শ্রমিকের মান নিয়ে উদ্যোক্তাদের অসন্তোষ আছে
শ্রমিকের মান নিয়ে উদ্যোক্তারা সব সময় অসন্তোষ প্রকাশ করেন। এর দায়ভার পড়ে দেশের শিক্ষাব্যবস্থার ওপর। এ জন্য গোল্ডম্যান স্যাকসের ‘নেক্সট ১১’-এর অন্য দেশগুলোর তুলনায় বাংলাদেশ বেশ পিছিয়ে আছে। প্রতিদ্বন্দ্বী ভিয়েতনাম ও ইন্দোনেশিয়ার সাক্ষরতার হার ৯০ শতাংশের বেশি।
গতকাল শনিবার বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠান (বিআইডিএস) আয়োজিত দুই দিনব্যাপী সম্মেলনের শিক্ষাবিষয়ক অধিবেশনের মূল প্রবন্ধে এ কথা বলা হয়েছে। বিআইডিএসের জ্যেষ্ঠ গবেষক আনোয়ারা বেগম মূল প্রবন্ধ উপস্থাপন করেন। বক্তারা বলেন, টেকসই উন্নয়ন লক্ষ্য (এসডিজি) অর্জনে মানবসম্পদ উন্নয়নে শিক্ষা খাতে জোর দিতে হবে।
শিক্ষাব্যবস্থার দুর্দশার উদাহরণ দিয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের অধ্যাপক নুরুল আলম বলেন, যেসব বিভাগ করলে বেশি আয় হবে, সেসব বিভাগ খোলা হয় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে। আবার সরকারি বিশ্ববিদ্যালয়ে নতুন বিভাগ খোলার পেছনে বড় কারণ নতুন শিক্ষকদের ‘ভোট’ বগলে আনা।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য কাজী সালেহ আহমেদের সভাপতিত্বে আরও বক্তব্য দেন ব্র্যাকের চেয়ারপারসনের উপদেষ্টা মোশতাক চৌধুরী, ইনিশিয়েটিভ ফর হিউম্যান ডেভেলপমেন্টের চেয়ারম্যান কাজী ফারুক ও ইনস্টিটিউট অব এডুকেশন অ্যান্ড ডেভেলপমেন্টের জ্যেষ্ঠ উপদেষ্টা মানজুর আহমেদ প্রমুখ।