শ্রমিকদের উৎপাদনশীলতা বৃদ্ধিতে অবশেষে উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা অ্যাপারেল সামিট আজ শুরু
ঢাকা অ্যাপারেল সামিট আজ শুরু

প্রতিযোগী দেশগুলোর চেয়ে তৈরি পোশাকশ্রমিকদের উৎপাদনশীলতার দিক দিয়ে পিছিয়ে আছে বাংলাদেশ। তৈরি পোশাক রপ্তানিতে দীর্ঘদিন ধরেই শীর্ষ অবস্থানে আছে চীন। দেশটির শ্রমিকদের উৎপাদনশীলতা ১০০ ধরা হলে ভারতে ৯২, পাকিস্তানে ৮৮, বাংলাদেশে ৭৭ ও কম্বোডিয়ায় ৬৮ শতাংশ। 
আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠান ম্যাককেনজির প্রতিবেদনে এই পরিসংখ্যান উঠে আসে। বিষয়টি ব্যাখ্যা করলে দাঁড়ায়, চীনের একজন পোশাকশ্রমিক নির্দিষ্ট সময়ে ১০০ ডলার পণ্য উৎপাদন করলে সেই একই সময়ে বাংলাদেশের শ্রমিক করেন ৭৭ ডলারের। ম্যাককেনজির প্রতিবেদনে শ্রমিকদের উৎপাদনশীলতা বাড়ানোর ওপর জোর দেওয়া হয়।
প্রতিবেদনটি প্রকাশের পর দুই বছর পার হয়ে গেছে। তবে দেরিতে হলেও পোশাকশ্রমিকদের দক্ষতা বাড়াতে উদ্যোগ নিয়েছে পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ। আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সঙ্গে বিজিএমইএ যৌথভাবে একটি প্রকল্প নিয়েছে। এর অধীনে সেন্টার অব এক্সিলেন্স ফর বাংলাদেশ অ্যাপারেল ইন্ডাস্ট্রি (সিইবিএআই) গঠন করা হয়েছে। এ কেন্দ্রের মাধ্যমে শ্রমিকদের দক্ষতার উন্নতির প্রশিক্ষণের পাশাপাশি পোশাকশিল্পের বিভিন্ন চ্যালেঞ্জ, পূর্বাভাস ও নীতিনির্ধারণ বিষয় নিয়ে গবেষণা হবে।
জানা যায়, সেন্টার স্থাপনের জন্য ইতিমধ্যে আশুলিয়ায় ছয় হাজার ৯০০ বর্গফুটের একটি ফ্লোর ভাড়া নেওয়া হয়েছে। আগামী জানুয়ারি থেকে প্রশিক্ষণ কার্যক্রম শুরু হবে। কেন্দ্রটির মাধ্যমে দুই বছরের মধ্যে পাঁচ থেকে ছয় হাজার শ্রমিককে প্রশিক্ষণ দেওয়া যাবে। আর গবেষণার জন্য ঢাকায় আলাদা ভবন ভাড়া করা হবে। তবে এ কার্যক্রম কবে শুরু হবে, সেটি এখনো নির্ধারিত হয়নি। প্রকল্পটি বাস্তবায়নে চলতি বছরের জুনে বিজিএমইএ ও আইএলওর মধ্যে একটি চুক্তি হয়। তিন বছরের এ প্রকল্পের ব্যয় ধরা হয়েছে ১৫ লাখ ডলার। দেশীয় মুদ্রায় যা প্রায় এক কোটি ২০ লাখ টাকা। এ অর্থের জোগান দেবে সুইডিশ ইন্টারন্যাশনাল ডেভেলপমেন্ট এজেন্সি (সিডা) ও এইচঅ্যান্ডএম।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আজ তিন দিনব্যাপী অ্যাপারেল সামিট উদ্বোধনের পাশাপাশি এ সেন্টারের উদ্বোধন করবেন।
এদিকে বাংলাদেশের স্বাধীনতা অর্জনের সুবর্ণজয়ন্তীতে ২০২১ সালে পোশাক রপ্তানি পাঁচ হাজার কোটি ডলারে নিয়ে যাওয়ার লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে বিজিএমইএ। গত অর্থবছর এ খাতের রপ্তানি আয় ছিল দুই হাজার ৪৪৯ কোটি ডলার। শিল্পের উদ্যোক্তারা বলছেন, আগামী ছয় অর্থবছরের মধ্যে এ পরিমাণ রপ্তানি আয় অর্জন করতে হলে নতুন করে দুই থেকে তিন লাখ দক্ষ শ্রমিকের প্রয়োজন হবে।
বিজিএমইএর সহসভাপতি শহিদউল্লাহ আজিম বলেন, ‘শ্রমিকদের দক্ষতা বাড়ানো গেলে উৎপাদন বৃদ্ধি পাবে। আর এটি হলে উৎপাদন খরচ কমে আসার পাশাপাশি আমাদের প্রতিযোগিতা সক্ষমতা বৃদ্ধি পাবে।’
জানতে চাইলে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) অতিরিক্ত গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে বলেন, শ্রমিকদের অদক্ষতা, প্রক্রিয়াগত দুর্বলতাসহ বিভিন্ন কারণে উৎপাদনশীলতা কম হয়। সেই বিচার এই সেন্টারের মাধ্যমে শ্রমিকদের প্রশিক্ষিত করে উৎপাদনশীলতা বৃদ্ধি করার সুযোগ আছে। একই সঙ্গে সেন্টারের প্রশিক্ষকদেরও প্রশিক্ষণ দেওয়া দরকার।
সিপিডির এই গবেষক বলেন, বিভিন্ন প্রতিষ্ঠানের প্রভাবমুক্ত হয়ে স্বাধীনভাবে সেন্টারটি পরিচালনা করা খুবই গুরুত্বপূর্ণ। এ ক্ষেত্রে দক্ষ পরিচালক নিয়োগ করাটা খুবই জরুরি। এটি সম্ভব হলে ভালো ফল পাওয়া যাবে। অন্যদিকে মানসম্পন্ন গবেষণায় জোর দিতে হবে, যাতে ভবিষ্যতের চ্যালেঞ্জ মোকাবিলা করা যায়।