সম্ভাবনা বাড়ছে টিভি সংযোজন শিল্পের
বিশেষ ধরনের পোশাক পরিহিত কর্মীদের কেউ টেলিভিশনের ফ্রেম বা কাঠামো ঠিক করছেন, কেউ ওই কাঠামোর সঙ্গে মূল পর্দা যুক্ত করতে ব্যস্ত। কেউবা মূল পর্দার ছবি, শব্দ ও রঙের মান পরীক্ষা করছেন। আরেক দল নিয়োজিত প্যাকেটজাতের কাজে। আমদানি করা যন্ত্রাংশ জোড়া দিয়ে এভাবেই ১৮ থেকে ২১টি ধাপে সম্পন্ন হচ্ছে একেকটি এলইডি টিভি সংযোজন-প্রক্রিয়া।
এমন দৃশ্য চোখে পড়ে ধামরাইয়ের বিসিক শিল্প নগরে স্থাপিত গোল্ডেন স্টার ইন্ডাস্ট্রিজের এলইডি (লাইট ইমিটিং ডায়োড) প্রযুক্তির টিভি সংযোজন কারখানায়। চলতি বছরের মার্চ থেকে বড় পরিসরে সম্পূর্ণ এলইডি টিভি সংযোজনের কাজ শুরু হয়েছে এই কারখানায়।
এলইডি টিভি সংযোজনের পুরো প্রক্রিয়া সরেজমিনে দেখাতে গত শনিবার গোল্ডেন স্টার কর্তৃপক্ষ সাংবাদিক পরিদর্শনের আয়োজন করে। কোম্পানিটির ব্যবস্থাপনা পরিচালক সাংসদ আলী আজগরসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা সাংবাদিকদের কারখানা ঘুরিয়ে দেখান। বাইরের ধুলো-ময়লা যাতে আসতে না পারে, সে জন্য কারখানার মূল সংযোজনকক্ষে প্রবেশের আগে প্রত্যেককে বিশেষ পোশাক পরে নিতে হয়। সেখানে ৩৫ জন কর্মীকে নির্দিষ্ট দায়িত্ব অনুযায়ী টিভির বিভিন্ন অংশ সংযোজন করতে দেখা যায়। জানা গেল, এসব কর্মীর প্রত্যেকেই ডিপ্লোমা প্রকৌশলী এবং এ কাজে বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত।
সংযোজনের প্রতিটি ধাপ ঘুরে দেখার সঙ্গে সঙ্গে টেলিভিশন সংযোজনের খুঁটিনাটি তথ্য জানালেন প্রতিষ্ঠানটির কর্মকর্তারা। তাঁরা বলেন, মান ঠিক রাখতে সব সময়ই সংযোজনকক্ষের আর্দ্রতা একটি নির্দিষ্ট তাপমাত্রায় রাখা হয়। সংযোজনের প্রতিটি প্রক্রিয়ায় কোনোভাবেই যাতে ধুলা না আসে, সে জন্য রয়েছে বিশেষ ব্যবস্থা। আরও জানা গেল, একটি উৎপাদন লাইনের মাধ্যমে এখন প্রতিদিন আট ঘণ্টায় সর্বোচ্চ ১২৫টি টেলিভিশন সংযোজন করা হচ্ছে এ কারখানায়। চীনের একটি কারখানা থেকে সম্পূর্ণ খোলা অবস্থায় (সিকেডি) যন্ত্রাংশ আমদানি করে পূর্ণাঙ্গ টিভি সংযোজন করা হচ্ছে। এতে নতুন কর্মসংস্থান তৈরির পাশাপাশি দেশের অর্থনীতিতে বাড়তি মূল্য সংযোজন হচ্ছে বলে জানান তাঁরা।
খাত সংশ্লিষ্ট ব্যক্তিদের হিসাব অনুযায়ী, বাংলাদেশে বর্তমানে বছরে ১৩ থেকে ১৪ লাখ টেলিভিশন বিক্রি হয়। এর মধ্যে ৪০ শতাংশ বাজার এলইডি টিভির দখলে। আর বাকিটা সাধারণ সিআরটি (ক্যাথোড রে টিউব) প্রযুক্তিতে তৈরি টেলিভিশনের দখলে। আগামী বছরের মধ্যেই এলইডি টেলিভিশনের বাজার হিস্যা বেড়ে ৬০ থেকে ৭০ শতাংশে উন্নীত হতে পারে। সম্ভাব্য এ বাজারের একটি অংশ নিজেদের দখলে নেওয়ার লক্ষ্য নিয়েই গোল্ডেন স্টার কাজ করছে বলে জানান এটির শীর্ষস্থানীয় কর্মকর্তারা।
প্রতিষ্ঠানটির এমডি আলী আজগর সাংবাদিকদের বলেন, ‘৩০ হাজার টাকার মধ্যে তিন বছরের প্যানেল ওয়ারেন্টিতে আমরা গ্রাহকদের ৪০ ইঞ্চি এলইডি টেলিভিশন দিচ্ছি। সাধারণ মানুষ যাতে সাশ্রয়ী মূল্যে এ টিভি কিনতে পারেন, সেই লক্ষ্য নিয়ে আমরা বাজারে এসেছি।’