সব পণ্যের মজুত পর্যাপ্ত, রোজায় দাম বাড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপণ্যের দাম বাড়াবেন না বলে ব্যবসায়ীদের ওপর আস্থা রাখতে চান বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ। ব্যবসায়ীরাও আগের মতোই সহযোগিতা করবেন বলে মন্ত্রীকে আশ্বস্ত করেন।
সচিবালয়ে গতকাল মঙ্গলবার নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে অনুষ্ঠিত পর্যালোচনা বৈঠকে বাণিজ্যমন্ত্রী আরও বলেন, ‘ব্যবসায়ীরা দেশপ্রেমিক। তাঁরা ব্যবসা করেন, দেশকে ভালোবাসেন। আমি বিশ্বাস করি, রমজান উপলক্ষে তাঁরা এমন কিছু করবেন না, যাতে সাধারণ মানুষের কষ্ট হয়।’
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন বৈঠকে নিত্যপণ্যের সার্বিক পরিস্থিতি তুলে ধরেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সভাপতি আবদুল মাতলুব আহমাদ ও পরিচালক মো. হেলালউদ্দিন, সংশ্লিষ্ট মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) ও ট্যারিফ কমিশনের প্রতিনিধি এবং ভোজ্যতেল, চিনি, ডাল, ফল ব্যবসায়ী সমিতির নেতারা বৈঠকে আলোচনা করেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, চাল, চিনি, ভোজ্যতেল, ডাল, পেঁয়াজ, রসুন, আদা, হলুদ, খেজুরসহ সব পণ্যেরই মজুত চাহিদার চেয়েও বেশি। তাই রমজান উপলক্ষে পণ্যের দাম বাড়ার কারণ নেই।
রমজান মাস সামনে রেখে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি) চাল, ডাল, চিনি, ভোজ্যতেল, খেজুর ইত্যাদি পণ্য ১৭৪টি ট্রাকের মাধ্যমে এবং ডিলারের মাধ্যমে বিক্রি করা হবে বলেও জানান তোফায়েল আহমেদ।
ব্যবসায়ীদের উদ্দেশে তোফায়েল আহমেদ বলেন, ‘দুই বছরের বেশি সময়ে দুইটা রোজার ঈদ ও দুইটা কোরবানির ঈদ পেয়েছি। বাজার ঠিক রাখবেন বলে কথা দিয়েছিলেন, অক্ষরে অক্ষরে আপনারা তা পালন করেছেন। এবারও যেন বাজারটা স্বাভাবিক থাকে। তাহলে আল্লাহর কাছ থেকেও রহমত পাবেন।’
এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাণিজ্যমন্ত্রীকে ‘ব্যবসায়ী ও জনগণের বন্ধু’ বলে সম্বোধন করে বলেন, ‘সবাইকে ডেকে এনে রমজানের আগে যেভাবে সংলাপ করছেন, তার সাফল্য মন্ত্রী আগেও পেয়েছেন। নিত্যপণ্যের সরবরাহ ও মূল্য পরিস্থিতি ঠিক রাখতে সরকার সব সময়ই সজাগ। প্রতিবারের মতো আজকের (গতকাল) বৈঠকটাই তার বড় প্রমাণ।’
বাজেট ও রমজান এবার প্রায় একই সময়ে হওয়ায় এবং নতুন মূল্য সংযোজন কর (মূসক) আইন বাজেট উপস্থাপনের পর ১ জুলাই কার্যকর হবে বলে নিত্যপণ্যের বাজার ঠিক থাকার ব্যাপারে কিছুটা আশঙ্কাও প্রকাশ করেন আবদুল মাতলুব আহমাদ।
এফবিসিসিআইয়ের পরিচালক মো. হেলালউদ্দিন কয়েক দিনে ট্রাকভাড়া ৩০-৪০ শতাংশ বেড়েছে এবং পথে পথে চাঁদাবাজি হচ্ছে বলে বাণিজ্যমন্ত্রীর পদক্ষেপ দাবি করেন।
জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, চাঁদাবাজির বিষয়টি নিয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে কথা বলবেন।
মূসক আইন প্রসঙ্গ: এফবিসিসিআইয়ের সভাপতি প্রধানমন্ত্রীর কাছে চিঠি লেখা, অর্থমন্ত্রীর সঙ্গে বৈঠক করাসহ কয়েক দিনের ধারাবাহিক চেষ্টার পাশাপাশি গতকাল আবার মূসক আইন সংশোধনে বাণিজ্যমন্ত্রীর সহযোগিতা চান। বলেন, ‘মূসক সমস্যার সমাধান হবে কি না, এটা একটা বড় প্রশ্ন। বড় ব্যবসায়ীদের সমস্যা নেই, সমস্যা ছোটদের। আশা করছি প্রধানমন্ত্রী এমন কিছু করবেন না, যাতে ব্যবসায়ীরা আঘাত পাবেন।’
বাণিজ্যমন্ত্রী এর জবাবে বলেন, সরকার এমন কোনো সিদ্ধান্ত নেবে না, যার বিরূপ প্রতিক্রিয়া ব্যবসায়ীদের ওপর পড়বে। সরকার বরং এ ব্যাপারে বাস্তবসম্মত সিদ্ধান্ত নেবে, যা আগামী বাজেটে দেখা যাবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘অর্থমন্ত্রীকে আমি গতকালও (সোমবার) বলেছি, নিজের জীবনের দশম বাজেট দিতে যাচ্ছেন আপনি। একজন মানুষ জীবনে এর চেয়ে বেশি কী পেতে পারেন। আপনি এমন কিছু করুন, যাতে মানুষ আপনাকে মনে রাখতে পারেন। আমি খুবই আশাবাদী যে অর্থমন্ত্রী বাজেটে এমন কিছু রাখবেন, যাতে ব্যবসায়ীরা অসন্তুষ্ট হবেন না।’