সময়ের প্রয়োজনে নতুন নতুন অনেক সেবা চালু হবে

করোনায় বিষময় হয়ে ওঠা ২০২০ বিদায় নিল। ২০২১-এর দিন গণনা শুরু আজ থেকে। করোনা মানুষের স্বাস্থ্যের ক্ষতির পাশাপাশি বড় ক্ষতি করেছে অর্থনীতির। বড় ধাক্কা কাটিয়ে নতুন বছরে কি ঘুরে দাঁড়াতে পারবে ব্যবসা-বাণিজ্য ও অর্থনীতি? তথ্যপ্রযুক্তিনির্ভরতা কি আরও বাড়বে? এসব নিয়ে কথা বলেছেন ব্যাংকার এ বি এম সাদি।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এ বি এম সাদি

আগে গ্রাহকেরা অনলাইন ও ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করতে একরকম ভয় পেত। নিরাপত্তাহীনতার পাশাপাশি মাশুল কত কাটবে, এ নিয়ে দ্বিধায় ছিল। এখন সে ভয় কেটে গেছে। ভবিষ্যতে এ ধরনের সেবার ব্যবহার বাড়বে বলা যায়।

এখন নতুন নতুন প্রযুক্তি আসছে। কোনো কোনো ব্যাংক পয়েন্ট অব সেলসের পরিবর্তে কিউআর কোডে লেনদেন চালু করেছে। আবার নেয়ার ফিল্ড কমিউনিকেশন (এনএফসি) লেনদেনও চালু হচ্ছে। মোবাইলে কার্ড থাকবে, তা দিয়ে লেনদেন করা যাবে, এমন সুবিধাও আসছে। তখন গ্রাহককে কার্ড সঙ্গে নিয়ে ঘুরতে হবে না। বিশ্বের অনেক দেশে এসব প্রযুক্তি ব্যবহৃত হচ্ছে। প্রযুক্তি যেভাবে এগোচ্ছে, তাতে এসব সেবার ব্যবহার খুব দ্রুত বাড়বে। তাই সামনে অনলাইন ব্যাংকিং বিস্তৃত হওয়ার সময়। কারণ, অনলাইন লেনদেনের সব তথ্য বেশি সুরক্ষিত থাকে। তাই সময়ের প্রয়োজনে দেশে অনলাইনভিত্তিক নতুন নতুন সেবা চালু হবে।

বিদায়ী বছরে অনলাইন ও এটিএমে যে পরিমাণ লেনদেন হয়েছে, তা আগে কখনো হয়নি। এবারে করোনার মধ্যে গ্রাহকদের সেবা পৌঁছে দিতে প্রতিটি ব্যাংকই নতুন নতুন ডিজিটাল সেবা চালু করেছে। এ জন্য ব্যাংকগুলোকে নতুন বিনিয়োগ করতে হয়েছে।

আমাদের ব্যাংকে আগে অনলাইনে যে পরিমাণ লেনদেন হতো, এখন তা দ্বিগুণ হয়েছে। করোনার মধ্যে আমরা গ্রাহকদের ঘরে থেকে সেবা নেওয়ার জন্য উৎসাহিত করেছি।

করোনার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে অন্য ব্যাংকে টাকা স্থানান্তর সুবিধা। সব ব্যাংকেই এখন এই সুবিধা মিলছে। এ ছাড়া ব্যাংক থেকে বিকাশে টাকা পাঠানো ও অনলাইন কেনাকাটাও আগের চেয়ে বেড়েছে। ব্যাংক এখন গ্রাহকের চাহিদা অনুযায়ী সেবা চালু করে। এসব সেবা নিশ্চিতে প্রযুক্তিগত অবকাঠামোও উন্নয়ন করা হচ্ছে।

যমুনা ব্যাংক ভারতের টাটা থেকে কোর ব্যাংকিং সফটওয়্যার আনছে। এর মাধ্যমে আমরা ইন্টারনেট ব্যাংকিং সুবিধা চালু করব। আমরা অ্যাপস দিয়ে লেনদেনের জন্য আলাদা পোর্টাল করেছি। ফলে ছোট-বড় শিল্পপ্রতিষ্ঠানগুলো তাৎক্ষণিকভাবে টাকা পাঠাতে পারবে (আরটিজিএসের মাধ্যমে)।


এ বি এম সাদি: প্রধান, অলটারনেটিভ ডেলিভারি চ্যানেল, যমুনা ব্যাংক