
বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক বা ডুয়িং বিজনেস ইনডেক্সে এ বছর এক ধাপ পিছিয়েছে বাংলাদেশ। কিন্তু এ সূচকে উন্নতির জন্য সরকার উদ্যোগ নিয়েছে। আগামী বছর এ ক্ষেত্রে কীভাবে উন্নতি করা যায়, তা নিয়ে প্রথম আলোর সঙ্গে কথা বলেছেন বিশ্বব্যাংক গোষ্ঠীর ঢাকা কার্যালয়ের জ্যেষ্ঠ অর্থনীতিবিদ এবং বাণিজ্য ও প্রতিযোগিতা সক্ষমতা বিভাগের প্রধান মাশরুর রিয়াজ। সাক্ষাৎকার নিয়েছেন আশরাফুল ইসলাম
প্রথম আলো: বিশ্বব্যাংকের সহজে ব্যবসা করার সূচক বা ‘ডুয়িং বিজনেস ইনডেক্স ২০১৮’-এ বাংলাদেশ আরও এক ধাপ পিছিয়েছে। ১৯০টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান হয়েছে ১৭৭তম। বিষয়টিকে আপনি কীভাবে দেখছেন?
মাশরুর রিয়াজ: একদিক থেকে দেখলে এই প্রতিবেদনে গত কয়েক বছরের তুলনায় বাংলাদেশের অবস্থানের খুব বেশি পরিবর্তন হয়নি। কিন্তু এ দেশের অবস্থান একেবারে নিচের দিকে। এর মানে হলো বাংলাদেশের বিনিয়োগ বা ব্যবসার পরিবেশে সাংঘাতিক দুর্বলতা আছে। বাংলাদেশকে মধ্যম আয়ের দেশে পরিণত করতে বিপুল বিনিয়োগ প্রয়োজন। ব্যবসার পরিবেশে উন্নতি না হলে কাঙ্ক্ষিত হারে বিনিয়োগ পাওয়া যাবে না। ব্যবসার পরিবেশের এ দুর্বলতা কাটিয়ে উঠতে বাংলাদেশকে সুদূরপ্রসারী পরিকল্পনা ও পদক্ষেপ নিতে হবে।
প্রথম আলো: ২০২১ সালের মধ্যে সরকার সহজে ব্যবসা করার সূচকে বাংলাদেশকে শীর্ষ ১০০টি দেশের মধ্যে আনার লক্ষ্য ঠিক করেছে। কিন্তু আমরা উল্টো এক ধাপ পিছিয়ে গেলাম। এখানে সমস্যাটা কোথায়?
মাশরুর রিয়াজ: ডুয়িং বিজনেস র্যাঙ্কিংয়ের একটি বৈশিষ্ট্য হলো অন্য অর্থনীতি বা দেশের তুলনায় আপনি কতটা ভালো করার চেষ্টা করছেন, সেটার ভিত্তিতে একটি দেশের অবস্থান নির্ধারিত হয়। ২০১৬ সালের জুলাই থেকে গত মে পর্যন্ত বাংলাদেশে ব্যবসায় পরিবেশের বড় কোনো সংস্কার হয়নি, যা ডুয়িং বিজনেস পদ্ধতি দ্বারা স্বীকৃত। এ ছাড়া অন্য অর্থনীতিগুলো আমাদের চেয়ে ভালো করেছে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের উদ্যোগে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ২০২১ সালের মধ্যে এই র্যাঙ্কিংয়ে উন্নতির যে লক্ষ্য নির্ধারণ করেছে, সেটা খুবই ইতিবাচক বিষয়। কারণ, দীর্ঘমেয়াদি লক্ষ্য ছাড়া এই সূচকে উন্নতি করা কঠিন। তবে বাংলাদেশ এ সিদ্ধান্ত নেয় গত বছরের নভেম্বরে। এরপর সংস্কার কার্যক্রম শুরুর জন্য প্রস্তুতিমূলক কাজ করা হচ্ছে। বিশ্বব্যাংকের সহায়তায় ‘ডুয়িং বিজনেস রিফর্ম মেমোরেন্ডাম’ তৈরি করা হয়েছে। বিডার নেতৃত্বে ২৫-২৬টি মন্ত্রণালয় ও সরকারি বিভাগ গত এপ্রিল থেকে এই লক্ষ্যমাত্রা প্রণয়নের কাজ শুরু করে, যা চলেছে আগস্ট-সেপ্টেম্বর পর্যন্ত। মন্ত্রিপরিষদ সচিবের নেতৃত্বে ডুয়িং বিজনেস সংস্কারবিষয়ক একটি আন্তমন্ত্রণালয় কমিটি গঠন করা হয়েছে। এসব প্রস্তুতি নিতে গিয়ে সংস্কার বাস্তবায়নের কাজ যথাসময়ে শুরু করা যায়নি। এ জন্য ২০১৮ সালের প্রতিবেদনে বাংলাদেশের অবস্থানের খুব একটা উন্নতি হয়নি। তবে এসব সংস্কার কার্যক্রম বাস্তবায়িত হলে আগামী বছর বাংলাদেশের অবস্থানের উন্নতির যথেষ্ট সুযোগ আছে।
প্রথম আলো: প্রতিবেদনের ১০টি সূচকের মধ্যে ৫টিতে বাংলাদেশের অবস্থানের অবনতি হয়েছে। সংস্কারের প্রক্রিয়া শুরু করার পর এমনটি হওয়ার কারণ কী?
