকগুলোকে নিয়ে। কিন্তু তাতে নাজুক পরিস্থিতি সামাল দেওয়া যায়নি।
বরং নতুন নতুন ঋণ জালিয়াতি ও কেলেঙ্কারি ব্যাংকগুলোর আর্থিক অবস্থাকে আরও খারাপ করেছে। এ সত্ত্বেও ব্যাংকগুলোর দায়িত্বশীল কর্মকর্তাদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। এর ফলে প্রতিনিয়ত জনগণের আমানত ঝুঁকির মধ্যে চলে যাচ্ছে।
ঋণ কেলেঙ্কারির মধ্যে সবচেয়ে আলোচিত বড় ঘটনা হলো হল-মার্ক জালিয়াতি। তারপর রয়েছে বিসমিল্লাহ গ্রুপের ঋণ কেলেঙ্কারি। হল-মার্ক জালিয়াতিতে পর্যুদস্ত হয়েছে সোনালীসহ রাষ্ট্র ও বেসরকারি খাতের ১৬টি ব্যাংক, বিসমিল্লাহ গ্রুপের জালিয়াতিতে জনতাসহ বেসরকারি মিলে পাঁচটি ব্যাংক। আর মাদারটেক, মাদারীপুর স্পিনিং ও বেনিটেক্সের জালিয়াতিতে রূপালী ব্যাংকের পরিস্থিতি সমস্যাকবলিত হয়েছে। যেনতেনভাবে এগুলোকে সামাল দেওয়ার চেষ্টা হয়েছে। তাতে কোনো লাভ হয়নি। এসব জালিয়াতিতে অন্তত সাড়ে পাঁচ হাজার কোটি টাকা লোকসানে রূপান্তরিত হয়েছে।
কেন্দ্রীয় ব্যাংকের পরিচালনা পর্ষদের সামনে এই ব্যাংকগুলোর যে চিত্র বাংলাদেশ ব্যাংকের একজন ডেপুটি গভর্নর সম্প্রতি তুলে ধরেন তাতে হতাশার চিত্র আরও পরিষ্কার হয়। ২০১৩ সালভিত্তিক এই প্রতিবেদনে ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরী উপস্থাপন করেন, সরকার এই ব্যাংকগুলোতে পুনর্ভরণ (রিক্যাপিটালাইজেশন বা মূলধন) করেছে। তাতে মূলধন পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে। ২০১৩ সালের শেষভাগে বাংলাদেশ ব্যাংক দেশের রাজনৈতিক পরিস্থিতির কারণে ঋণখেলাপির শর্তে বড় ছাড় দেয়। সেই সুযোগ নিয়েছে ব্যাংকগুলো। একই সঙ্গে বিপুল পরিমাণ ঋণ অবলোপন (রাইট অফ) করা হয়েছে। তাতে সম্পদের বা ঋণের মান সামান্য উন্নতি হয়েছে। তবে সার্বিক বিবেচনাতেই ব্যাংকগুলোর সম্পদ বা ঋণের মান ক্রমশ অবনতির দিকে রয়েছে বলে মন্তব্য করা হয়েছে ডেপুটি গভর্নরের প্রতিবেদনে।
এ প্রতিবেদনের সত্যতা পাওয়া যায় ২০১৪ সালের মার্চভিত্তিক ঋণ শ্রেণিকরণ ও প্রভিশনিংয়ের (নিরাপত্তা সঞ্চিতি) ওপর তৈরি বাংলাদেশ ব্যাংকের আরেক প্রতিবেদনে। এই প্রতিবেদনে দেখা যাচ্ছে, মার্চ ভিত্তিতে প্রতিটি ব্যাংকের খেলাপি ঋণপরিস্থিতি ডিসেম্বরের তুলনায় আরও অবনতি হয়েছে। জুন পর্যন্ত হালনাগাদ পরিসংখ্যান এখনো প্রস্তুত হয়নি।
বিশ্বব্যাংকের উদ্যোক্তা তৈরি ও ব্যাংক আধুনিকায়ন প্রকল্পের (ইজিবিএমপি) আওতায় ২০০৩ সালের জুন মাসে এই ব্যাংকগুলোর সঙ্গে বাংলাদেশ ব্যাংক সমঝোতা চুক্তি হয়। তার পর থেকে ব্যাংকগুলোকে নিবিড় পর্যবেক্ষণ করা হচ্ছে। এ প্রকল্পের আওতায় ব্যাংকগুলোকে কোম্পানিতে রূপান্তর করা হয়।
