চলতি হিসাবের সাম্প্রতিক ভারসাম্যহীনতা দেশের বৈদেশিক লেনদেনের ভারসাম্যের ওপর চাপ সৃষ্টি করতে পারে। বেসরকারি গবেষণা সংস্থা উন্নয়ন অন্বেষণের মাসিক প্রকাশনা বাংলাদেশ অর্থনৈতিক পর্যালোচনায় এমন পূর্বাভাস দেওয়া হয়েছে।
পূর্বাভাসের সমর্থনে গবেষণা সংস্থাটি বলেছে, ২০১৩-১৪ অর্থবছরে যেখানে চলতি হিসাবের ভারসাম্যে ১৪০ কোটি ৬০ লাখ মার্কিন ডলার উদ্বৃত্ত হয়েছিল, সেখানে ২০১৪-১৫ অর্থবছরে উল্টো ১৬৪ কোটি ৫০ লাখ ডলার ঘাটতি হয়েছে।
উন্নয়ন অন্বেষণ বলছে, উদ্যোগ ও উৎপাদনক্ষমতা বৃদ্ধির অভাবে সাম্প্রতিক সময়ে মূলধনি যন্ত্রপাতিসহ সার্বিক আমদানির পরিমাণ কমেছে। চলতি ২০১৫-১৬ অর্থবছরের জুলাই-আগস্ট মাসে মোট আমদানি ব্যয় কমে ৬৫৬ কোটি ডলারে নেমেছে, যা এর আগের ২০১৪-১৫ অর্থবছরের একই সময়ে ছিল ৬৭৬ কোটি ডলার। অর্থাৎ সার্বিক আমদানি ব্যয় ২ দশমিক ৯৮ শতাংশ কমেছে। একইভাবে মূলধনি যন্ত্রপাতির আমদানি ২০১৪-১৫ অর্থবছরের জুলাই-আগস্ট মাসের ৬০ কোটি ২০ লাখ ডলার থেকে ৩০ দশমিক ৮৫ শতাংশ কমে বর্তমান অর্থবছরের একই সময়ে ৪১ কোটি ৬৩ লাখ ডলার হয়েছে।
আর চলতি অর্থবছরের জুলাই-অক্টোবর চার মাসে রপ্তানি আয় নির্ধারিত লক্ষ্যমাত্রার চেয়ে ৩ দশমিক ৭৩ শতাংশ কম হয়েছে। সেই সঙ্গে শিল্প খাতে বৃহৎ উৎপাদন সক্ষমতার পুরোটা ব্যবহার হচ্ছে না। সব মিলিয়ে বর্তমান অর্থবছরে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা অর্জন বাধাগ্রস্ত হতে পারে বলে মনে করে সংস্থাটি।
উন্নয়ন অন্বেষণ দেশে কাঠামোগত ত্রুটিসমূহ চিহ্নিত করে তা কাটিয়ে উঠতে শিগগির প্রচলিত বাণিজ্য ও শিল্পনীতি পুনর্নিরীক্ষণের তাগিদ দিয়েছে। পাশাপাশি দেশের উৎপাদনক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে একটি নতুন কৌশল গ্রহণের ওপর গুরুত্বারোপ করেছে। এর ফলে উৎপাদনযোগ্য সম্পদ ও উদ্যোক্তাদের সামর্থ্য বৃদ্ধির মাধ্যমে দেশের উৎপাদন সক্ষমতা বাড়বে বলে সংস্থাটি মনে করে।