মাশরুর রিয়াজ: আগেই বলেছি সংস্কারের প্রক্রিয়া শুরু হয়েছে, কিন্তু তা এখনো বাস্তবায়িত হয়নি। আবার অনেক সময় নেতিবাচক সংস্কার হতে পারে। যেমন ব্যবসা শুরু করার সূচকে তাই হয়েছে। এই সূচকে নয় ধাপ অবনতির কারণ হলো ব্যবসা নিবন্ধনের খরচ এ বছর বাড়িয়ে দেওয়া হয়েছে। আবার ছোট ব্যবসায়ীদের স্বার্থরক্ষা সূচকে বাংলাদেশের চেয়ে অন্য দেশগুলো বেশি ভালো করায় ছয় ধাপ অবনতি হয়েছে।
প্রথম আলো: দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান শুধু আফগানিস্তানের ওপরে। এটা একজন বিনিয়োগকারীর কাছে কী বার্তা দেয়?
মাশরুর রিয়াজ: ২০১৫ সালে এই সূচকে ভারতের অবস্থান ছিল ১৪২। নরেন্দ্র মোদির সরকার ক্ষমতায় আসার পর বিশ্বব্যাংকের কারিগরি সহযোগিতায় এ বিষয়ে অবস্থান উন্নয়নের উদ্যোগ নেয়। ভারত এবার এই সূচকে ৩০ ধাপ এগিয়েছে। এটা দেশটিতে ব্যবসা করার পরিবেশের যে উন্নতি হচ্ছে তার প্রতিফলন। এভাবে উন্নতি হলে একটা দেশের ওপর বিনিয়োগকারীদের আস্থা অনেক বেড়ে যায়। বাংলাদেশ দীর্ঘদিন সহজে ব্যবসা করার সূচকে নিচের দিকে থাকলে বিনিয়োগকারীদের কাছে একটা ভুল বার্তা যাবে। তবে র্যাঙ্কিংয়ের চেয়েও বড় বিষয় হলো একটি দেশ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে কতটুকু সচেষ্ট। বাংলাদেশ সংস্কার কার্যক্রম বাস্তবায়নে আন্তরিক, এই ইতিবাচক বার্তা বিনিয়োগকারীদের কাছে পৌঁছাতে হবে।
প্রথম আলো: এই সূচকে উন্নতির জন্য কোন কোন বিষয়ে বাংলাদেশের বেশি গুরুত্ব দেওয়া উচিত?
মাশরুর রিয়াজ: তিনটি বিষয়ে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে হবে। প্রথমত, আইন বিভাগ, নিয়ন্ত্রক সংস্থা ও প্রাতিষ্ঠানিক কাঠামোর ধারাবাহিক পদ্ধতিগত উন্নয়ন করে যেতে হবে। দ্বিতীয়ত, সংস্কার কার্যক্রমের বাস্তবায়ন খুবই সুনির্দিষ্ট লক্ষ্যভিত্তিক হতে হবে। কারণ, বিনিয়োগ পরিবেশের উন্নয়ন খুবই বিস্তৃত একটা বিষয়। বিনিয়োগকারী ও ব্যবসায়ীরা কোন বিষয়ে বেশি সমস্যায় পড়ছেন সেগুলো সমাধানে বেশি গুরুত্ব দিতে হবে। তৃতীয়ত, মাঠপর্যায়ে সুপারিশ বাস্তবায়নে ভালো সমন্বয় ও যোগাযোগ থাকতে হবে। সরকারের সর্বোচ্চ পর্যায় থেকে সংস্কার প্রক্রিয়া এগিয়ে নিতে যথেষ্ট আন্তরিকতা দেখা যাচ্ছে। কিন্তু মূল কাজটি মাঠপর্যায়ের প্রতিষ্ঠানগুলোকেই বাস্তবায়ন করতে হবে। এটা যদি না হয়, তাহলে দেখা যাবে সমস্যা চিহ্নিত হয়েছে, সমাধানের উপায় নির্ধারণ করা হয়েছে, কিন্তু বাস্তবায়নে আটকে গেছে। এ ক্ষেত্রে সময় খুব বেশি নেই। আগামী বছর বাংলাদেশের অবস্থান নির্ধারিত হবে ৩০ এপ্রিলের মধ্যে বাস্তবায়িত হওয়া সংস্কারের ভিত্তিতে। এত দিন মে মাস পর্যন্ত সময় পাওয়া যেত।
প্রথম আলো: মূসক আইনের মতো বড় ধরনের আর্থিক সংস্কারের কাজ এ অর্থবছরেও সরকার করতে পারল না। সংস্কার না হলে বাংলাদেশের অবস্থার উন্নতি হবে কী করে?
মাশরুর রিয়াজ: ডুয়িং বিজনেসে কর দেওয়া সূচকে এই মুহূর্তে বাংলাদেশের অবস্থান ১৫২। এ ধরনের বৃহত্তর সংস্কার শুধু ডুয়িং বিজনেসেই নয়, অর্থনীতির প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে বড় ভূমিকা রাখে। রপ্তানির বহুমুখীকরণ, কর্মসংস্থান, বিনিয়োগের সঙ্গে অর্থনৈতিক প্রবৃদ্ধি বাড়াতে হলে বাংলাদেশকে আন্তর্জাতিক বাজারে যেতে হবে। বাংলাদেশের রপ্তানি আয়ের পরিমাণ যথেষ্ট নয়। এটা বাড়াতে হলে যে সক্ষমতা প্রয়োজন, তা অর্জন করতে বৃহত্তর অর্থনৈতিক সংস্কার প্রয়োজন।