সব দেশে মূল্যস্ফীতি কমছে, বাড়ছে বাংলাদেশে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম সর্বনিম্ন পর্যায়ে। ভোগ্যপণ্যের দামও বেশ কম। ভোক্তা পর্যায়ে এর সুফল ভোগ করছে সারা বিশ্ব। প্রায় সব দেশেই মূল্যস্ফীতি ধারাবাহিকভাবে কমেছে। যুক্তরাষ্ট্র, চীন ও ভারতের মতো দেশে মূল্যস্ফীতি এখন ৪ শতাংশের নিচে।

বিশ্বের বড় দেশগুলোর মূল্যস্ফীতি যখন নিম্নমুখী তখন বাংলাদেশে মূল্যস্ফীতি কমছে না। নিম্নমুখী প্রবণতায় তো নেই বরং বেড়েছে। গত নয় মাস ধরে মূল্যস্ফীতি ৬ শতাংশের ওপরে রয়েছে।

গত সেপ্টেম্বর মাসে মাসওয়ারি ভিত্তিতে সার্বিক মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ২৪ শতাংশ। এর আগের মাসে এ হার ছিল ৬ দশমিক ১৭ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রকাশিত মূল্যস্ফীতির হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য রয়েছে।

আগস্ট মাসের হিসাবমতে, বিশ্বের বৃহত্তম অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্রে সার্বিক মূল্যস্ফীতি দশমিক ১৯ শতাংশ। সে দেশের সাধারণ মানুষের ওপর মূল্যস্ফীতি প্রভাব নেই বললেই চলে। গত জানুয়ারি মাসের পর কোনো মাসেই দেশটির মূল্যস্ফীতি ১ শতাংশের বেশি হয়নি। অথচ এর আগের পাঁচ বছরে কোনো মাসেই যুক্তরাষ্ট্রে মূল্যস্ফীতি ১ শতাংশের নিচে নামেনি।

অন্যদিকে আগস্টে চীনে মূল্যস্ফীতি ছিল ২ শতাংশ। তবে এর আগের কয়েক মাসে মূল্যস্ফীতি বৃদ্ধির প্রবণতা ছিল। কিন্তু এ মূল্যস্ফীতি বৃদ্ধির কারণ আন্তর্জাতিক বাজার নয়। অভ্যন্তরীণ বাজারে তখন কিছু ভোগ্যপণ্যের দাম বেড়েছিল।

পার্শ্ববর্তী দেশ ভারতেও কয়েক মাস ধরে মূল্যস্ফীতি কমেছে। রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়ার সূত্রমতে, সর্বশেষ গত আগস্ট মাসে মূল্যস্ফীতি ৩ দশমিক ৬৬ শতাংশ। অন্যদিকে পাকিস্তানেও একই মূল্যস্ফীতি পরিস্থিতি। আগস্টে মূল্যস্ফীতি ১ দশমিক ৭ শতাংশ।

বাংলাদেশে কেন মূল্যস্ফীতি কমছে না—এমন প্রশ্নের জবাবে বিশ্বব্যাংকের ঢাকা কার্যালয়ের প্রধান অর্থনীতিবিদ জাহিদ হোসেন প্রথম আলোকে বলেন, এ দেশে জ্বালানি তেলের দাম সরকার নির্ধারণ করে দেয়। তাই আন্তর্জাতিক বাজারে দাম কমলেও তা সমন্বয় করা হয় না। তিনি আরও বলেন, অভ্যন্তরীণ খাত থেকেই দেশের সারের চাহিদা মেটানো হয়। আন্তর্জাতিক বাজারে এখন সারের দাম বেশ কম। আমদানি করা সারে কৃষি উৎপাদন হলে এটা ভোক্তা পর্যায়ে পণ্যের দাম কমত। কিন্তু সেটা হয়নি। তাঁর মতে, একচেটিয়া ব্যবসার কারণে বাংলাদেশে যেভাবে দ্রুত জিনিসপত্রের দাম বাড়ে, সেভাবে দ্রুত দাম কমে না।

 বাংলাদেশ: বিসিএসের হালনাগাদ পরিস্থিতি থেকে দেখা গেছে, সেপ্টেম্বর মাসে খাদ্যপণ্যে মূল্যস্ফীতি সামান্য কমে ৫ দশমিক ৯২ শতাংশ। আগস্ট মাসে এ হার ৬ দশমিক ০৬ শতাংশ হয়েছে। তবে খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি বেশ বেড়েছে। খাদ্যবহির্ভূত পণ্যে মূল্যস্ফীতি হয়েছে ৬ দশমিক ৭৩ শতাংশ। আগস্টে এ হার ছিল ৬ দশমিক ৩৫ শতাংশ।

গতকাল মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সর্বশেষ মূল্যস্ফীতি সাংবাদিকদের অবহিত করেন। তিনি বলেন, ঈদের কেনাকাটার কারণে মূল্যস্ফীতি কিছুটা বেড়েছে। তবে তা সহনীয় পর্যায়ে রয়েছে। বছর শেষে মূল্যস্ফীতি লক্ষ্যে থাকবে।

বিবিএস বলছে, ডাল, ডিম, মাংস, শাকসবজি, মসলা, দুধ ও দুধজাতীয় পণ্য ও তামাকের দাম বৃদ্ধি পাওয়ায় গত আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বরে খাদ্য উপখাতে ১ দশমিক ৭০ শতাংশ বেড়েছে। অন্যদিকে পরিধেয় বস্ত্র, বিদ্যুৎ ও জ্বালানি, বাড়িভাড়া, আসবাবপত্র, গৃহস্থালি, চিকিৎসাসেবা, পরিবহন ও শিক্ষা উপকরণসহ বিভিন্ন পণ্য ও সেবার দাম একই সময়ে বেড়েছে ১ দশমিক ১৪ শতাংশ।

বিবিএসের প্রকাশিত তথ্য-উপাত্ত বিশ্লেষণ করলে দেখা যায়, গ্রামের চেয়ে শহরের মানুষের ওপর মূল্যস্ফীতির চাপ বেশি। গত সেপ্টেম্বর মাসে শহরে সার্বিক মূল্যস্ফীতি ছিল ৬ দশমিক ৯৬ শতাংশ আর গ্রামে ছিল এ হার ৫ দশমিক ৮৬ শতাংশ।