সম্ভাবনা আছে, সক্ষমতা নেই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

কেবল অবকাঠামো উন্নয়ন করেই ২০১১ থেকে ২০১৫ সাল পর্যন্ত পাঁচ বছরে ৬ হাজার কোটি ডলারের সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) এনেছে ভিয়েতনাম। স্যামসাং, এলজি, নেস্‌লের মতো বিশ্বখ্যাত প্রতিষ্ঠান দেশটিতে বিনিয়োগ করেছে। ভিয়েতনামের মতো বাংলাদেশেরও সম্ভাবনা আছে। তবে প্রয়োজনীয় অবকাঠামোর সক্ষমতা নেই।

ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) চলতি বছরের কর্মপরিকল্পনা নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন চেম্বার নেতারা। তাঁরা বলেছেন, দেশি-বিদেশি বিনিয়োগ বাড়াতে হলে গ্যাসের নিশ্চয়তা, আট লেনের ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ে নির্মাণ, বন্দর সম্প্রসারণ ও সক্ষমতা বৃদ্ধিসহ অবকাঠামো উন্নয়নে ব্যাপকভাবে জোর দিতে হবে। অবকাঠামো উন্নয়নে বেসরকারি খাতকে ভালোভাবে যুক্ত করতে আহ্বান জানিয়েছেন চেম্বার নেতারা।

রাজধানীর মতিঝিলে ডিসিসিআই মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার দুপুরে সংবাদ সম্মেলনটি হয়। এতে লিখিত বক্তব্য পাঠ করেন চেম্বারের সভাপতি আবুল কাসেম খান। এ সময় আরও উপস্থিত ছিলেন চেম্বারের ঊর্ধ্বতন সহসভাপতি কামরুল ইসলাম, সহসভাপতি হোসেন এ সিকদার, পরিচালক আসিফ এ চৌধুরী, আকবর হাকিম, হোসেন আকতার, হুমায়ুন রশিদ প্রমুখ।

আবুল কাসেম খান তাঁর বক্তব্যে বেশ কয়েকবার জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করার ওপর জোর দেন। তিনি বলেন, ‘আমাদের মূল শক্তি সস্তা শ্রম ও জ্বালানি। এটি ধরে রাখতে না পারলে ব্যবসায় অন্য দেশের সঙ্গে প্রতিযোগিতা করা যাবে না। সরকারের তথ্যানুযায়ী ২০২৩ সালে প্রাকৃতিক গ্যাস শেষ হয়ে যাবে। সে জন্য তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) আমদানির প্রক্রিয়া চলছে। এটি স্বল্পকালীন সমাধান। কারণ, আমদানি করা এলএনজি ব্যবহারে জ্বালানি খরচ বাড়বে।’

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, জ্বালানি নিরাপত্তার দীর্ঘমেয়াদি সমাধানের জন্য দেশীয় উৎসের দিকেই যেতে হবে। নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধান করতে হবে। এ জন্য বাপেক্সকে শক্তিশালী করার পাশাপাশি দক্ষতা বৃদ্ধি করতে হবে। প্রাকৃতিক গ্যাস, কয়লা ও এলএনজির সমন্বয়ে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা যেতে পারে বলে মনে করেন তিনি।

বিদ্যুৎ খাতে গত কয়েক বছরে সরকার যে সাফল্য দেখিয়েছে সেটি যোগাযোগ খাতে অর্জন করতে হবে বলে মন্তব্য করেন আবুল কাসেম খান। তিনি বলেন, ‘প্রয়োজনের চেয়ে ২০ বছর পরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক চার লেনে উন্নীত হয়েছে। বর্তমানে আট লেনের ঢাকা-চট্টগ্রাম এক্সপ্রেসওয়ের কাজ শুরু করা দরকার। আমরা দেখতে চাই, এটি সঠিক সময়ে হবে।’

ডিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘কারখানার ভেতরে পণ্য উৎপাদনে আমাদের প্রতিযোগিতা সক্ষমতা আছে। তবে কারখানার বাইরে বের হলেই সেই পণ্য প্রতিযোগিতা করতে পারছে না। অবকাঠামো উন্নয়নে যথেষ্ট বিনিয়োগ করা গেলেই পণ্যের উৎপাদন খরচ কমানো সম্ভব।’ বাণিজ্যে প্রতিযোগিতা করার জন্য এটি খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেন তিনি।

অবকাঠামো উন্নয়নে ২০১৫ সালে বাংলাদেশে জিডিপির মাত্র ২ দশমিক ৮৭ শতাংশ ব্যয় হয়েছে। এ ক্ষেত্রে ভিয়েতনাম ব্যয় করেছে জিডিপির ১০ শতাংশ। চীনে অবকাঠামো উন্নয়নে ব্যয় করেছে জিডিপির ৯ শতাংশ, ভারত, শ্রীলঙ্কা, ফিলিপাইন ৫ শতাংশ ও থাইল্যান্ড ৪ শতাংশ।

এসব তথ্য দিয়ে ডিসিসিআইয়ের সভাপতি বলেন, ২০৩০ সালের মধ্যে বাংলাদেশকে বিশ্বের ৩০তম বৃহৎ অর্থনীতির দেশ হিসেবে গড়তে চাইলে জিডিপি প্রবৃদ্ধি ৮ শতাংশ করতে হবে। এ জন্য অবকাঠামো খাতের ব্যয় জিডিপি প্রবৃদ্ধির ৫-৭ শতাংশে নিয়ে যেতে হবে।

এক সাংবাদিকের প্রশ্নের জবাবে ডিসিসিআইয়ের সভাপতি বলেন, কাগজ-কলমে দেশের বিনিয়োগের পরিবেশ ভালো। তবে মাঠে কিছু সমস্যা আছে। ব্যবসার খরচ অনেক বেশি। ব্যাংক ঋণ দিচ্ছে। কিন্তু ঋণ দিলেই বিনিয়োগ হয় না। অনেক ঋণ ‘মন্দ ঋণ’ হয়ে যায়।

আবুল কাসেম খান বলেন, দেশি-বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে হলে অবকাঠামো উন্নয়ন শিগগিরই করতে হবে। কাজ দ্রুত বাস্তবায়ন ও তদারকি করতে সরকারের অধীনে একটি কমিশন গঠন করা প্রয়োজন। এ কমিশনে বেসরকারি খাতের ব্যবসায়ীদের নিয়োগ দিতে হবে।

গবেষণার জন্য সরকারকে উদ্যোগী হতে আহ্বান জানিয়ে ডিসিসিআইয়ের সভাপতি বলেন, প্রতিবছর ২৫ লাখ লোক কর্মসংস্থানের জন্য আসবে। অফিস-আদালতের মাধ্যমে এত লোককে চাকরি দেওয়া যাবে না। উৎপাদন খাতেই কর্মসংস্থান বেশি হবে। কোন খাতে বেশি কর্মসংস্থান হবে, সে বিষয়ে গবেষণা করা দরকার। সে অনুযায়ী শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।

অবকাঠামো উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে চলতি বছর সরকারের সঙ্গে ঢাকা চেম্বারের নেতারা দেনদরবার ও সভা-সেমিনার আয়োজন করবেন বলে জানান আবুল কাসেম খান।