কোম্পানি বানানো হলেও কোম্পানির অনুশাসন অর্থ মন্ত্রণালয় বা ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ এবং এমনকি অর্থমন্ত্রী নিজেই অনুসরণ করে না। এর বড় উদাহরণ হলো ব্যাংকগুলোতে সরকার সরাসরি চেয়ারম্যান, পরিচালক নিয়োগ দেয়, গেজেট প্রকাশ করে। অর্থমন্ত্রী তা গণমাধ্যমের সামনে তুলে ধরেন। কিন্তু কোম্পানি কাঠামোতে পরিচালক নিয়োগ হয় বার্ষিক সাধারণ সভায় (এজিএম)। পরে পরিচালকেরা তাঁদের মধ্য থেকে যোগ্য বিবেচনায় চেয়ারম্যান নিয়োগ দেন। কিন্তু বছরের পর বছর ব্যাংকগুলোতে সরকার ‘নিজের লোকদের’ পরিচালক ও চেয়ারম্যান নিয়োগ করে গেজেট প্রকাশ করে আসছে।
বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খোন্দকার ইব্রাহিম খালেদ এ প্রসঙ্গে প্রথম আলোকে বলেন, ‘কেবল কোম্পানি বানালেই তো হবে না, সঠিক লোকবল নিয়োগ দিতে হবে। সরকার ব্যাংকগুলোতে শীর্ষ দুই পর্যায় (এমডি ও ডিএমডি) পর্যন্ত কর্মকর্তা সরাসরি নিয়োগ দিয়ে থাকে। কিন্তু এই নিয়োগ স্বচ্ছ ও সঠিক হচ্ছে না। সব সরকারের লোকেরা এসব ব্যবস্থাপনাকে যথেচ্ছ ব্যবহার করে।’ তিনি বাছাই (সার্চ) কমিটি করে সঠিক লোক নিয়োগের সুপারিশ করেন।
ইব্রাহিম খালেদ বলেন, ভারতের স্টেট ব্যাংক অব ইন্ডিয়া রাষ্ট্রমালিকানাধীন ব্যাংক। কিন্তু সেখানে কোনো হল-মার্ক বা এমন ঋণ কেলেঙ্কারি হয় না। কারণ, সেখানে পেশাদাররা ব্যাংক চালান। সরকার বা কেউ হস্তক্ষেপ করে না। তিনি বলেন, ‘এই মডেল গ্রহণ করলে আমার মনে হয় ঠিকভাবে ব্যাংকগুলো চলবে।’
বর্তমান পরিস্থিতি: চলতি বছরের মার্চ পর্যন্ত হিসাবে সোনালী ব্যাংকে ১০ হাজার ৪৪৩ কোটি টাকা বা বিতরণ করা মোট ঋণের ৩৪ দশমিক ৮৪ শতাংশ খেলাপিতে পরিণত হয়েছে। জনতা ব্যাংকের খেলাপির পরিমাণ হলো তিন হাজার ৩৪৩ টাকা বা ১২ দশমিক ৭৩ শতাংশ। অগ্রণী ব্যাংকের খেলাপি ঋণ তিন হাজার ৩২৪ কোটি টাকা বা ১৮ দশমিক ৫৬ শতাংশ এবং রূপালী ব্যাংকের এক হাজার ৫৮৯ কোটি বা ১৪ দশমিক ৬৩ শতাংশ।
২০০৭ সালে ব্যাংকগুলোকে কোম্পানিতে রূপান্তরের পর্যায়ে প্রতিটির পুঞ্জিভূত লোকসানকে ‘সুনাম’-এর সঙ্গে সমন্বয় দেখানো হয়। ব্যাংকগুলো সারা দেশে বিস্তৃত শাখার মাধ্যমে গ্রাহককে সেবা দিয়ে আসছে। একে ব্যাংকের সুনাম মূল্যে রূপান্তর করে এর সঙ্গে লোকসানকে সমন্বয় করা হয়েছে। এতে সোনালী ব্যাংকের পুঞ্জিভূত লোকসান ছয় হাজার ৫৭৪ কোটি টাকা, জনতা ব্যাংকের প্রায় এক হাজার কোটি টাকা, অগ্রণী ব্যাংকের প্রায় এক হাজার ৩৩০ টাকার লোকসানকে সমন্বয় দেখানো হয়। আর ২০১০ সালে একইভাবে রূপালী ব্যাংকের প্রায় এক হাজার ২০৯ কোটি টাকার লোকসান সুনামের সঙ্গে সমন্বয় করা হয়। এই প্রক্রিয়াটি সম্পন্ন করা হয় অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে।
