শিল্প প্রবৃদ্ধির মাধ্যমেই জিডিপির কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি বাড়াতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের শিল্প খাতের বর্তমান প্রবৃদ্ধি দিয়ে মোট দেশজ উৎপাদনের (জিডিপি) কাঙ্ক্ষিত প্রবৃদ্ধি অর্জন করা কঠিন। তাই জিডিপি প্রবৃদ্ধি বাড়াতে হলে শিল্প খাতের প্রবৃদ্ধিকেই সর্বাধিক গুরুত্ব দিতে হবে। প্রস্তাবিত ২০১৬-১৭ অর্থবছরের বাজেট প্রতিক্রিয়া জানাতে গিয়ে এমন মন্তব্য করেছেন বহুজাতিক কর, নিরীক্ষা ও পরামর্শক প্রতিষ্ঠান প্রাইসওয়াটারহাউজকুপারসের (পিডব্লিউসি) শীর্ষস্থানীয় কর্মকর্তারা। রাজধানীর গুলশানে প্রতিষ্ঠানটির বাংলাদেশ কার্যালয়ে গতকাল শনিবার আয়োজিত এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এ প্রতিক্রিয়া জানানো হয়।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পিডব্লিউসি কলকাতার ট্যাক্স অ্যান্ড রেগুলেটরি সেবার পরিচালক সুস্মিতা বসু, পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ, পরোক্ষ কর ব্যবস্থাপক প্রবীর মিত্র, ট্রান্সফার প্রাইসিংয়ের পরিচালক প্রসুন কে মাইতি প্রমুখ।
সুস্মিতা বসু বলেন, বাংলাদেশের যে বাজেট ঘোষণা করা হয়েছে, তা দীর্ঘমেয়াদি জিডিপি প্রবৃদ্ধিকে লক্ষ্য করেই দেওয়া হয়েছে। কর ব্যবস্থাপনা শক্তিশালী করতে প্রত্যেক প্রতিষ্ঠানের পরিচালকের রিটার্ন জমা বাধ্যতামূলক করা হয়েছে।
সুস্মিতা বসু আরও বলেন, মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধনের আগে পণ্যের দাম ঘোষণার বাধ্যবাধকতা তুলে নেওয়ায় পরিবেশকদের ওপর হয়রানি কমবে।
পিডব্লিউসি বাংলাদেশের ব্যবস্থাপনা অংশীদার মামুন রশিদ বলেন, মূল্য সংযোজন কর বা মূসক আইন পিছিয়ে দেওয়া হলেও অর্থ বিলের মাধ্যমে রাজস্ব আয় বাড়ার সুযোগ তৈরি করা হয়েছে। যেসব অস্পষ্টতা ছিল, অর্থ বিলের মাধ্যমে সেগুলো সহজ করা হয়েছে। অনেক প্রতিষ্ঠান গ্রাহক থেকে কর আদায় করেও সরকারের কোষাগারে জমা দিচ্ছে না, তাদের শাস্তির আওতায় আনার ব্যবস্থা করা হয়েছে।
মামুন রশিদ বলেন, বাংলাদেশসহ বিশ্বের ১৫৮ দেশেই পিডব্লিউসি বাজেট-পরবর্তী মন্তব্য দিয়ে থাকে। তারই অংশ হিসেবে বাংলাদেশে প্রথমবারের মতো এই আয়োজন করা হয়েছে।