সংস্কারকাজে পিছিয়ে ১,৫৪৯ কারখানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

জাতীয় ত্রিপক্ষীয় কর্মপরিকল্পনার (এনটিএপি) অধীনে থাকা ১ হাজার ৫৪৯ পোশাক কারখানার অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত ত্রুটি সংস্কারকাজে অগ্রগতি নেই। ১৬ মাস আগে কারখানাগুলোর প্রাথমিক পরিদর্শন শেষ হয়েছিল। সংস্কারকাজে যথেষ্ট অগ্রগতি না হওয়ায় এসব কারখানায় নিরাপত্তা ঝুঁকি রয়ে গেছে, যা অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটাতে পারে।
আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) সহায়তায় এসব পোশাক কারখানা প্রাথমিক পরিদর্শন করেছিল শ্রম মন্ত্রণালয়ের আওতাধীন কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই)। অবশ্য কারখানাগুলো কত শতাংশ ত্রুটি সংস্কার বা সংশোধন করছে, সে বিষয়ে অধিদপ্তরের কাছে সুনির্দিষ্ট তথ্য নেই। তাদের ধারণা, সর্বোচ্চ ২০ শতাংশ ত্রুটি সংশোধন হয়ে থাকতে পারে।
এদিকে ইউরোপীয় ক্রেতাদের জোট অ্যাকর্ড ও উত্তর আমেরিকার ক্রেতাদের জোট অ্যালায়েন্সের সদস্য কারখানাগুলোর সংস্কারকাজ শেষ হয়েছে যথাক্রমে ৭৭ ও ৭৫ শতাংশ। দুই জোটের ১৩৫ কারখানা অগ্নি, বৈদ্যুতিক ও ভবনের কাঠামোগত প্রাথমিক ত্রুটি সংশোধনের কাজ শেষ করেছে। অ্যাকর্ড ও অ্যালায়েন্সের মোট সদস্য কারখানার সংখ্যা বর্তমানে ২ হাজার ২০৬।
১ হাজার ৫৪৯ পোশাক কারখানা প্রাথমিক পরিদর্শন শেষে কারখানাগুলোর ঝুঁকিভেদে ছয়টি ক্যাটাগরি করে অধিদপ্তর। তার মধ্যে সবচেয়ে ঝুঁকিপূর্ণ রেড ক্যাটাগরিতে ২৩ কারখানা আছে। এ ছাড়া আম্বার ক্যাটাগরিতে ২১৮, ইয়েলো ক্যাটাগরিতে ৫৬২, গ্রিন ক্যাটাগরিতে ৪৪৯, অগ্নি ও বৈদ্যুতিক ক্যাটাগরিতে ২৮২ এবং ব্ল্যাক ক্যাটাগরিতে ১৫ কারখানা আছে। এসব কারখানার কোনোটিই শতভাগ ত্রুটিমুক্ত নয়। কমবেশি সব কারখানাতেই নিরাপত্তা ঝুঁকি আছে। প্রায় দেড় বছর আগে এমনটাই বলেছিলেন অধিদপ্তরের সদ্য সাবেক মহাপরিদর্শক (আইজি) সৈয়দ আহম্মদ।
খোঁজ নিয়ে জানা যায়, সংস্কারকাজ পিছিয়ে থাকার পেছনে সংশ্লিষ্ট মালিকদের গাফিলতির পাশাপাশি অধিদপ্তরের প্রস্তুতির ঘাটতি আছে। প্রকৌশলীর অভাবে ফলোআপ পরিদর্শন করা যাচ্ছে না। অন্যদিকে অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানার সংস্কারকাজ চার ভাগের তিন ভাগ সম্পন্ন হওয়ার মূল কারণ হচ্ছে ‘চাপ’। ত্রুটি সংস্কারকাজে সন্তোষজনক অগ্রগতি না থাকলে ব্যবসা স্থগিতের মতো কঠিন সিদ্ধান্ত নিয়ে থাকে উভয় জোটের কর্তৃপক্ষ। এখন পর্যন্ত ২০২ কারখানার সঙ্গে ব্যবসায়িক সম্পর্ক ছিন্ন করেছে তারা।
জানতে চাইলে ডিআইএফইর মহাপরিদর্শক শামসুজ্জামান ভূঁইয়া গত বুধবার প্রথম আলোকে বলেন, ‘২০ শতাংশের মতো ত্রুটি সংস্কারকাজ হয়েছে। এসবের অধিকাংশই অগ্নি ও বৈদ্যুতিক-সংক্রান্ত ত্রুটি, যা সহজেই করা যায়। সংস্কারকাজ না হওয়ায় অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা ঘটতে পারে।’ তিনি বলেন, সংস্কারকাজে মালিকদের গাফিলতি আছে। তা ছাড়া আর্থিক সক্ষমতারও একটি বিষয় আছে।