সরকার ২০১৩ সালের ২৬ ডিসেম্বর জনগণের করের টাকায় এই ব্যাংকগুলোতে পুনর্ভরণ (মূলধন) করে। যার মধ্যে সোনালী ব্যাংককে দেওয়া হয়েছে এক হাজার ৯৯৫ কোটি টাকা, জনতাকে দেওয়া হয়েছে ৮১৪ কোটি টাকা, অগ্রণীকে এক হাজার ৮১ কোটি টাকা এবং রূপালীকে দেওয়া হয়েছে ২১০ কোটি টাকা। বছরের পর বছর ধরে বিপুল পরিমাণ ঋণজালিয়াতি, খেলাপি ঋণ সৃষ্টি হওয়ায় ব্যাংকগুলোর মূলধনের পর্যাপ্ততা কমে যাওয়ায় আন্তর্জাতিক সংস্থাগুলোর চাপে সরকার জাতীয় বাজেটে বরাদ্দ দিয়ে ব্যাংকগুলোকে এই পুনর্ভরণ করে।
এর বাইরে ২০১৩ সালের ডিসেম্বর পর্যন্ত সোনালী ব্যাংক পাঁচ হাজার ৪৪৭ কোটি টাকার খেলাপি ঋণ অবলোপন করেছে। জনতা অবলোপন করেছে প্রায় তিন হাজার ৩৪৫ কোটি টাকা, অগ্রণী করেছে পাঁচ হাজার ১১ কোটি টাকা এবং রূপালী অবলোপন করেছে এক হাজার ১৯ কোটি টাকা।
আবার ২০১৩ সালে সোনালী ব্যাংক এক হাজার ৭৪৬ কোটি টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করে। জনতা ব্যাংক করে এক হাজার ১০৮ কোটি টাকা, অগ্রণী করে প্রায় ৮৫৫ কোটি টাকা এবং রূপালী ব্যাংক খেলাপি ঋণ পুনঃতফসিল করে দুই হাজার ৫৯ কোটি টাকা। আর চলতি ২০১৪ সালের মার্চ পর্যন্ত তিন মাসে সোনালী আরও ১২৭ কোটি, জনতা ১০০ কোটি, অগ্রণী ১৪৬ কোটি এবং রূপালী ৭৯ লাখ টাকার খেলাপি ঋণ পুনঃতফসিল করে।
তবে লোকসানকে সুনামের সঙ্গে সমন্বয়, সরকারের পুনর্ভরণ, খেলাপি ঋণ অবলোপন ও পুনঃ তফসিল করেও ব্যাংকগুলোর খেলাপি ঋণের হারকে কমানো যায়নি।
সার্বিক বিষয়ে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর সালেহউদ্দিন আহমেদ এই প্রতিবেদককে বলেন, ‘ব্যাংকগুলোর উন্নতি করতে হলে সরকারের অঙ্গীকার থাকতে হবে। অর্থ মন্ত্রণালয়ের হাতে এগুলোকে কোনোভাবেই রাখা যাবে না। বাংলাদেশ ব্যাংকের হাতে পুরোপুরি দিয়ে দিতে হবে। যেভাবে বেসরকারি ব্যাংকগুলো চলে, সেভাবেই এগুলোকে চলতে দিতে হবে।’
ব্যাংকগুলোর দুরবস্থার জন্য যারা দায়ী তাদের শাস্তির বিষয়ে সাবেক গভর্নর বলেন, ‘এটা খুবই দুঃখজনক যে, আইনি দীর্ঘসূত্রতার মধ্যে শাস্তির বিষয়টি ঝুলে যায়।’ ব্রিটেনে আর্থিক অপরাধ দমনের বিষয়টি উল্লেখ করে তিনি আরও বলেন, ‘বিলেতে আর্থিক অপরাধ তদন্তে বিশেষ দক্ষতাসম্পন্ন লোকবল আছে। কিন্তু আমাদের দুদকে কোনো দক্ষ লোকবল নেই। এটা দরকার। আর দ্রুত শাস্তির বিধান করে আইনে সংস্কারও আনা প্রয়োজন।’