সংশোধিত এডিপি ৭২ হাজার কোটি টাকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চলতি অর্থবছরের (২০১৪-১৫) সংশোধিত বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) আকার দাঁড়িয়েছে ৭২ হাজার কোটি টাকা। এর মধ্যে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়া হবে ৪৭ হাজার ১০০ কোটি টাকা। আর বিদেশি সহায়তা হিসেবে পাওয়া যাবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
পরিকল্পনা কমিশনের বর্ধিত সভায় গতকাল মঙ্গলবার সংশোধিত এডিপির খসড়া অনুমোদন দেওয়া হয়। পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল এতে সভাপতিত্ব করেন। আগামী সপ্তাহে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটিতে (এনইসি) অনুমোদনের জন্য এ সংশোধিত এডিপি প্রস্তাব করা হবে।
উল্লেখ্য, পরিকল্পনা কমিশনের তদারকে থাকা চলতি অর্থবছরের মূল এডিপির আকার হলো ৮০ হাজার ৩১৫ কোটি টাকা। এতে স্থানীয় মুদ্রায় জোগান দেওয়ার কথা ৫২ হাজার ৬১৫ কোটি টাকা। সংশোধিত এডিপিতে এ খাতে কমছে সাড়ে পাঁচ হাজার কোটি টাকা। অন্যদিকে বিদেশি সহায়তার বরাদ্দ থেকে কমছে ২ হাজার ৮০০ কোটি টাকা। সংশোধিত এডিপিতে বিদেশি সহায়তা থাকবে ২৪ হাজার ৯০০ কোটি টাকা।
সংশোধিত এডিপিতে প্রকল্পের সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ১৯৭টি। এ ছাড়া ৬১২টি বরাদ্দবিহীন অননুমোদিত প্রকল্প এতে অন্তর্ভুক্ত করা হয়েছে।
তুলনামূলক অধিক বরাদ্দ পাওয়া আটটি খাত হলো: পরিবহনে ১৭ হাজার ৩২ কোটি টাকা, শিক্ষা ও ধর্মে ৮ হাজার ৬৬২ কোটি টাকা, বিদ্যুৎ খাতে ৮ হাজার ৩১৮ কোটি টাকা, পল্লী উন্নয়ন ও পল্লী প্রতিষ্ঠানে ৭ হাজার ৫ কোটি টাকা, ভৌত পরিকল্পনা ও পানি সরবরাহ ও গৃহায়ণ খাতে ৬ হাজার ৮৪৪ কোটি টাকা, স্বাস্থ্য, পুষ্টি, জনসংখ্যা, পরিবারকল্যাণ খাতে ৪ হাজার ৭৪১ কোটি টাকা, বিজ্ঞান, তথ্য ও যোগাযোগপ্রযুক্তি খাতে ৪ হাজার ৬৩০ কোটি টাকা এবং কৃষি খাতে ৪ হাজার ১৯৭ কোটি টাকা।