শ্রমিক ও তাঁদের পরিবারের জীবনমানের অবনতি ঘটেছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রানা প্লাজা ধসের দুই বছর পূর্তির প্রাক্কালে গতকাল ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন (সর্ব ডানে) সংস্থাটির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য l প্রথম আলো
রানা প্লাজা ধসের দুই বছর পূর্তির প্রাক্কালে গতকাল ঢাকার মহাখালীর ব্র্যাক সেন্টারে সিপিডির প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে বক্তব্য দেন (সর্ব ডানে) সংস্থাটির বিশেষ ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য l প্রথম আলো

অর্থনৈতিক ও সামাজিকভাবে নিম্নমানের জীবন যাপন করছেন রানা প্লাজা ধসে নিহত ও আহত শ্রমিক এবং তাঁদের পরিবার। রানা প্লাজা ধসের আগে এসব শ্রমিক ও তাঁদের পরিবার যে মানের জীবন যাপন করতেন, বর্তমানে সেই জীবনমানের অনেক অবনতি ঘটেছে।
রানা প্লাজা দুর্ঘটনার দুই বছর পূর্তির আগে এ-বিষয়ক সিপিডির এক প্রতিবেদনে এমন অভিমত তুলে ধরা হয়েছে। ১৪টি সংগঠন ও প্রতিষ্ঠানের সমন্বয়ে সিপিডির নেতৃত্বে ‘রানা প্লাজা তদারকি উদ্যোগ’-এর আওতায় গতকাল মঙ্গলবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। এ উপলক্ষে রাজধানীর মহাখালীর ব্র্যাক সেন্টার ইনে এক গোলটেবিল আলোচনার আয়োজন করে বেসরকারি এই গবেষণা সংস্থাটি।
রানা প্লাজা ধসে নিহত ও আহত একাধিক শ্রমিক ও তাঁদের পরিবারের সাক্ষাৎকারের ভিত্তিতে সিপিডি এ অভিমত তুলে ধরেছে। সংস্থাটি বলছে, দুর্ঘটনার আগের জীবনমান বজায় রাখতে শ্রমিক ও তাঁদের পরিবারের যে ধরনের সাহায্য-সহযোগিতা প্রয়োজন, তা তাঁরা পাচ্ছেন না।
সিপিডির এই অভিমতের সত্যতা ফুটে ওঠে অনুষ্ঠানে উপস্থিত ক্ষতিগ্রস্ত একাধিক শ্রমিকের বক্তব্যেও।
সিপিডি তাদের প্রতিবেদনে বলেছে, দুর্ঘটনার পর সরকার, বিদেশি ক্রেতা, পোশাকশিল্পের মালিকসহ দেশি-বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠান ও সংস্থা বিভিন্ন প্রতিশ্রুতি দিয়েছে। দুই বছর পর এসব প্রতিশ্রুতি বাস্তবায়নে কোনো কোনো ক্ষেত্রে বেশ অগ্রগতি হলেও বেশ কয়েকটি ক্ষেত্রে কাঙ্ক্ষিত অগ্রগতি হয়নি। সংস্থাটির মতে, রানা প্লাজা ধসে বেঁচে যাওয়া শ্রমিকদের চাকরিতে পুনর্বাসন, আহত ব্যক্তিদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত পরিবারের শিশু এবং নিহত ও আহত শ্রমিকদের আর্থিক সহায়তা প্রদান ও কারখানার কর্মপরিবেশের মান উন্নয়নের ক্ষেত্রে মোটামুটি অগ্রগতি হলেও ঘটনার আইনি ব্যবস্থা গ্রহণে প্রত্যাশিত অগ্রগতি ঘটেনি।
দুর্ঘটনার জন্য দায়ী ব্যক্তিদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের ক্ষেত্রে দীর্ঘসূত্রতা তৈরি হয়েছে। এমনকি উচ্চ আদালতের নির্দেশে ক্ষতিপূরণ নির্ধারণে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হলেও এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি।
২০১৩ সালের ২৪ এপ্রিল রানা প্লাজা ধসে ১ হাজার ১৩৫ জন শ্রমিক নিহত হন।
সিপিডির বিশেষ ফেলো দেবপ্রিয় ভট্টাচার্যের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনায় অতিথি ছিলেন শ্রমসচিব মিকাইল শিপার, রপ্তানিকারকদের সমিতি ইএবির সভাপতি ও পোশাক শিল্পমালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আব্দুস সালাম মুর্শেদী, বিলসের সহকারী নির্বাহী পরিচালক সৈয়দ সুলতান উদ্দিন আহেম্মদ। অনুষ্ঠানে সূচনা বক্তব্য দেন সিপিডির নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান ও মূল প্রতিবেদন উপস্থাপন করেন অতিরিক্ত গবেষণা পরিচালক খোন্দকার গোলাম মোয়াজ্জেম। এ ছাড়া উন্মুক্ত আলোচনায় অংশ নেন সুশাসনের জন্য নাগরিক বা সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান, আইনজীবী সারা হোসেন প্রমুখ।
মূল প্রতিবেদন ও বক্তাদের মতামতের ভিত্তিতে দেবপ্রিয় ভট্টাচার্য তাঁর বক্তব্যে বেশ কিছু সুপারিশ তুলে ধরেন। এসব সুপারিশের মধ্যে রয়েছে আইনগতভাবে রানা প্লাজা ধসে দায়ী ব্যক্তিদের শাস্তি নিশ্চিত করা, শ্রমসংঘ গঠনের প্রক্রিয়াকে আরও বেশি কার্যকর করা, শ্রম আইন সংশোধনের মাধ্যমে দেশীয় মানদণ্ড বিবেচনায় যথাযথ ন্যূনতম ক্ষতিপূরণ নির্ধারণ, আন্তর্জাতিক বাজারে পোশাকের মূল্য বৃদ্ধি, শ্রমের নিরাপদ পরিবেশ নিশ্চিত করা ইত্যাদি।
অনুষ্ঠানে মিকাইল শিপার বলেন, জেলা প্রশাসকদের মাধ্যমে খোঁজখবর নিয়েও নিখোঁজ শ্রমিকদের বিষয়ে কোনো তথ্য পাওয়া যাচ্ছে না। শ্রমিকদের ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়টি নিয়ে আলোচনা চলছে। তবে ক্ষতিপূরণ নির্ধারণের বিষয়টি হতে হবে বাস্তবসম্মত।
আব্দুস সালাম মুর্শেদী বলেন, রানা প্লাজার দুর্ঘটনার পর ছোট-বড় অনেক কারখানা বন্ধ হয়ে গেছে। কারখানার কর্মপরিবেশ নিশ্চিত করার পাশাপাশি ছোট ও মাঝারি শিল্পগুলোকে টিকিয়ে রাখতে হবে বলে মন্তব্য করেন তিনি।
সৈয়দ সুলতান উদ্দিন আহমেদ বলেন, দুই-পাঁচ বছরের চিকিৎসাসেবা দিয়ে রানা প্লাজায় আহত শ্রমিকদের মানসম্মত জীবন নিশ্চিত করা যাবে না। তাঁদের জন্য দরকার আজীবন চিকিৎসা সহায়তা।