অবশ্য বিজিএমইএর সভাপতি সিদ্দিকুর রহমান মালিকদের গাফিলতির বিষয়টি সঠিক নয় বলে উল্লেখ করেন। তিনি গতকাল প্রথম আলোকে বলেন, ‘যারা ব্যবসায় থাকতে চায় ও আর্থিকভাবে সক্ষম, তারা সংস্কারকাজ শুরু করেছে। আর যাদের আর্থিক সক্ষমতা কম, তাদের জন্য আমরা স্বল্প সুদে ঋণের ব্যবস্থা করেছি।’ তিনি আরও বলেন, বেশি ঝুঁকিপূর্ণ কারখানা বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে সংস্কারকাজে পিছিয়ে থাকলেও দুর্ঘটনার আশঙ্কা নেই।
২০১৩ সালের ২৪ এপ্রিল সাভারে রানা প্লাজা ধসের ঘটনায় ১ হাজার ১৩৬ জন পোশাকশ্রমিক নিহত হন। দুই হাজারের বেশি শ্রমিক আহত হন। ভবন ধসের পর বাংলাদেশের পোশাক খাতের কর্মপরিবেশ নিয়ে প্রশ্ন ওঠে। এর পরপরই পোশাক কারখানার কর্মপরিবেশ উন্নয়নে অ্যাকর্ড ও অ্যালায়েন্স গঠিত হয়। যেসব কারখানা ইউরোপীয় ইউনিয়ন, উত্তর আমেরিকা ও কানাডার ক্রেতাপ্রতিষ্ঠান ও ব্র্যান্ডের পোশাক তৈরি করে, তাদের দায়িত্ব নেয় দুই জোট। বাদবাকি কারখানার কর্মপরিবেশ উন্নয়নের কাজটি এনটিএপির অধীনে করার সিদ্ধান্ত নেয় সরকার।
অধিদপ্তরের তথ্যভান্ডার অনুযায়ী, সারা দেশে বর্তমানে ৪ হাজার ৭৬৫ পোশাক কারখানা আছে। এর মধ্যে ৩ হাজার ৭৫৬ কারখানা পরিদর্শন করেছে অ্যাকর্ড, অ্যালায়েন্স ও ডিআইএফই। বাকি ১ হাজার ৯টি কারখানা কোনো ধরনের পরিদর্শনের আওতায় আসেনি। এই কারখানাগুলোর অধিকাংশই আবার তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ ও বিকেএমইএর সদস্য নয়।
জানতে চাইলে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান সিপিডির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম প্রথম আলোকে গতকাল বলেন, ‘আমাদের সব নজর অ্যাকর্ড ও অ্যালায়েন্সের কারখানাগুলোর ওপর। কিন্তু বাকি ৫০ শতাংশের বেশি পোশাক কারখানার সংস্কারকাজ শুরুই হয়নি। এই পরিস্থিতিতে কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে পুরো সংস্কারকাজ নিয়ে প্রশ্ন সৃষ্টি হবে।’ তিনি বলেন, এনটিএপির অধীনে থাকা কারখানাগুলোর সংস্কারকাজ নিয়ে কিছু জটিলতা আছে। তার মধ্যে বড় বিষয় হচ্ছে, এসব কারখানার আর্থিক সক্ষমতা কম। তাই সরকারকে আলাদাভাবে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার।
জানা যায়, সংস্কারকাজ তদারক করার জন্য অধিদপ্তরের নেতৃত্বে সংশোধন সমন্বয় কমিটি (আরসিসি) গঠন করা হয়েছে। কমিটির অধীনে একাধিক প্রকৌশল প্রতিষ্ঠান নিয়োগ দেওয়া হবে। সেই প্রতিষ্ঠানগুলো সংস্কারকাজ এগিয়ে নিতে কারিগরি সহায়তা দেবে।
অধিদপ্তরের মহাপরিদর্শক শামসুজ্জামান ভূঁইয়া বলেন, আগামী ১৪ মে আরসিসি কমিটি পুরোদমে কাজ শুরু করবে। সংস্কারকাজের জন্য একাধিক প্রকৌশল প্রতিষ্ঠানকে চুক্তিভিত্তিক নিয়োগ করা হবে। তিনি আরও বলেন, ‘আমরা ১ হাজার ৫৪৯ কারখানার ভবনের মালিকানা ভিত্তিতে ক্যাটাগরি করছি। তারপর যেসব কারখানার মালিক নিজেই ভবনের স্বত্বাধিকারী, তাঁদের সঙ্গে বৈঠকে বসব। তাঁদের কাছ থেকে সময়সীমা নেব। নির্দিষ্ট সময়ের মধ্যে সংস্কারকাজ না করলে বিজিএমইএ ও বিকেএমইএর মাধ্যমে ইউডি ও ইউপি বন্ধ করে দেওয়া হবে। তখন তারা পোশাক রপ্তানি করতে পারবে না।’
এনটিএপি
কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের অধীনে থাকা ১,৫৪৯ কারখানার ত্রুটি সংস্কারকাজ শেষ ২০%
অ্যাকর্ড
ইউরোপীয় ক্রেতাদের এই
জোটের সদস্য ১,৫৩১ কারখানার
ত্রুটি সংস্কারকাজ শেষ হয়েছে ৭৭%
অ্যালায়েন্স
উত্তর আমেরিকার ক্রেতাদের এই জোটের ৬৭৫ কারখানার ত্রুটি সংস্কারকাজ সম্পন্ন হয়েছে ৭৫%