সক্রিয় হিসাব বেড়েছে ৭ লাখ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১৬ সালের নভেম্বরের তুলনায় ডিসেম্বরে মুঠোফোনভিত্তিক আর্থিক সেবায় (এমএফএস) সক্রিয় হিসাব ৭ লাখ বেড়েছে। একই সময়ে এমএফএস সেবা নিতে নিবন্ধিত হিসাব বেড়েছে ১৪ লাখ। এমএফএস নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যানে এ তথ্য পাওয়া গেছে।
এমএফএসের মাধ্যমে গত ডিসেম্বরে মোট ২৩ হাজার ২১৩ কোটি টাকার লেনদেন হয়েছে, যা নভেম্বরে ছিল ২১ হাজার ৯৩৩ কোটি টাকা। সে হিসাবে এক মাসে আর্থিক লেনদেন বেড়েছে ৫ দশমিক ৮৪ শতাংশ।
কেন্দ্রীয় ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী, এ সেবার মাধ্যমে ডিসেম্বরে প্রতিদিন গড়ে ৭৭৩ কোটি টাকা লেনদেন হয়েছে। নভেম্বরে এ লেনদেনের পরিমাণ ছিল ৭৩১ কোটি টাকা। এ সময়ে এজেন্টের সংখ্যা ৬ লাখ ৯৪ হাজার থেকে বেড়ে হয়েছে ৭ লাখ ১০ হাজার। পাশাপাশি নিবন্ধিত গ্রাহকসংখ্যা ৩ কোটি ৯৬ লাখ থেকে বেড়ে হয়েছে ৪ কোটি ১০ লাখ। সক্রিয় গ্রাহকও ১ কোটি ৫১ লাখ থেকে বেড়ে হয়েছে ১ কোটি ৫৮ লাখ।
ডিসেম্বরে এ সেবার মাধ্যমে ২৩৪ কোটি টাকার বেতন বিতরণ করা হয়, যা নভেম্বরে ছিল ৩২২ কোটি টাকা। এ ছাড়া ডিসেম্বরে এমএফএসের মাধ্যমে ১৮১ কোটি টাকার সেবা বিল পরিশোধ করা হয়েছে।
চলতি বছরের ১১ জানুয়ারি বাংলাদেশ ব্যাংক এক নির্দেশনার মাধ্যমে এমএফএসের লেনদেন সীমা কমিয়ে দেয়।
বর্তমানে দেশে ১৯টি ব্যাংকের এ সেবা দেওয়ার জন্য বাংলাদেশ ব্যাংকের অনুমোদন রয়েছে। এর মধ্যে ১৭টি ব্যাংক এ সেবা চালু করেছে।